বিয়ের আগে সাত দফা চুক্তি, তারপর দুই গ্রামের জিদের লড়াইয়ে ভেঙে পড়া এক অনুষ্ঠান — কিন্তু ভালোবাসা কি এত সহজে হার মানে? রম্য আর আবেগের মিশেলে “৭ দফা” এক অন্যরকম বিয়ের গল্প।

৭ দফা — গল্পের সারসংক্ষেপ
পানচিনির পর রিফাত আর নাজমা রোমান্টিক ফোনালাপে বিয়ের ভবিষ্যৎ জীবন নিয়ে সাত দফা চুক্তিতে একমত হয়। কিন্তু বিয়ের দিনই দুই গ্রামের পুরনো রেষারেষি আর অহংকারের সংঘর্ষে অনুষ্ঠান ভেঙে যায়, রিফাত পালিয়ে যেতে বাধ্য হয়। হতাশ নাজমা নিজেই উদ্যোগ নিয়ে রিফাতকে ডেকে আনে, আর নিজের সংকল্পে বিয়ের সম্পূর্ণতা নিশ্চিত করে — প্রমাণ করে দেয় সত্যিকারের ভালোবাসা সামাজিক জিদের কাছে হার মানে না।
রিফাত আর নাজমার পানচিনি হয়েছিল ১০ দিন আগে। দুপক্ষই শিক্ষিত সুতরাং দুজনের ফোনালাপে কোনও বাধা ছিল না, থাকার কথাও নয়। তারা চুটিয়ে রোমান্টিক আলাপচারিতায় ছেলেমেয়েদের নামধাম, স্কুলকলেজ- ইউনিভার্সিটি নিয়ে যথেষ্ট ঝগড়াঝাটিও করে ফেলেছে। ঝগড়াঝাটি না-বলে বিতর্ক প্রতিযোগিতা বলাই উচিত। বিতর্কে হারজিত থাকে না। আজকাল বিচারকরা ‘চ্যাম্পিয়ান’ ‘রানার্স আপ’ নাম দেন দুপক্ষের।
রিফাত আর নাজমা বিবাহপূর্ব দশ রাতে কয়েকটি বিষয়ে একমত হয়েছে দ্বিমতগুলোর আলোচনা পরবর্তী এজেন্ডা হিসেবে বিবেচিত। ঐকমত্যের সিদ্ধান্তগুলো:
১. দুটি সন্তানই যথেষ্ট (ছেলে হোক বা মেয়ে হোক)।
২. ছেলেমেয়েকে তিন বছর বয়সে নয় বরং পাঁচ বছর বয়সে স্কুলে দেওয়া হবে। (ডে কেয়ার এবং কেজি স্কুল, বাচ্চাদের সঙ্গে মা’র সম্পর্ক দৃঢ়ীকরণে বিঘ্ন ঘটায়।)
৩. ছেলেমেয়েদের একজন ডাক্তার এবং অন্যজন ব্যারিস্টার হবে। (ইঞ্জিনিয়ার হওয়ার প্রশ্নই ওঠে না – যেহেতু রিফাত ইঞ্জিনিয়ার হয়ে জীবনটাকে ১৮ আনা নষ্ট করেছে।)
৪. ছেলেমেয়েরা নিজেদের পছন্দমতো বিয়ে করবে। (মা-বাবা উপদেষ্টার ভূমিকা নিতে বা নাও নিতে পারেন।)
৫. তারা যৌথ পরিবারে থাকবে – মা-বাবাকে কোনও কারণেই বৃদ্ধাশ্রমে পাঠাবে না। (কেননা এর ফলে তারাও ভবিষ্যৎ বৃদ্ধাশ্রম যন্ত্রণার ভীতিমুক্ত থাকবে।)
৬. স্বল্প ব্যবধানে মৃত্যুর প্রার্থনা থাকবে এবং পাশাপাশি কবর হতেই হবে। (খোদা না করুন কারও মৃত্যু যৌবনে হয়ে গেলে দ্বিতীয়জন কখনও দ্বিতীয়বার বিবাহ করবে না।)
৭. নাইয়র বা ডিউটির কারণে কেউ কারও কাছ থেকে সর্বোচ্চ সাত দিনের বেশি দূরে থাকতে পারবে না।
এই ৭ দফা চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার রাতে গৃহীত হয়েছে। শুক্রবার দিন বিয়ে। অতএব চব্বিশ ঘণ্টার জন্য অধিবেশন মুলতবি করা হয়েছে। এমতাবস্থায় ভয়ংকর সংবাদ নিয়ে শুক্রবার হাজির হলো। শহরতলির পাশাপাশি দুটি গ্রাম। বহুযুগের হানাহানি কানাকানি এবং আত্মীয়তার ইতিহাস আছে। সাধারণত এক গ্রামের লোকজন অন্য গ্রামের লোকজনকে কমজাত/বজ্জাত ইত্যাদি বলেন। তবে যে পরিবারে বা যে ছেলেমেয়ের মধ্যে সম্বন্ধ করেন তাদেরকে উত্তম আর ব্যতিক্রম বলে চালিয়ে নেন। আরেকটা জরুরি তথ্য দুই গ্রামের বিয়ের আসরগুলোতে জ্ঞানের প্রতিযোগিতা, গুণের প্রতিযোগিতা – পরস্পরকে ছোটো করার প্রতিযোগিতা তাদের ঐতিহ্যের অংশ। কোনও গ্রাম যদি ৭/৮ প্লেট বিরিয়ানি খাওয়া ৫/৭ জনকে এনে কনে পক্ষকে নাজেহাল করতে না পারলো তবে এটি কোনও বিয়ের অনুষ্ঠান হলো! এমনি এক রীতি প্রচলিত দুটি গ্রামে। এখানেও নাজুপক্ষ খুব কট্টর। কোনও ছাড় দেওয়া হবে না – নাজুর মতো মেয়ে নেবে, বাজিয়ে নিক.
রিফাত পক্ষ বরপক্ষ – উপযুক্ত সম্মান দিতে ব্যর্থ হলে মেয়েই নেবে না তারা।
এমন প্রেক্ষাপটে টান টান উত্তেজনায় কমিউনিটি সেন্টারে হাজির দুই পক্ষ। মোটামুটি ভদ্রতার মধ্যেই খোঁচাখুঁচি আলাপের মাধ্যমে সাজানো টেবিলগুলো দখল হয়েছে। বরযাত্রীর সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে বেশি, তাই কনেপক্ষের নিমন্ত্রিত অতিথিরা বসার জায়গা পেলেন না। দুই গ্রামের মধ্যবর্তী হাইস্কুলের হেডমাস্টার সেখানে উপস্থিত ছিলেন। তাঁর পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি খুব সতর্ক। তিনি প্রস্তাব করলেন আকদ অনুষ্ঠান আগে হওয়া সংগত। দোয়া দুরুদ পড়ে খাওয়াটা সুন্নতসম্মত। রাজি হলো দুইপক্ষ। অলংকারের পরিমাণ আর খাঁটিত্ব নিয়েও মৃদু উত্তেজনা, খুতবা দোয়ার জন্য উপস্থিত ইমাম সাহেব এটি সামলালেন। শেষ হলো আকদপর্ব। খাওয়া দাওয়ার সময় রোস্ট আর কাবাবের অপর্যাপ্ততা নিয়ে প্রচণ্ড গন্ডগোল দেখা দিল। কনের বড়ো ভাই আর বরের মামা উত্তেজিতভাবে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু হলো না। দুই গ্রামের জাত-বংশ নিয়ে বিক্ষিপ্ত মন্তব্যগুলোর জবাবও শুরু করলেন ভাই আর মামা। ভাঙচুর শুরু হয়েছে; ঘটক গেল পালিয়ে। মামা গিয়ে রিফাত কে টেনে হিচড়ে বরের গাড়িতে তুললেন।
বিয়েটা হয়েও হলো না। জয়ী হলো দুই গ্রামের জিদ।
রিফাত বাড়িতে ফিরে দরজায় খিল দিয়ে শুয়ে আছে। দুঃখে আর লজ্জায় সে মরো মরো। নাজমাও তার রুমে এসে কনের পোশাক টেনে হিচড়ে খোলে। মুখের মেকাপ তুলতে ওয়াশরুমে ঢোকে সে। আয়নার সামনে দাঁড়িয়ে পার্লারে করা অপরূপ মেকাপ দেখে সে চিৎকার করল : না এ হতে পারে না।
বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। সেলফোন তুলে টিপে দিলো রিফাতের নম্বর।
অপরপ্রান্তে : হ্যালো!
নাজমা : হ্যালো আবার, কী। কী হচ্ছে এসব? প্রায় চিৎকার করল সে।
রিফাত : আমি কী করব বলো। বিয়ের আসরে আমি তো সৈনিক বা সেনাপতি ছিলাম না।
নাজমা : ইয়ার্কি করবে না। clear!
রিফাত : না, clear না । বুঝিয়ে বলো?
নাজমা : বোঝাবো তো! নিজের ঘরে এসে। এখন বলো তুমি কবুল বলেছিলে?
রিফাত : হ্যাঁ, দুবারে মানলো না তিনবার বলেছি।
নাজমা : কাবিননামায় সই করেছিলে না করোনি?
রিফাত : করেছি, সাইন না, পুরো নাম বাংলা গোট অক্ষরে।
নাজমা : তাহলে?
রিফাত : তাহলে কী?
নাজমা : তোমার মাথা আর মুণ্ডু ।
রিফাত : গালি দিচ্ছো নাকি?
নাজমা : হ্যাঁ, দিচ্ছি। ধৰ্মীয় আইনত এখন আমি তোমার স্ত্রী – জানো? রিফাত : জানি তো।
নাজমা : জানি তো, ভ্যাঙচালো সে। জানো যখন আমাকে ফেলে শেয়ালের মতো ভাগলে কেন?
রিফাত : লোকজন ধরে…।
নাজমা : লোকজনের গোষ্ঠী কিলাই! আমি তোমার বউ, ওই লোকজন আবার মাঝখানে আসছে কেন?
রিফাত : আমি এখন কী করব নাজু? আমাকে বলে দাও।
নাজমা : বলে দেবো, আগে ওয়াদা করো ওই সাত দফা প্রণয়নের সময় যে রকম কুতর্ক করেছিলে এমনটা আর জীবনেও করবে না।
রিফাত : করব না, ওয়াদা।
নাজমা : এক্ষুনি একখানা গাড়ি নিয়ে আমাদের বাসায় আসো। দেরি করো না, মুলতবি সভা যথাসময়ে হতে হবে।
রিফাত : আচ্ছা। আসছি।
রিফাত গাড়ি নিয়ে এসেছে। নাজমা একটা শাড়ি কোনও রকমে গায়ে জড়িয়ে রিফাতকে নিয়ে গেল তার রুমে। তুমি কি আমাকে বেনারসিটা পরতে সাহায্য করতে পারবে?
রিফাত : না ।
তাহলে চুপচাপ এইখানে ওইদিকে চোখ রেখে বসো। আমি শাড়ি পরার চেষ্টা করব।
রিফাত : আচ্ছা ।
একটু সময় নিয়ে শাড়িটা পরলো নাজু।
নাজমা : দেখো তো হয়েছে কি না? কেমন দেখাচ্ছে আমাকে?
রিফাত : তুমি খুব সুন্দর।
নাজমা : ধুরো মিয়া, এইটা তো পার্লারের মাখা রংঢং। তোমার নাজমা এর চেয়ে অনেক বেশি সুন্দর। নাজমা রুম থেকে বেরিয়ে তার ভাবিকে ডাকলো – ভাবি এলে বলল, উনি আমাকে নিতে এসেছেন। আমি যাই ভাবি?
ভাবি : এ কী কথা। তোর ফার্নিচার আর জিনিসপত্র তো রয়ে গেল।
নাজমা : পাঠিয়ে দিও সুযোগ মতো।
এমনি সময়ে হেডমাস্টার সাহেব আর মাওলানা হুজুর নামলেন একটা গাড়ি থেকে।
হেডমাস্টার : নাজমা কোথায়? আরে এই তো! আয় মা তোকে শ্বশুরবাড়ি পৌঁছে দিই।
নাজমা: স্যার রিফাত সাহেব আমাকে নিতে এসেছেন। আমরা এক্ষুনি বেরোবো। আপনাকে কে বলল আমাকে পাঠাতে?
হেডমাস্টার : আরে বাবা এই সারা গ্রামের পঞ্চায়েত প্রধানরা আমাকে আর ইমাম সাহেবকে অনুরোধ করেছেন তোমাকে তোমার শ্বশুরবাড়িতে পৌছাতে। তারা আমাদের তোমার পরিপূর্ণ সম্মান দানের ওয়াদাও করেছেন। বুঝলে? ভালো হয়েছে মা। জামাইটা তো সাহসী আর দায়িত্ব- জ্ঞানসম্পন্ন। তোমরা সুখী হবে। ঠিক আছে তোমরা যাও। আমরা এখন আসি।
নাজমা মনে মনে বলে, মেনিমুখো কচু একটা। নাজু আর রিফাত গাড়িতে বসলো। গাড়ি স্টার্ট নিতেই দুজনের মাথা ঠুকে গেল।
নাজমা: আরেকটা লাগাও মিয়া। একটায় রেখে দিলে সারাজীবন ঠোকাঠুকি শেষ হবে না। দুজনে হেসে হেসে কপালে কপাল রাখলো ।
গল্প থেকে শিক্ষা
“৭ দফা” গল্পটি হালকা রসিকতার মোড়কে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বাস্তবতার দিকে ইঙ্গিত করে। প্রথমত, এটি দেখায় সামাজিক অহংকার আর পুরনো বিদ্বেষ কীভাবে সবচেয়ে আনন্দময় মুহূর্তকেও নষ্ট করে দিতে পারে। দুই গ্রামের অহেতুক প্রতিযোগিতা আর জিদের কারণে একটি সুন্দর বিয়ের অনুষ্ঠান ভেস্তে যাওয়ার উপক্রম হয়, যা আমাদের শেখায় এই ধরনের অর্থহীন দ্বন্দ্ব থেকে দূরে থাকা কতটা জরুরি।
দ্বিতীয়ত, গল্পটি নাজমার চরিত্রের মধ্য দিয়ে দেখায় সিদ্ধান্ত নেওয়ার সাহস আর নিজের সম্পর্ক রক্ষা করার দায়িত্ববোধ কতটা গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, নাজমা নিজেই উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করে, যা আধুনিক সম্পর্কে সমতা আর সক্রিয় ভূমিকার একটি সুন্দর উদাহরণ।
এছাড়া, বিয়ের আগে দম্পতিদের মধ্যে ভবিষ্যৎ জীবন নিয়ে খোলামেলা আলোচনা করার গুরুত্বও এই গল্পে ফুটে ওঠে। যদিও “সাত দফা”-র কিছু শর্ত রম্যভাবে উপস্থাপিত, তবু এটি প্রমাণ করে যোগাযোগ আর বোঝাপড়াই একটি সুস্থ দাম্পত্য জীবনের ভিত্তি।
সবশেষে, “৭ দফা” আমাদের মনে করিয়ে দেয় — ভালোবাসা আর প্রতিশ্রুতি যদি দৃঢ় হয়, তবে বাহ্যিক বাধা যতই বড় হোক না কেন, তা অতিক্রম করা সম্ভব।
- মন্ত্র
- •
- জিনের ধর্ম
- •
- নিয়তি
- •
- বাণ
- •
- শিকড়
- •
- সালিশ
- •
- শেষের আলোয়
- •
- সন্ধি
- •
- আফসানা
- •
- গল্প বুড়ি
- •
- কলঙ্ক
- •
- সস্তা মেয়ে
শেষ কথা
“৭ দফা” আমাদের হাসির মোড়কে শেখায় জীবনের সম্পর্কগুলো কতটা মূল্যবান, আর সামাজিক জটিলতার মধ্যেও কীভাবে ভালোবাসা তার নিজের পথ খুঁজে নেয়। এই গল্প পাঠকের মনে একটা মিষ্টি হাসি আর উষ্ণতা রেখে যাবে বলে আশা করি। কালাম আজাদের কলমে লেখা এমন আরও প্রাণবন্ত গল্প পড়তে উপরের নেভিগেশন থেকে ঘুরে আসতে পারেন।