একটি ভুল বোঝাবুঝি, একটি অপমান — যা একজনের জীবনের গতিপথ পুরোপুরি বদলে দেয়। কিন্তু নিয়তি কি কখনো সেই পুরনো ভুলের প্রায়শ্চিত্তের সুযোগ করে দেয়? “সন্ধি” এমনই এক আশ্চর্য চক্রের গল্প, যেখানে অপমান শেষ পর্যন্ত রূপ নেয় ক্ষমা আর মিলনে।

সন্ধি — গল্পের সারসংক্ষেপ
কলেজে ভুল বোঝাবুঝির কারণে সারাহর হাতে প্রকাশ্যে অপমানিত হয়ে সিলেট ছেড়ে ঢাকায় চলে যায় মাহবুব। ফুটপাতে ব্যবসা করতে করতে এক মহাজনের নজরে পড়ে, যিনি নিজের মেয়ে রাজিয়ার সঙ্গে তার বিয়ে দেন। বছরের পর বছর পরিশ্রমে মাহবুব প্রতিষ্ঠিত হন। বহু বছর পর নিজের ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে মাহবুব জানতে পারেন, প্রস্তাবিত পাত্রীর মা আর কেউ নন, সেই সারাহ — যিনি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। এক অপমানের শুরু হওয়া গল্প শেষ হয় প্রায়শ্চিত্ত আর দুই পরিবারের আত্মিক মিলনে।
সারাহ ক্লাসের চৌকস সুন্দরী ছাত্রী। কলেজের করিডোরে চঞ্চল হরিণীর মতো তার হাঁটাচলা। ক্লাসমেট এবং কলেজমেটদের মধ্যে তার নীরব অনুরাগীর অভাব নেই। এটাই স্বাভাবিক। কিন্তু একটি ছোটো বিষয়ে সে ধৈর্য হারালো। জনাকীর্ণ কলেজ করিডোরে স্যান্ডেল ছুঁড়ে মারলো মাহবুবের ওপর।
মাহবুব কিছুই জানে না। কেন এটা ঘটলো। সপ্তাহকালের মধ্যে মাহবুব কলেজ ছাড়লো। আঘাত-অপমানটা কেন তাকে করা হলো মাহবুব তা জানে না। তবে সিলেট ছেড়ে জগন্নাথ কলেজে ভর্তি হলো। ঢাকায় পড়াশোনার সামর্থ্য ছিল না। সুতরাং কাটা কাপড় নিয়ে জিপিও-র সামনে, ফুটপাতে বসে। বি কম পাস করেছে মাহবুব। তার কাপড়ের মহাজন মাহবুবকে খুব পছন্দ করেন। মাহবুব মাস্টার্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ব্যবসা বন্ধ করে। খোঁজ নিলেন জমশেদ শেখ। আশ্চর্য তার মেসে এসেও তাকে দেখে গেলেন – কোনও সাহায্য দরকার হলে জানাতে বললেন। পরীক্ষার জন্য উৎসাহও দিলেন যেতে যেতে তার পড়ার টেবিলে একটা খামও রেখে এলেন – এটা কাজে লাগাবে বাবা!
মাহবুব বিস্মিত হয়, লোকটা কেন এমন করছে সে বোঝে না।
পরীক্ষা শেষ হয়েছে। মাহবুব জমশেদ শেখের বাসায় গেল। চকবাজারের ছোটো আড়তের বড়ো মহাজনের প্রাসাদোপম বাড়িতে সে ঢুকে দ্বিধা ভরে। জমশেদ শেখ বড়ো খুশি হলেন। বেগম সাহেবা আর মেয়ে দুজনকে ডেকে আনলেন। প্রাথমিক পরিচয় শেষ করেই বললেন, বাবা, আমি আমার মেয়ে রাজিয়াকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। তুমি তো তাকে দেখলে। যদি পছন্দ হয় তোমার মা-বাবাকে জানাও।
রাজিয়া অপূর্ব সুন্দরী, বি এ পরীক্ষা দিয়েছে। মাহবুব সিদ্ধান্ত নিয়ে নেয় সঙ্গে-সঙ্গেই। সিলেটের সঙ্গে তার সম্পর্ক চুকে গেছে সারার স্যান্ডেলাঘাতে। বাপ তো নেই। মা যে কাউকে বিয়ে করার খবর পেলেই খুশি হবেন।
মাহবুব তার সিদ্ধান্ত জানালে তার বিয়ে হলো রাজিয়া সুলতানার সঙ্গে। এক মাসের মধ্যে মেয়ের বাবা মেয়েজামাইয়ের জন্য একটা ফ্ল্যাটও দিলেন রেজিস্ট্রি দলিল করে।
সময়ে মাহবুব জমশেদ শেখের বিজনেস সাম্রাজ্যের জেনারেল ম্যানেজার হয়। কার্যত সর্বেসর্বা মালিক। শ্যালিকা আর তার পরিবারকে মাসোহারা দিতে হয়— শ্বশুরের অসিয়ত অনুযায়ী।
মাহবুব রাজিয়া দম্পতির একমাত্র পুত্র জাহাঙ্গীর আলম আমেরিকা যাবে উচ্চ শিক্ষার জন্য। সে তার মাকে জানায় একটা পরিচিত মেয়ে তার খুব পছন্দের। যদি একটা সিদ্ধান্ত নিয়ে সে ইউএসএ-তে যায় তাহলে তার পিছুটান থাকবে না।
রাজিয়া হাসেন। এই কথা আগে বলিসনি কেন? দে, মেয়েটার নাম ঠিকানা..
সেদিনই বিকেলে মাহবুব সাহেব নাজমুল সাহেবের ইস্কাটনের বাসায় গেলেন। নাজমুল দম্পতিকে ভূমিকা ছাড়াই নওরিনকে তার ছেলের জন্য প্রার্থনা করলেন।
মিসেস সারাহ জিজ্ঞেস করলেন, আপনার দেশের বাড়ি কোথায়? মাহবুব বললেন, সিলেটের বরইকান্দি গ্রামে।
ভাঁজ পড়লো সারাহর কপালে। একটু থমকে থেকে বললেন, রায়নগরের সারাহ চৌধুরীকে আপনার হয়ত মনে নেই। ক্লাসের মাহবুব চৌধুরী আমাকে চিঠি দিয়েছিল। আমি অপমানিত হয়েছিলাম। এক মাহবুবকে শিক্ষা দিতে গিয়ে এক বান্ধবীর ভুল নির্দেশে অন্য মাহবুবকে আঘাত করেছিলাম।
বুক জ্বলছিল মাহবুবের। বললেন, থাক এসব কথা। আমি আসি তাহলে। না, মাহবুব সাহেব যাবেন না, আপনি বসছেন এখানে কিছুক্ষণ। আমরা, নাজমুল আর আমি আপনার সঙ্গেই আপনার বাসায় যাবো। নওরিন আপনার পুত্রবধূ হবেই। তবে আপনার প্রস্তাবে নয়, আমরা যাচনা করে আপনার বাসায় আনুষ্ঠানিকভাবে মেয়েটিকে দিয়ে আসবো।
সন্ধ্যায় যখন ছেলের বাড়িতে মেয়েপক্ষ বিয়ের আনুষ্ঠানিক আলাপ শুরু করলেন কনেপক্ষ ১০০১ টাকা মোহরানা দাবি করলেন। না, আর কিছু না। একটি অন্যায়, অপমান আর আঘাতের বিনিময়ে তিনি তার সর্বস্ব মেয়ের সঙ্গে দিতে প্রস্তুত। কারণ নওরিনই তাদের একমাত্র সন্তান।
হ্যাঁ, জাহাঙ্গীরের তরফে ১০০ ভরি স্বর্ণ উপহার দেওয়া হলো নওরিনকে আর কাবিননামায় মোহরানা ১০০১ টাকা। কারণ সারাহ তার ভুলের মূল্য হিসাবে মেয়ের মোহরানা শরিয়ত মোতাবেক সর্বনিম্ন রাখলেন।
উইল করে তো তারা নওরিনকে তাদের একমাত্র উত্তরাধিকারী করে রেখেছেনই। মাহবুব ভাবলেন তার ৩০ বছরের বুকের চিনচিনে ব্যথাটা উধাও হলো চিরতরে।
গল্প থেকে শিক্ষা
“সন্ধি” গল্পটি আমাদের শেখায়, জীবনের প্রতিটি ঘটনা, এমনকি সবচেয়ে কষ্টদায়ক অভিজ্ঞতাও, কখনো কখনো নতুন এক পথের সূচনা করে দেয়। মাহবুবের জীবনে ঘটে যাওয়া অপমান তাকে ভেঙে না দিয়ে বরং নতুন এক জীবনের দিকে ঠেলে দিয়েছিল, যেখানে সে নিজের পরিশ্রম আর যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠা পেয়েছিল।
গল্পটি আরও শেখায়, ভুল বোঝাবুঝির পরিণতি কতটা সুদূরপ্রসারী হতে পারে। একটি সাধারণ ভুল ধারণা থেকে জন্ম নেওয়া একটি ঘটনা কীভাবে দুটি মানুষের জীবনকে বছরের পর বছর প্রভাবিত করে, তা আমাদের সতর্ক হতে শেখায় — কারো সম্পর্কে দ্রুত সিদ্ধান্তে না পৌঁছাতে।
সারাহর চরিত্রটি ক্ষমা প্রার্থনা আর অনুশোচনার এক দৃষ্টান্ত। নিজের ভুল বুঝতে পেরে তিনি শুধু ক্ষমাই চাননি, বরং তার প্রতিকারের চেষ্টাও করেছেন — যা প্রমাণ করে প্রকৃত অনুশোচনা সবসময় কার্যকর পদক্ষেপের মধ্য দিয়ে প্রকাশ পায়।
সবশেষে, “সন্ধি” আমাদের মনে করিয়ে দেয় — জীবনে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতাও একদিন সন্ধির পথ তৈরি করতে পারে, যদি মানুষ নিজের ভুল স্বীকার করার সাহস রাখে।
- মন্ত্র
- •
- জিনের ধর্ম
- •
- নিয়তি
- •
- বাণ
- •
- শিকড়
- •
- সালিশ
- •
- আফসানা
- •
- সস্তা মেয়ে
- •
- গল্প বুড়ি
- •
- কলঙ্ক
শেষ কথা
“সন্ধি” আমাদের এক গভীর সত্যের সামনে দাঁড় করায় — জীবনের প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতের কোনো অপ্রত্যাশিত সমাধান। এই গল্প পাঠকের হৃদয়ে আশা আর ক্ষমার এক গভীর বার্তা রেখে যাবে বলে আশা করি। কালাম আজাদের কলমে লেখা এমন আরও মানবিক গল্প পড়তে উপরের নেভিগেশন থেকে ঘুরে আসতে পারেন। কবি কালাম আজাদের গল্পগুলো আপনার বন্ধু-বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলবেন না।