এক দরবেশের বিস্ময়কর মৃত্যু বদলে দিয়েছিল এক ধনাঢ্য আতর ব্যবসায়ীর জীবন। শেখ ফরিদউদ্দীন আত্তারকে ঘিরে প্রচলিত এই কাহিনি আমাদের কী শিক্ষা দেয়? পড়ুন মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলামের কলমে “শেখ ফরিদউদ্দীন আত্তারের গল্প” আমার বাংলা পোস্ট এ।
একটি বিস্ময়কর মৃত্যু (শেখ ফরিদউদ্দীন আত্তারের গল্প ১)
হযরত শেখ ফরিদউদ্দীন (রহ.) ছিলেন একজন খ্যাতনামা বুযুর্গ। কর্মজীবনের শুরুভাগে তিনি আতরের ব্যবসা করতেন। এ জন্য নামের শেষে আত্তার (আতর ব্যবসায়ী) শব্দটি যুক্ত করে তাকে শেখ ফরিদউদ্দীন আত্তার বলে ডাকা হত। ইতিহাসের সোনালি পাতায় আজো তিনি এ নামেই সমধিক প্রসিদ্ধ। তার প্রকৃত নাম মুহাম্মদ ইবনে আবু বকর ইব্রাহীম (রহ.)[১]
হযরত শেখ ফরিদউদ্দীন আত্তার (রহ.) এর প্রচুর অর্থ সম্পদ ছিল। তাঁর আতরের দোকানটি ছিল বেশ বড় ও দেখার মতো। স্তরে স্তরে সাজানো আতরের সুন্দর শিশিগুলো যে কোন দর্শককেই মুগ্ধ করত। দেশী-বিদেশী হরেক রকম আতরের সুগন্ধে চারদিক বিমোহিত হত ৷ ক্ষণিকের মধ্যে জুড়িয়ে যেত সকলের হৃদয়-মন।
হযরত ফরিদ উদ্দীন আত্তার (রহ.) তখনো দুনিয়ার মায়াজালে আবদ্ধ। অধিক অর্থ উপার্জন ও সহায় সম্পত্তি বাড়ানোর এক প্রবল নেশা তাকে আচ্ছন্ন করে রেখেছে। কি করে বেশী বেশী টাকা কামাই করা যায়, কিভাবে আপন এলাকায় শ্রেষ্ঠ ধনী হওয়া যায় দিন রাত ২৪ ঘন্টা তিনি এ চিন্তাই করেন। এ ফিকিরেই থাকেন। মোট কথা, টাকা পয়সার অভাব না থাকলেও আরো ধনী হওয়ার এক অতৃপ্ত ও লাগামহীন বাসনা তাঁর মনে মস্তিষ্কে জেঁকে বসেছিল। লেখাপড়া শেষে কর্ম জীবনে প্রবেশের পর দীর্ঘদিন যাবত এ ভাবেই চলছিল তার বন্ধনহীন জীবন।
দুনিয়ার সম্পদ ও অর্থের প্রতি অতিরিক্ত আকর্ষণের পরিণতি বুঝতে পড়তে পারেন সম্পদ নয় জ্ঞানই উত্তম গল্পটি।
এক দরবেশের আগমন ও বিস্ময়কর মৃত্যুর ঘটনা

একদিনের ঘটনা। হযরত ফরিদ উদ্দীন আত্তার (রহ.) আপন দোকানে বসে আছেন। দীর্ঘ সময় অতিবাহিত হল। কোন ক্রেতা দোকানে আসছে না। সময় তার আপন গতিতে বয়ে চলল। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হল। কিন্তু না, কোন খরিদদারকেই আজ দেখা যাচ্ছে না। সকলেই বিমুগ্ধ নয়নে একবার দোকানের ভিতর দৃষ্টি নিক্ষেপ করে নিজ নিজ কাজে চলে যাচ্ছে।
হযরত ফরিদ উদ্দীন (রহ.)-এর মন ভারাক্রান্ত হল। তিনি মনে মনে বললেন, অন্যান্য দিন এতক্ষণে হাজার টাকার আতর বিক্রি হয়ে যায়। চাহিদা মতো ক্রেতাদের অর্ডার সাপ্লাই করতে করতে হাঁপিয়ে উঠি । এদিক সেদিক তাকানোর ফুরসতও পাই না। কিন্তু আজ? আজ তো একটি ক্রেতাকেও এদিকে আসতে দেখলাম না। এভাবে চলতে থাকলে আমার ক্যাশে তো আজ একটি পয়সাও তাঁর চিন্তা এখনো শেষ হয় নি। ঠিক এমন সময় বিশাল দেহাকৃতির একজন দরবেশ দোকানে প্রবেশ করল। দরবেশকে দেখে হযরত ফরিদ উদ্দীন আত্তার (রহ.) এর চিন্তায় ছেদ পড়ল। তিনি দেখলেন, দরবেশ দোকানে প্রবেশ করেই এদিক ওদিক তাকিয়ে কি যেন তালাশ করছেন। কখনো এ শিশির দিকে আবার কখনো ও শিশির দিকে তাকাচ্ছেন। কিন্তু মুখে কিছুই বলছেন না। দীর্ঘক্ষণ বারবার এভাবে তাকানোর পর হযরত ফরিদ উদ্দীন আত্তার (রহ.) একটু বিরক্তির ভাব নিয়ে জিজ্ঞেস করলেন-: ভাই! আপনি কি দেখছেন এবং কি তালাশ করছেন?
: না, কিছুই তালাশ করছি না। এমনিতেই দেখছি। দরবেশের নিরুত্তাপ জবাব ।
: ভাব দেখে তো মনে হচ্ছে আপনি নিশ্চয় কিছু খোঁজ করছেন ।
: জনাব! আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমি কিছুই খোঁজ করছি না ৷ খোঁজ করার কোন প্রয়োজনও আমার নেই ৷
: তবে কি আপনি কিছু ক্রয়ের ইচ্ছা করছেন?
: না, তাও নয় ।
হযরত ফরিদ উদ্দীন আত্তার (রহ.)-এর শেষ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিয়ে দরবেশ পুনরায় আলমারীতে রক্ষিত চিত্তাকর্ষক শিশিগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলেন। তন্ময় হয়ে দেখছেন তিনি। যেন সে দেখার শেষ নেই।
এখনো পর্যন্ত একটি পয়সার আতর বিক্রি না হওয়ায় এমনিতেই হযরত ফরিদ উদ্দীন আত্তার (রহ.)-এর মনটি ভাল নেই। তদুপরি কোথাকার এ দরবেশের অপ্রত্যাশিত যন্ত্রণা তার হৃদয়-মনকে আরো ভারাক্রান্ত করে তুলল । মনে হল, দরবেশের প্রতিটি দৃষ্টি যেন তার শরীরে তীরের ফলার মত বিঁধছে। গোটা দেহ যেন শির শির করে উঠছে।
এবার ফরিদ উদ্দীন আত্তার (রহ.) ক্রোধ মিশ্রিত কন্ঠে বললেন-: জনাব! আপনার কি অন্য কোনো কাজ নেই?
: কাজ তো’অবশ্যই আছে । তবে……..
: তবে আবার কি? কাজ থাকলে সময় নষ্ট না করে আপন কাজে চলে যান । এতেই আপনার কল্যাণ ।
: আপনি আমার কল্যাণের চিন্তা করছেন! আমিও তো আপনার কল্যাণ কামনা করি ।
: আমার কল্যাণ আপনাকে চাইতে হবে না। দরবেশ সাহেব! এত পেঁচাপেঁচি না করে আপনার আগমনের মূল কারণটি খুলে বলবেন কি? কেনইবা আপনি শিশিগুলোর দিকে এভাবে গভীর দৃষ্টিতে তাকাচ্ছেন?
: আমি শিশিগুলোর দিকে বার বার তাকিয়ে এ ব্যাপারটিই চিন্তা করছি যে আপনি কিভাবে মরবেন এবং আপনার প্রাণ পাখি কিভাবে বের হবে?
: বুঝলাম না আপনার কথা।
: বুঝলেন না? আমি বলতে চাচ্ছি আপনার মন-প্রাণ সব এখন শিশির ভিতর আবদ্ধ। আপনি এখন চিন্তা-চেতনা, শক্তি-সামর্থ্য সবই ব্যবসা ও জাগতিক উন্নতির পেছনে খরচ করছেন। কিভাবে কোটিপতি হবেন, কিভাবে অঢেল সম্পত্তির মালিক হবেন –এ চিন্তায়ই সর্বদা বিভোর থাকেন। দুনিয়ার মহব্বত ও ভালবাসা আপনার হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে একাকার হয়ে মিশে গেছে। আখেরাতের সুখ-শান্তি ও জাহান্নাম থেকে বাঁচার কোন ফিকির আপনার মধ্যে নেই । সুতরাং আমার ভয় হচ্ছে কিভাবে আপনি দুনিয়ার মায়া- মমতা ত্যাগ করে এ পৃথিবী থেকে বিদায় নেবেন!
দরবেশের এ কথাগুলো হযরত ফরিদউদ্দীন আত্তার (রহ.) এর মনঃপুত হল না। কারণ তখনো তিনি একজন দুনিয়া প্রেমিক ব্যবসায়ী ছিলেন । তাই তিনি ক্ষুদ্ধ কণ্ঠে বলে উঠলেন-
: ভাই! আপনি আমার প্রাণ বিয়োগের চিন্তা করছেন? আমার প্রাণ বিয়োগ নিয়ে আপনার মাথা ঘামানোর প্রয়োজন নেই। বরং আপনি কিভাবে মরবেন সেই চিন্তায় নিজেকে ব্যাপৃত রাখুন। মনে রাখবেন, আপনার প্রাণ যেভাবে বের হবে, আমার প্রাণও সেভাবেই বের হবে।
: জনাব! এ মুহূর্তে মৃত্যু হলেও আমার কোন সমস্যা নেই। কারণ আমি মুক্ত, স্বাধীন। আমার কোন চিন্তা নেই। আমার না দোকানের ঝামেলা আছে, না ব্যবসার ঝঞ্ঝাট আছে। আমার কোন সম্পদ নেই। নেই টাকা পয়সা ও বিত্ত-বিভবের প্রতি কোনরূপ আকর্ষণ। ভাই! আপনি বলেছেন আমার মৃত্যু যেভাবে হবে আপনার মৃত্যুও সেভাবে হবে । কথাটি যেন ঠিক থাকে।
এ বলে তিনি কাঁধের ঝুলিটি মাথার নিচে রেখে জমিনে শুয়ে পড়লেন । তারপর উচ্চস্বরে কালিমায়ে শাহাদাত পড়তে লাগলেন । যার অর্থ হল-
কালেমা শেষ হওয়ার সাথে সাথে তার চোখ দুটো আস্তে করে বন্ধ হল। ঠোট দুখানা মৃদু কেঁপে উঠল। তারপর নীরব হয়ে গেল চিরদিনের মত।[২]
মৃত্যু ও পরকালের জীবন সম্পর্কে আরও জানতে পড়তে পারো কবরের আহবান গল্পটি।
মৃত্যুর দৃশ্য বদলে দিল ফরিদউদ্দীনের জীবন
এ বিস্ময়কর মৃত্যুর দৃশ্যটি হযরত ফরিদউদ্দীন আত্তার (রহ.) এর হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। তাঁর বুক থরথর করে কেঁপে উঠে। শিউরে উঠে তাঁর শরীর। বিবর্ণ হয়ে উঠে মুখমন্ডল। তিনি নির্বাক। বিস্ময়ে স্তম্ভিত- এ যে কল্পনার অতীত!
দরবেশের মৃত্যুর পর অনেকক্ষণ যাবত তিনি চিন্তার অথৈ সাগরে হাবুডুবু খেতে থাকেন। ভাবেন, সত্যিই তো আমি দুনিয়ার মোহে আবদ্ধ হয়ে আছি। দিবা-নিশি কেবল কাজ কারবারে মগ্ন আছি। সারাক্ষণ শুধু টাকা পয়সা আর অর্থ সম্পদ বাড়ানোর ফিকিরে আছি। সেই সকালে সামান্য নাস্তা খেয়ে দোকানে আসি, আবার রাত ১১টা ১২টায় বাসায় ফিরি। জিকির তিলাওয়াত করার সুযোগ পাই না। ইশরাক, আউয়াবিন আর তাহাজ্জুদ তো দূরের কথা, মসজিদে গিয়ে ফরজ নামাজটুকু আদায় করারও অবসর পাই না। জীবনে টাকা-পয়সা তো অনেক কামাই করলাম। নিশাপুর এলাকার বড় কয়েকজন ঐশ্বর্যশালীদের মধ্যে আমিও একজন। কিন্তু এত বিশাল সম্পত্তির মালিক হয়ে আমার লাভটা কি হল? যখন এত কিছু ছিল না, ছিল না অর্থ কড়ির এত ছড়াছড়ি তখন তো একটু আরাম করে ঘুমুতে পারতাম। দু’মুঠো খাবার খেতে পারতাম পরম শান্তির সাথে। কিন্তু এখন! এখন তো ঠিকমত খাওয়া-দাওয়ার সুযোগ পাই না। ঘুমানোর অবসর হয় না। উপরন্ত মৃত্যুর সাথে সাথে এসব সহায় সম্পত্তি সবকিছু ফেলে খালি হাতে আমাকে কবরে চলে যেতে হবে। স্ত্রী-পুত্র আত্মীয় স্বজন ২/৪ মাস হয়তো স্মরণ রাখবে। এরপর তারাও আমাকে ভুলে যাবে। কেউ আমার কথা স্মরণ করারও সুযোগ পাবে না। হ্যাঁ, নিশ্চয় আমি ভুলের মধ্যে আছি।
এতটুকু চিন্তা করে হযরত ফরিদ উদ্দীন আত্তার (রহ.) দরবেশের নিরব নিথর চেহারার দিকে তন্দ্রাচ্ছন্নের মত তাকিয়ে থাকেন। দু’চোখে তাঁর অপলক চাহনি। নিঃশ্বাস পড়ছে কিনা বুঝা যাচ্ছে না। তিনি দেখলেন একটি স্বর্গীয় হাসির আভা ফুটে উঠেছে দরবেশের সমস্ত মুখমন্ডল জুড়ে । মনে হয় একজন জীবন্ত মানুষ মুচকি হাসছে।
দরবেশের এই হাস্যোজ্জ্বল দীপ্তিময় মুখ পানে দৃষ্টি নিবদ্ধ রেখে আবার তিনি গভীর চিন্তায় নিমগ্ন হলেন। এবার ভাবতে লাগলেন পরকাল নিয়ে, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে- দুনিয়ার জীবন নিয়ে নয়। এ সময় কেমন যেন বিহবল মনে হচ্ছিল তাঁকে। ললাটে ফুটে উঠেছিল গভীর চিন্তার রেখা। সমস্ত মুখ ছেয়ে ফেলেছিল দুশ্চিন্তার এক কালো ছায়া। তিনি ভাবলেন, আমি গোটা জীবন শুধু দুনিয়ার পিছনে দৌড়ালাম। কিন্তু মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবন নিয়ে তো কোন দিন ভাবলাম না। সুখ-দুঃখ যে অবস্থায়ই থাকি না কেন, এ জীবন তো একদিন শেষ হয়েই যাবে। কেউ আমাকে রাখতে পারবে না। কিন্তু যেখানে আমাকে চিরকাল থাকতে হবে, যে জীবনের শুরু আছে, শেষ নেই, আদি আছে অন্ত নেই, সে জীবনের জন্য তো কিছুই করলাম না। অথচ আল্লাহর এ বান্দা কতই না নির্ভেজাল অবস্থায় এ ধরা থেকে বিদায় নিলেন। কত সুন্দর করে হাসতে হাসতে পরপারে পাড়ি জমালেন। তাঁর কালেমা পাঠের সুমধুর আওয়াজ যেন এখনো আমার কানে ঝংকৃত হচ্ছে। ওহ, কত সুন্দর তার জীবন! কত চমৎকার তাঁর মরণ!
দরবেশ! ধন্যবাদ তোমাকে। মোবারকবাদ তোমাকে। হৃদয়ের গভীর থেকে উৎসারিত সশ্রদ্ধ সালাম তুমি গ্রহণ কর। কারণ তুমি আজ ফরিদ উদ্দীনের হৃদয় কপাট খুলে দিলে। নিজে মরে গিয়ে তাকে দেখালে এমন এক পথ, যে পথের সন্ধান ফরিদ উদ্দীন এতদিন পায় নি। দরবেশ ! সুখি হও তুমি। সুখময় হউক তোমার অনন্ত জীবন।
মোট কথা, এ আকস্মিক ও আশ্চর্যজনক মৃত্যু হযরত ফরিদ উদ্দীনের অন্তরে এমনই তোলপাড় সৃষ্টি করল যে, তিনি তৎক্ষণাৎ দরবেশের কাফন দাফন সমাধা করে জীবনের গতিপথ পাল্টে ফেললেন। নিজের যাবতীয় অর্থকড়ি মানুষকে বিলিবন্টন এবং বিশাল কায়কারবার অন্যদের হাতে সোপর্দ করে পরকালের পাথেয় সংগ্রহের উদ্দেশ্যে আল্লাহর পথে বেরিয়ে পড়লেন। অবশেষে বেশ কয়েকজন বিখ্যাত বুযুর্গের সান্নিধ্যে থেকে তরিকত ও মারেফাতের শীর্ষ পর্যায়ে উন্নীত হয়ে জগজ্জোড়া খ্যাতি অর্জন করতে সক্ষম হলেন।
দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতের প্রস্তুতি নেওয়ার বিষয়ে আরও একটি গল্প পড়তে পারেন: হারুন অর রশীদের ছেলের গল্প: দুনিয়াবিমুখ এক বাদশাহজাদা।
শেষ কথা
প্রিয় ভাই ও বোনেরা! দরবেশের এ মৃত্যু যদিও আমরা স্বচক্ষে দেখি নি, তথাপি এরূপ একটি মৃত্যুর কথা কল্পনা করে আমরাও কি পারি না দুনিয়ার ব্যস্ততা কিছুটা কমিয়ে আখেরাতের পাথেয় সংগ্রহের চেষ্টা করতে? পারি না দিবারাত্রির ২৪ ঘন্টা সময়কে কয়েকটা ভাগে বন্টন করে কমপক্ষে একটি ভাগ কেবল পরকালের পুঁজি সংগ্রহে ব্যস্ত থাকতে? হ্যাঁ পারি । অবশ্যই পারি । এটা মোটেও কোন কঠিন কাজ নয়। এ জন্য প্রয়োজন শুধু আপনার দৃঢ় সংকল্প ও আন্তরিক প্রচেষ্টা। আর এ প্রচেষ্টার অংশ হিসেবে আপনি গুরুত্বের সাথে নিম্ন বর্ণিত কাজগুলো করতে পারেন ।
প্রথম কাজ : প্রতি মাসে ৩ দিন সময় যে কোন উপায়ে বের করে তাবলীগ জামাতে লাগিয়ে দিন। একটানা ৩ দিন না পারলে পার্ট টাইম হলেও চলবে। মনে রাখবেন, আপনি যত বেশী তাবলীগ জামাতে সময় দিতে পারবেন আপনার ঈমান ততই মজবুত হতে থাকবে। আর ঈমান মজবুত হলে আমল করা সহজ হবে এটা একটি চিরন্তন সত্য কথা।
দ্বিতীয় কাজ : নিয়মিত সাপ্তাহিক গাশ্ত ও দৈনিক ফাযায়েলের তালিমে শরিক হবেন। এতে আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে আমলের আগ্রহ পয়দা হবে৷
তৃতীয় কাজ : প্রতিদিন কমপক্ষে ২/৪ পৃষ্ঠা ধর্মীয় বই পুস্তক পাঠ করবেন। এতে ধর্মীয় জ্ঞান বৃদ্ধি হওয়ার পাশাপাশি ধর্মীয় জীবন যাপনের স্পৃহাও বাড়বে।
আপনার জীবন কি শুধু দুনিয়ার জন্য?
অর্থ, সম্পদ ও ব্যস্ততার পেছনে ছুটতে গিয়ে আমরা অনেক সময় ভুলে যাই, একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে। শেখ ফরিদউদ্দীন আত্তারকে ঘিরে প্রচলিত এই কাহিনি আমাদের সেই চিরন্তন সত্যের কথাই স্মরণ করিয়ে দেয়।
গল্পটি পড়ে আপনার মনে কী ভাবনা জাগল? মন্তব্যে আপনার অনুভূতি ও মতামত জানান। লেখাটি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যেন তাঁরাও কিছুক্ষণ নিজের জীবন ও আখেরাত নিয়ে ভাবার সুযোগ পান।
লেখক: মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম।
বই: হৃদয়স্পর্শী শিক্ষণীয় কাহিনী (হৃদয় গলে সিরিজ ১২)
সম্পাদনা ও সংযোজন: সৈয়দ রুবেল (ABP)
তথ্যসূত্র ও টীকা
- শেখ ফরিদউদ্দীন আত্তারের পরিচয়: Encyclopaedia Iranica অনুসারে, তাঁর নাম আবু হামিদ মুহাম্মদ ইবনে আবি বকর ইব্রাহিম (অন্য একটি বর্ণনায় ভিন্ন পিতৃপরিচয় পাওয়া যায়)। তিনি আনুমানিক ১১৪৫–১১৪৬ খ্রিষ্টাব্দে নিশাপুরে জন্মগ্রহণ করেন এবং ফার্মাসিস্ট বা ওষুধ প্রস্তুতকারকের পেশায় যুক্ত ছিলেন। ‘আত্তার’ তাঁর পেশাগত পরিচয়ের সঙ্গে সম্পর্কিত উপাধি। Encyclopaedia Iranica ↑
- দরবেশের মৃত্যুর কাহিনি: আত্তারের দোকানে দরবেশের আগমন ও মৃত্যুর এই ঘটনা তাঁর জীবন নিয়ে প্রচলিত একটি সুফি কিংবদন্তি। ১৯১১ সালের Encyclopaedia Britannica-তে দাওলতশাহের বর্ণনা অনুসারে এর একটি রূপ পাওয়া যায়। তবে Encyclopaedia Iranica উল্লেখ করেছে, আত্তারের সুফি জীবনে প্রবেশের কাহিনিসহ তাঁর জীবনের নানা ঘটনা পরবর্তী জীবনীকারদের লেখায় কিংবদন্তির রূপ পেয়েছে। তাই ঘটনাটিকে নিশ্চিত ঐতিহাসিক ঘটনা হিসেবে গণ্য করা যায় না। Encyclopaedia Britannica (1911) | Encyclopaedia Iranica ↑