হৃদয়ের মূল্য (বাদশাহ নাসিরুদ্দিনের গল্প)

যে ভুল ছিলই না, সেই ভুল শুধরে নিলেন বাদশাহ, তারপর আবার আগের মতো করে লিখলেন। কেন? এই বাদশাহ নাসিরুদ্দিনের গল্প একজন মানুষের মনে ব্যথা না দেওয়ার এক অসাধারণ দৃষ্টান্ত।

দিল্লীর বাদশাহ নাসিরুদ্দিন: নিজ হাতে উপার্জনকারী এক শাসক

তখন দিল্লীর শাসক ছিলেন বাদশাহ নাসিরুদ্দিন। তিনি ছিলেন ন্যায় পরায়ণ ও খোদাভীরু শাসক। আল্লাহর ভয় তাঁর অন্তরে ছিল সদা জাগ্ৰত৷ তাঁর শাসনামলে সরকারি কোষাগারে কোটি কোটি টাকা রক্ষিত ছিল। ছিল সোনা দানা ও হীরা জহরত । তিনি ইচ্ছা করলে এসব অর্থ সম্পদ নিজ প্রয়োজনে খরচ করতে পারতেন। পারতেন মোটা অংকের বেতন নির্ধারণ করতে। কিন্তু কোনটিই তিনি করেন নি। তিনি রাষ্ট্রীয় পয়সাকে যেমন নিজের পয়সা বলে কখনোই ভাবেন নি, তেমনি বেতন অযীফা হিসেবেও এক পয়সা গ্রহণ করেন নি। বরং আজীবন তিনি নিজ হস্তে উপার্জিত পয়সা দ্বারাই জীবিকা নির্বাহ করতেন।

দিল্লির ঐতিহাসিক কুতুব মিনার ও সুলতানি আমলের স্থাপত্য
ছবিঃ দিল্লির ঐতিহাসিক কুতুব মিনার। ছবিটি দিল্লি সালতানাতের ঐতিহাসিক স্থাপত্যের প্রতীকী চিত্র হিসেবে ব্যবহৃত। আলোকচিত্রী: Indrajit Das, CC BY-SA 4.0, via Wikimedia Commons.

সে সময় ভারতবর্ষে কোন ছাপাখানা ছিল না। ছিল না কম্পিউটারের সাহায্যে সহজে লেখা কম্পোজ করার সর্বাধুনিক ব্যবস্থা। এজন্য কিতাব- পত্র, পুস্তক-পুস্তিকা সবই হাতে লিখতে হত। এতে লেখকদের যেমন কষ্ট হত তেমনি তারা পারিশ্রমিকও পেতেন প্রচুর পরিমাণে। বড় বড় জ্ঞানী ব্যক্তিরাও তখন এ পেশায় নিয়োজিত ছিলেন।

আরবি এবং উর্দু ভাষায় লেখককে কাতিব বলা হয়। দিল্লির বাদশাহ নাসিরুদ্দিনও ছিলেন একজন দক্ষ কাতিব ও পন্ডিত ব্যক্তি। তিনি আরবি ও ফারসি কিতাবসমূহ নিজ হস্তে লিখে জীবিকা নির্বাহ করতেন। তাঁর চলাফেরা ছিল একেবারেই সাদাসিধে। দরিদ্র ও অসহায় লোকদের মতোই জীবন যাপন করতেন তিনি। সরকারি কোষাগারে হাতের ছোঁয়া পর্যন্ত লাগাতেন না। উপরন্ত তিনি অত্যন্ত নম্র স্বভাবের লোক ছিলেন। কখনো কারো মনে কষ্ট দেওয়ার কল্পনাও করতে পারতেন না।

বাদশাহর সিদ্ধান্ত: শুদ্ধকে ভুল বানিয়ে আবার শুদ্ধ করা

একবারের ঘটনা। বাদশাহ নাসিরুদ্দিন আপন কক্ষে বসে আছেন। কি যেন চিন্তা করছেন আপন মনে। হঠাৎ বাইরে কড়া নাড়ার শব্দ হল। সেই সাথে সাক্ষাত লাভের সবিনয় প্রার্থনা। বাদশাহ জিজ্ঞেস করলেন-

: কে?

: আমি আপনার অমুক সহকর্মী। আপনার সাথে একটু সাক্ষাতের প্রয়োজন।

বাদশাহ উঠে গিয়ে দরজা খুলে দিলেন। তারপর লোকটিকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে এলেন।

আগন্তুক লোকটি বসতেই দেখল, বাদশাহের সামনে তার স্বহস্তে লিখা একটি কিতাব। লোকটি কিতাবখানা হাতে নিল। তারপর কথার ফাঁকে ফাঁকে পাতা উল্টিয়ে একটু একটু পড়তে লাগল । এভাবে অতিবাহিত হল অনেক সময়। এক পর্যায়ে সে কিতাবের মধ্যে কলমী কিছু ভুলের কথা বলে বাদশাহকে সেগুলো শুধরে নেওয়ার জন্য অনুরোধ করল। বাদশাহ নাসিরুদ্দিন বিলম্ব করলেন না। সাথে সাথে কলম হাতে নিয়ে চিহ্নিত স্থানগুলো সংশোধন করে নিলেন। তাতে লোকটি বেশ খুশি হল। তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সমস্ত হৃদয়জুড়ে বয়ে গেল শান্তির সুবাতাস।

একটু পর। লোকটি আপন কাজ শেষ করে চলে গেল। বাদশাহ নাসিরুদ্দিন আবার হাতে কলম নিলেন। তারপর সেই সংশোধিত স্থানগুলো পূর্বের ন্যায় করে নিলেন।

বাদশাহকে এমনটি করতে দেখে তার উজির যারপর নাই বিস্মিত হলেন। অনেক চিন্তা ভাবনার পরও তিনি বাদশাহের এহেন কর্মের রহস্য উদঘাটন করতে পারলেন না। অবশেষে কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞেস করলেন-

: জাহাপনা! আপনি একি করলেন? তার কথামত সংশোধন করলেন। সে চলে যাওয়ার পর আবার তা কেটে পূর্বের ন্যায় করে নিলেন।

: তুমি কি কিছুই বুঝতে পার নি?

: না, আমি কিছুই বুঝতে পারি নি। আমার কাছে সম্পূর্ণ ব্যাপারটাই একটা রহস্য বলে মনে হচ্ছে। দয়া করে এই রহস্যের জট খুলে অধমকে কৌতূহলমুক্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি।

: উজীর সাহেব! এখানে রহস্যের কিছুই নেই। আসল কথা হল, তার চিহ্নিত স্থানগুলোতে বাস্তবে কোন ভুল ছিল না। কিন্তু যে ব্যক্তি আমার প্রতি সহানুভূতিশীল হয়ে আমার ভুল সম্পর্কে আমাকে অবহিত করে, তার মনে আমি কি করে ব্যথা দেই? তাই প্রকৃত পক্ষে সেখানে কোন ভুল যদিও ছিল না, তবুও তার সন্তুষ্টির জন্যেই আমি এমনটি করেছি।

হৃদয়ের মূল্য: পাঠকের প্রতি আহ্বান

সম্মানিত পাঠক ভাইগণ! একটু খেয়াল করে দেখেছেন কি বাদশাহ নাসিরুদ্দিন কতটা মহানুভব ছিলেন? একজন মানুষ মনে একটু ব্যথা পেতে পারে কেবল এই আশংকায় তিনি শুদ্ধকে ভুল বানিয়ে আবার শুদ্ধ করে লিখেছেন। অথচ আমরা মানুষের মনে অহরহ কষ্ট দিয়ে চলছি। কখনো চিন্তা করে দেখছি না যে, মানুষের মনে আঘাত দেওয়া, তার মন ভেঙ্গে ফেলা কত ভয়ানক ও জঘন্য পাপ। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

❝ প্রকৃত মুসলমান ঐ ব্যক্তি যার মুখ ও হাতের অনিষ্ট থেকে মুসলমানগণ নিরাপদে থাকে।

— সহিহ বুখারি, হাদিস ১০

অর্থাৎ যার কথাবার্তা ও আচার আচরণ দ্বারা অন্য কেউ কষ্ট পায় না সেই খাঁটি মুসলমান- আল্লাহর প্রিয় বান্দা। তাই আসুন মানব হৃদয়ের মুল্য বুঝি এবং এ মুহূর্ত থেকে পাক্কা এরাদা করি যে, আমি আমার মুখ ও অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাউকেই কষ্ট দিব না। কাউকে কটু কথা বলব না। গীবত করব না। চোগলখুরী করব না। গালি দিব না। ঝগড়া করব না। কারো উপর জুলুম করব না। বরং সবার সাথে হাসি মুখে সদাচরণ করে যাব।

এই ঘটনা থেকে শিক্ষা

প্রিয় পাঠক-পাঠিকা, বাদশাহ নাসিরুদ্দিনের গল্প থেকে আমরা তিনটি শিক্ষা গ্রহণ করতে পারি:

  • ক্ষমতার মাঝেও সাদাসিধে জীবন। গল্পে বাদশাহ রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের জন্য কিছু নেননি, নিজ হাতে কিতাব লিখে হালাল রিজিক উপার্জন করতেন।
  • শুভাকাঙ্ক্ষীর কথার প্রতি সম্মান। যে ব্যক্তি সহানুভূতি নিয়ে ভুল ধরিয়ে দেয়, তাকে বিনয়ের সাথে গ্রহণ করা এবং তার ইচ্ছাকে মূল্য দেওয়া।
  • ছোট একটি সৌজন্য একজনের হৃদয়ে শান্তি আনে। বাদশাহর সামান্য একটি কাজ সেই আগন্তুকের মনকে খুশিতে ভরে দিয়েছিল।

একটি আহ্বান

প্রিয় পাঠক-পাঠিকা, বাদশাহ নাসিরুদ্দিনের গল্পটি ভালো লাগলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার কারও আচরণে কোমলতা আনবে। 

Leave a Comment