সেনাপতি — ন্যায় ও সাহসিকতার এক অনুপ্রেরণামূলক গল্প

ছেঁড়া জামার নিচে লুকানো রডের টুকরো, পেছনে দাঁড়ানো বউ-সন্তান হাতে লাঠি নিয়ে — এক দরিদ্র দিনমজুর যখন অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়ায়, তখনই জন্ম নেয় এক “সেনাপতি”র গল্প। ন্যায়, সাহস আর বিশ্বাসের এক অবিস্মরণীয় ন্যায়বিচারের গল্প পড়ুন কবি কালাম আজাদের কলমে।

সেনাপতি — গল্পের সারসংক্ষেপ

📖 গল্পের ঝলক

দরিদ্র দিনমজুর দলিল রমজানের রোজা অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় ভুলবশত রোজা ভেঙে ফেলে। প্রতিহিংসাপরায়ণ চাচাতো ভাই আজিমউদ্দিন এই সুযোগে দলভারী করে দলিলকে গ্রামছাড়া করার চেষ্টা করে। কিন্তু দলিল সাহসের সাথে পরিবার নিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং ঈদের দিন ঈদগাহে বিচারসভায় প্রবীণ আলেমের রায়ে ন্যায্যতা প্রমাণিত হয়। তিরিশ বছর পর সেই দলিলই হয়ে ওঠেন দেশের শ্রেষ্ঠতম চেয়ারম্যান, আর তার সততা ও সরলতা তাকে এলাকাবাসীর কাছে করে তোলে চিরস্মরণীয় “সেনাপতি”।

দলিল নিরীহ দিনমজুর। বাপের অবস্থা মন্দ ছিল না। কিন্তু দীর্ঘদিন যক্ষ্মায় ভুগে সব হারিয়ে যখন মারা গেল তখন ছেলেটা পড়ল অথই সাগরে। কতই-বা বয়স—পড়ে তখন ক্লাস সেভেনে। ছোটো একখানা ভিটার পাশের লাউ-কুমড়া শিম-কলা বিক্রি করে মা-ছেলের বাঁচাই দায়। পড়া আর হলো না। চাচাত ভাই আজিম – অবস্থাসম্পন্ন হলেও দলিলের প্রতি তাকায়নি কখনও ।

মা যদ্দিন ছিল দলিল ভালোই ছিল। মা ছেলেতে বাড়ির আঙিনা চষতো দিনরাত। কাঁচা মরিচ, বেগুন, এটা-সেটার যত্ন করতো। সোম-শুক্রবারে বাজারে বেচতো তাদের ফলানো ফল-ফসল। মা সুতিকা রোগী, ধুঁকে ধুঁকে মরো মরো অবস্থায় তারই গরিব ভাইঝি আমিনাকে বউ করে আনলো। তার যে আর রান্না করে ছেলেকে দুমুঠো ভাত খেতে দেবে সে শক্তিও নাই। বউটি কিশোরী, বড়োই সুন্দরী।

দুই নাতির মুখ দেখে মুমিনা মারা গেল। দলিল আর আমিনার বাড়ি চষে বাঁচার উপায় আর নেই। চার মুখের খাবার জোগাতে দলিল দিনমজুরি শুরু করল।

আজিমের ইজ্জতে যেন হাতুড়ির আঘাত পড়ল। প্রথমে সে দলিলের ভিটেবাড়ি কিনে তাকে দেশান্তরী করার চেষ্টা করল। ব্যর্থ হয়ে ভিন্নপথ খুঁজতে হন্যে হয়ে উঠল।

রোজার দিন। বৈশাখি দীর্ঘ রোজা। ১৩ রোজার সেহরি খেতে পারেনি দলিল। বউ সুস্থ ছিল না। ফজরের আজান হলে ঘুম ভেঙে দুজনেই হাহাকার করল। দলিল তারপরও রাজমিস্ত্রির জোগালির কাজে গেল খাঁবাড়িতে। দুপুরের দিকে পারলো না মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। মিস্ত্রি বলল, আজ আর পারবি না বাড়িতে চলে যা। দলিল নিরুপায় দৃষ্টিতে তাকালো মিস্ত্রির দিকে। মিস্ত্রি বুঝলো পারিশ্রমিক ছাড়া হয়ত রাতের চালও জোগাড় হবে না দলিলের। কুড়ি টাকা দলিলকে দিয়ে বলল, যা রেস্ট কর, সুস্থ হয়ে কাজ করিস।

দলিল টলতে টলতে বাড়িতে এলো। উন্দালের অন্ধকারে আমিনা চারটা ভাত নিয়ে খাচ্ছিল। দলিল গিয়ে তার পাতে হাত দিলো।

আমিনা বলে, আমার তো রেয়াতের সময়, তুমি রোজা ভাঙলে যে। দুটি গ্রাস মুখে দিয়েছিল। বলল, পারছি নারে। পড়ে গিয়েছিলাম মাথা ঘুরে। সামান্যই শাক-ভাত একই পাতে দুজনে খাচ্ছে। বাঁশের দরজা ঠেলে উঁকি মারল আজিমের বউ ।

ও-মা বলেই দরজা টেনে বন্ধ করে সে চলে গেল।

১৫ রোজার ইফতারের আগে আগে ৩০/৪০ জনের এক বাহিনী আজিমউদ্দিনের নেতৃত্বে ঘেরাও করল দলিলের বাড়ি।

বেরোজা বেইমানকে মহল্লায় রাখা যাবে না। আল্লাহর গজব পড়বে! মজুরি থেকে ফিরে ক্লান্ত দলিল জিরাচ্ছিল। আজিমবাহিনীকে দেখলো। একটা দা হাতে নিলো। বউকে আর ৬ বছরের ছেলেকে বলল লাঠি নিয়ে তোমরা আমার পিছনে থাকো!

বাহিনী থেকে গালাগালি চিৎকার আর সম্মুখ যুদ্ধের আহ্বান আসছিল। দলিল বের হলো। উঠোনে দাঁড়িয়ে অকল্পনীয় ভয় জাগানো স্বরে বলল, এক পাও এগুবে না কেউ। আল্লাহর কসম জানে বাঁচতে চাইলে চলে যাও। দলিলের আওয়াজে এমন কিছু ছিল যাতে বিচলিত হলো আজিমবাহিনী।

হল্লা চিৎকারের মধ্যেই ইমাম সাহেব এসে উঠোনে দাঁড়ালেন। লাঠি হাতে দলিলের বউকে দেখে বললেন, আপনি ভেতরে যান মা। কঞ্চি হাতে দলিলের ছেলে অলিদকে গালে আদর করে বললেন, ঘরে যাও সোনা। ইমাম সাহেব আজিমবাহিনীকে বললেন, রোজা ভাঙা নিয়ে তোমাদের যে অভিযোগ সেটার বিচার তো এভাবে হতে পারে না।

হ্যাঁ, এর বিচার তো হবেই। দ্বীনি বিচার এটি, আলিমরাই এর বিচার করবেন। ইফতারের বাকি মাত্র ১০/১৫ মিনিট। এখন কি লাঠিসোঁটা দিয়ে এই বিচার হতে পারে।

ঈদের নামাজের পর আমরা মহল্লাবাসী সব কথা শুনে এর বিচার করব। দলিলকে পাঁচের বাদ করতে হবে এই দাবিতে সোচ্চার বাহিনী শেষ পর্যন্ত গেল।

ইফতারের সময় সমাসন্ন দেখে ইমাম সাহেব বললেন, ইফতার আনো দলিল, তোমার সঙ্গে ইফতার করেই যাই। ইমাম জীবনে প্রথমবার এমন মজার ইফতারি খেলেন।

দুমুটো ভাতের সঙ্গে পাটের শাক, কয়েক টুকরো শশা এ-ই ইফতারি। ইমাম সাহেব পরে বহুবার বলেছেন এত স্বাদের ইফতারি তিনি আর খাননি কখনও।

গোধূলিবেলায় মসজিদের মিনার - সেনাপতি গল্প
ইফতারের সময় ঘনিয়ে আসছে, গ্রামের মসজিদে আজানের অপেক্ষা। ছবি প্রতীকী।

ঈদের জামাত শুরু হবে, আজিমউদ্দিন বলল, একজন বেরোজাদারকে নিয়ে জামাত পড়বেন? ওর বিচার করে কিংবা পাঁচের বাদ করে নামাজ পড়লে ভালো হতো। কেউ-ই তার কথার সায় দিলো না। কারণ, রোদ তাঁতিয়ে উঠলে ঈদগাহে নামাজ পড়া কষ্টকর হয়ে যাবে।

ঈদের জামাতে মুসল্লিদের ঢল - সেনাপতি গল্প
ঈদের জামাত শেষেই বসে বিচারসভা। ছবি প্রতীকী। Photo by Chattrapal (Shitij) Singh.

নামাজ শেষে ঈদগাহে-ই শুরু হলো বিচারসভা। বাচ্চারাও কেউ ঈদগাহ ছাড়লো না। কারণ তারা জানে রোজা যারা ভাঙে বা রাখে না তাদের গলায় জুতোর মালা দিয়ে ঈদগাহে সাত চক্কর ঘুরতে হয়। তখন সবাই মিলে মজা করে, গালাগালি করে । অতি উৎসাহীরা থুথুও ছুঁড়ে ওদের ওপর।

আজিমউদ্দিনের অভিযোগ, ১৩ রোজায় তার বউ দলিল দম্পতিকে মউজ করে দুপুরবেলায় খেতে দেখেছে।

দলিল জানালো রাতে সেহরিও খাওয়া হয়নি তার, মজুরি কাজে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ঘরে এসে দেখে তার বউ, মেয়েদের জন্য রোজা নিষিদ্ধ সময় হিসেবে ভাত খাচ্ছে। প্রায় অচেতন অবস্থায় তা দেখে বউয়ের পাতে ভাত খায়।

দলিল যখন জবাব দিতে দাঁড়িয়েছে তার ছেঁড়া জামার ভেতর থেকে এক টুকরা লম্বা কাটা রড ঝপাৎ করে পড়লো। সবাই হতবাক!

মুরুব্বিরা বললেন, এটা কী, কেন এনেছো?

জবাবে দলিল বলে, এটা এনেছি যদি আমার ওপর অন্যায় রায় হয়, তা মোকাবিলা করার জন্য। সে নিকটবর্তী ঝোপের দিকে চোখ রেখে বলল, আমার বউ আর বাচ্চা দুটিও লাঠি নিয়ে ওখানে আছে। আমরা আজ শহীদ হতে প্রস্তুত হয়ে এসেছি।

কয়েকজন লাফিয়ে উঠেছিল আজিমের নেতৃত্বে। মুরুব্বিরা থামালেন।

ইমাম সাহেবের পিতা অশীতিপর বৃদ্ধ সর্বজন শ্রদ্ধেয় আলেম, পাশের গ্রাম থেকে তিনি ঈদগাহে এসেছেন। তাঁকে একটা চেয়ারে বসানো হয়েছে। তিনি অনুচ্চস্বরে বললেন, ছেলেটি ১৩ রমজানের পরের রাতে আমাকে তাঁর রোজা ভাঙার বিষয় বলেছে। আমি তার কথা শুনে তাকে কাজা একটি রোজা করার জন্য বলেছি। তিনি রোজার আয়াত পাঠ করলেন। অর্থ বললেন আর বিশেষভাবে জানালেন মুসাফির ও পীড়িতের রোজার বিধান ১। কথাগুলি জোর দিয়ে বুঝিয়ে দিলেন তিনি। তিনি আরও বললেন, এ ছেলেটি সত্যিকারের ইমানদার তা তিনি বিশ্বাস করেন। বললেন, আমি তনজ্জ্বল মানুষ, এখন যাই। তবে বলে যাই এ ছেলেটি বড়ো সাহসি ইমানদার, গ্রামবাসীর সামনে দাঁড়াতে জানে বউ বাচ্চার হাতে লাঠি দিয়ে।

ঈদের জামাতে রডের টুকরো নিয়ে আসে অন্যায় ঠেকাতে। ও একজন সেনাপতি, ন্যায়ের অধিকারের পক্ষের সেনাপতি। আমি তাঁর জন্য দোয়া করে গেলাম। আপনারা আপনাদের বিচার করুন। আসসালামু আলাইকুম । আজিমউদ্দিন লাফাতে চাইছিল। কেউই তাকে সমর্থন করল না। সকলেই বলল এই ব্যাটা তারাবি পড়ে না একদিনও। শুক্রবার আর ঈদের নামাজই তার নামাজ। বিচার হলে ওরই হওয়া দরকার।

আনুষ্ঠানিক রায় ঘোষণার আগেই আজিমউদ্দিন উধাও হয়ে গেলো।

ইমাম সাহেব বললেন, আব্বা হুজুর যা বলে গেছেন আপনারা কি তাতে একমত? সবাই বলল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 

৩০ বছর পর সুন্দরনগরের চেয়ারম্যান দলিলউদ্দিন সাহেবকে সংবর্ধনা দিচ্ছেন সারা থানার জনপ্রতিনিধিরা আর ইউনিয়নের অগণিত মানুষ। কেন? দলিলউদ্দিন সরকারিভাবে দেশের শ্রেষ্ঠতম চেয়ারম্যান হয়েছেন। অ্যাওয়ার্ড দিয়েছেন রাষ্ট্রপতি। এলাকাবাসী এই গৌরব উদযাপন করছেন। কয়েকশত প্রতিষ্ঠান ফুলের তোড়া আর ক্রেস্ট দিচ্ছে তাঁকে। দলিলউদ্দিন সেটি গ্রহণ করে তার সহকারী আজিমউদ্দিনের হাতে দিলে সে তা সাজিয়ে রাখছে মঞ্চের পেছনে।

জনতার সামনে বক্তব্য রাখছেন চেয়ারম্যান দলিলউদ্দিন - সেনাপতি গল্প
তিরিশ বছর পর এলাকাবাসীর সংবর্ধনায় দলিলউদ্দিন। ছবি প্রতীকী।

এক বুড়ো বললেন, ‘সেনাপতি’ বলেছিলেন হজরত মওলানা করণী সাহেব। আমি বলছি দলিলউদ্দিন আমাদের বাদশাহ আলমগীর। ২

আলমগীর কেন? তাঁর দুটি ছেলে অলিদ আর খালিদ লন্ডনে সুশিক্ষিত আর প্রতিষ্ঠিত হলেও দলিলউদ্দিন সেই সাদাসিধা প্রতীকী আলমগীর হয়েই আছেন!

গল্প থেকে শিক্ষা

“সেনাপতি” আমাদের শেখায়, প্রকৃত ধর্মভীরুতা মানে শুধু নিয়ম পালন করা নয়, বরং পরিস্থিতি বুঝে ন্যায্য সিদ্ধান্ত নেওয়ার জ্ঞানও এর অন্তর্ভুক্ত। দলিলের রোজা ভাঙা ছিল অসুস্থতাজনিত বাধ্যবাধকতা, ইচ্ছাকৃত অবহেলা নয় — আর প্রবীণ আলেমের ন্যায্য বিচারই তা প্রমাণ করে দেয়।

গল্পটি আরও দেখায়, সাহস আর আত্মমর্যাদা দারিদ্র্যের মধ্যেও বেঁচে থাকতে পারে। দলিল ভয় না পেয়ে বরং নিজের পরিবারসহ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যা তাকে একজন প্রকৃত “সেনাপতি”তে পরিণত করে — শক্তি দিয়ে নয়, বরং ন্যায়ের প্রতি দৃঢ় বিশ্বাস দিয়ে।

ইমাম সাহেবের পিতার ভূমিকা আমাদের শেখায় প্রকৃত ধর্মীয় নেতৃত্বের গুরুত্ব। তিনি উত্তেজিত জনতার মাঝে শান্ত, জ্ঞানভিত্তিক বিচার উপস্থাপন করে প্রমাণ করেন, ইসলামি বিধান করুণা আর বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ, নিষ্ঠুরতার সাথে নয়।

সবশেষে, “সেনাপতি” আমাদের মনে করিয়ে দেয় — সততা ও ন্যায়ের পথে অবিচল থাকলে জীবনের যেকোনো প্রতিকূলতা পেরিয়ে একদিন সম্মান আর স্বীকৃতি আসবেই। দলিলের দরিদ্র জীবন থেকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়ে ওঠার যাত্রাই তার প্রমাণ।

শেষ কথা

“সেনাপতি” আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত বীরত্ব অস্ত্রে নয়, বরং সত্য আর ন্যায়ের প্রতি অবিচল বিশ্বাসে নিহিত। দলিলউদ্দিনের জীবনযাত্রা প্রমাণ করে, দারিদ্র্য আর প্রতিকূলতা কখনো একজন মানুষের সততা আর মর্যাদাকে দমিয়ে রাখতে পারে না। এই গল্প পাঠকের হৃদয়ে সাহস আর ন্যায়ের এক নতুন আলো জ্বালিয়ে দেবে বলে আশা করি। কালাম আজাদের কলমে লেখা এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পড়তে উপরের নেভিগেশন থেকে ঘুরে আসতে পারেন।

তথ্যসূত্র ও বহিঃগমন সংযোগ

  • পবিত্র কুরআন, সূরা আল-বাকারা, ২:১৮৪–১৮৫ — অসুস্থ বা সফররত ব্যক্তির জন্য রোজা পরে পূরণ করার বিধান। সফরে রোজা রাখা বা না রাখার বিষয়ে সহিহ মুসলিম ১১১৭-এও বর্ণনা রয়েছে। কুরআন ২:১৮৪–১৮৫ | সহিহ মুসলিম ১১১৭ ↑
  • বাদশাহ আলমগীর — মুঘল সম্রাট আওরঙ্গজেব (১৬৫৮–১৭০৭), যিনি ‘আলমগীর’ উপাধিতে পরিচিত ছিলেন। Encyclopaedia Britannica — Aurangzeb ↑

প্রিয় পাঠক-পাঠিকা, কবি কালাম আজাদের শিক্ষামূলক গল্প “সেনাপতি” পড়ে ভালো লাগলে আপনার বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। হয়তো গল্পটির বার্তা কারও মনে নতুন করে সাহস ও মানবিকতার আলো জ্বালাবে। 

Leave a Reply