রাগের মুহূর্তে শান্ত থাকুন, পাহাড়ের মতো দৃঢ় হোন — সুখী জীবনের ৪৯তম সূত্র

আপনার জীবন দক্ষতা বাড়াতে আমার বাংলা পোস্ট-এর ৪৯তম সূত্রটি পড়ুন।

সবার সামনে কেউ আপনাকে অপমান করল। বুকের ভেতর রাগ ফুঁসছে, জবাব ঠোঁটের ডগায়। এই মুহূর্তে আপনি কী করবেন? উহুদের পথে একজন লোক রাসূল (সাঃ)-এর দিকে ঢিল ছুড়েছিল, মুখে ছিল অপমানের কথা। সাহাবিরা তাকে শায়েস্তা করতে প্রস্তুত, কিন্তু নবীজি (সাঃ) ফিরেও তাকালেন না, হেঁটে চলে গেলেন। রাগের মুহূর্তে শান্ত থাকার এই মোটিভেশনাল ঘটনা আর অনুপ্রেরণামূলক গল্প আপনাকে শেখাবে, কীভাবে পাহাড়ের মতো দৃঢ় হোন — আর রাগের মুহূর্তেও আপনি হবেন শান্ত, অবিচল ও সবার শ্রদ্ধার পাত্র।

রাগের মুহূর্তে নীরব থাকার শক্তি

রাগিয়ে দেওয়ার মতো পরিস্থিতি জীবনে আসবেই। সেই মুহূর্তে মুখ খুলে জবাব দেওয়া সহজ, কিন্তু চুপ থেকে শান্ত থাকা কঠিন। লেখক দাওয়াতি জীবনের শুরুতে ঠিক এমন এক পরীক্ষায় পড়েছিলেন। তাঁর সেই অভিজ্ঞতা দিয়েই শুরু করি।

গ্রামের সভায় অপ্রত্যাশিত প্রতিবাদ

আমার দাওয়াতি জীবনের শুরুর দিকে এক গ্রামের একটি সভায় আমাকে আমন্ত্রণ করা হলো। সেখানকার একজন লোক আমাকে নেয়ার জন্য আসলেন। আমি তার গাড়িতে উঠলাম। পুরোনো জীর্ণশীর্ণ গাড়ি। তার সাথে কথাবার্তা বললাম। কথার ফাঁকে বললেন, তিনি নতুন বিবাহিত। তারপর এ এলাকার মেয়েদের বিবাহে মাত্রাতিরিক্ত মোহর ধার্য্য করা হয় বলে অভিযোগ করলেন। এর ফলে তিনি একটা নতুন গাড়ি বা অন্ততপক্ষে এর চেয়ে ভালো একটি গাড়িও কিনতে পারেন নি। আমি তার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তাকে এরচেয়ে ভালো একটি গাড়ি কেনার তাওফিক দান করেন। এরপর মসজিদে গিয়ে বয়ান করলাম। বয়ানের শেষ দিকে শ্রোতাদের প্রশ্ন পড়ে পড়ে আমাকে শোনানো হলো। এসব প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অতিরিক্ত মোহর ধার্য্যকরণের বিষয়েও ছিল। প্রশ্নটি পেয়ে আমি অত্যন্ত খুশি হয়ে ওই লোককে বললাম, আপনার বিষয়টি তো চলে এসেছে। এরপর আমি অতিরিক্ত মোহর নির্ধারণ ও তরুণ-তরুণীদের ওপর এর বিরূপ প্রভাব সম্বন্ধে আলোচনা শুরু করলাম। এরপর বললাম, রাসূল (সাঃ)-এর স্ত্রীদের মোহর ছিল ৫০০ দিরহাম। তাহলে কি আপনাদের মেয়েরা হুজুর (সাঃ)-এর স্ত্রীদের চেয়েও বেশি দামী? [১] এক পাশ থেকে এক বৃদ্ধলোক চিৎকার করে বলে ওঠল, আপনি আমাদের মেয়েদের বিরুদ্ধে কথা বলছেন কেন?

আরেকজন দাঁড়িয়ে বললো, হ্যা! তিনি আমাদের মেয়েদের বিরুদ্ধে কথা বলছেন। আরেকজন দাঁড়িয়ে হাত উঁচিয়ে বলতে লাগল উফফফ!!! আমাদের মেয়েদেরকে নিয়ে কথা বলছে!!! আমি এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখিন হলাম। দাওয়াতি জীবনের শুরু মাত্র। এই তো কিছুদিন আগে গ্র্যাজুয়েট করে বেরিয়েছি। কী করবো ভেবে পাচ্ছিলাম না। চুপচাপ বসে রইলাম। মুখে ‘টু’ শব্দটিও করলাম না। তবে প্রথমজন যখন দাঁড়িয়ে কথা বলছিলেন তখন তার দিকে তাকিয়ে মুচকি হেসেছিলাম। এমনিভাবে দ্বিতীয় ও তৃতীয় জনের দিকেও। মসজিদের পেছন দিকে কিছু যুবক হাসছিল আর কতেক চুপচাপ দাঁড়িয়ে দেখছিল।

আমার অবস্থা তখন ফাঁদে আটকে পড়া পাখির মতো। তারা আমাকে যখন এভাবে নির্বাক বসে থাকতে দেখলো তখন তারাও আস্তে আস্তে শান্ত হতে লাগল। এক পর্যায়ে একজন লোক দাঁড়িয়ে সবাইকে বসিয়ে দিয়ে বললো, হুজুরকে বিষয়টি স্পষ্ট করে বলার সুযোগ দিন। ফলে সবাই চুপ হয়ে গেল। আমি লোকটির শুকরিয়া আদায় করলাম। এরপর আমার উদ্দেশ্য বুঝিয়ে বললাম।

আরও পড়ুন: নিজেকে কষ্ট দেবেন না — সুখী জীবনের ৪৫তম সূত্র

আপনার আচরণই আপনার ব্যক্তিত্ব গড়ে

দৃঢ়মূল বৃক্ষ বাতাসে ভাঙে না: ধৈর্য ও ব্যক্তিত্বের উপমা
বাতাস যত জোরে প্রবাহিত হোক, দৃঢ়মূল বৃক্ষ কখনো ভেঙে পড়ে না।

সভার ঘটনা থেকে একটি বড় সত্য বেরিয়ে আসে। আমরা প্রতিটি আচরণে অন্যের কাছে নিজের পরিচয় এঁকে দিচ্ছি। রাগের মুহূর্তের প্রতিক্রিয়াই ঠিক করে দেয়, মানুষ আমাদের কীভাবে দেখবে।

আপনি যখন কারো সাথে কোনো আচরণ করছেন, সত্যিকার অর্থে তখন আপনি কিন্তু আপনার ব্যক্তিত্ব গড়ছেন। আপনার ব্যাপারে তাদেরকে ধারণা দিচ্ছেন। এর ওপর ভিত্তি করেই তারা আপনার সাথে ব্যবহার করবে, আপনাকে সম্মান করবে। মনে রাখবেন- বাতাস যত জোরে প্রবাহিত হোক না কেন, দৃঢ়মূল বৃক্ষ কখনও বাতাসে ভেঙ্গে পড়ে না ৷ সামান্য একটু ধৈর্য্য বিশাল সফলতা বয়ে আনতে পারে। আপনার জ্ঞান যত বাড়বে, আপনার রাগ তত কমবে। আপনি হবেন সমুদ্র যাকে কোনো কিছুই নাড়াতে পারবে না। অথবা পাহাড়! বাতাসও যাকে হেলাতে পারে না। আপনিতো এমন হবেন, কোনো ব্যক্তি যদি আপনাকে রাগিয়ে তোলে -কোনো বৈঠকে হোক, বা কোনো বাড়িতে, কোনো টিভি চ্যানেলে, অথবা বিশেষ কোনো সভা সমিতিতে- তাহলে আপনি কখনও রেগে যাবেন না । আপনি যদি শান্তভাবে চুপচাপ থাকেন- রাগ না করেন কিংবা গলা উঁচু না করেন তাহলে লোকজন কিন্তু আপনার প্রতিই ঝুঁকবে আর আপনার প্রতিপক্ষ থেকে মুখ ফিরিয়ে নেবে।

উহুদের পথে রাসূল (সাঃ)-এর দৃঢ়তা

লেখক যে শান্ত থাকার শিক্ষা দিলেন, তার সর্বোচ্চ নমুনা আমাদের নবীজি (সাঃ)। উহুদের পথে তিনি সরাসরি অপমানের মুখোমুখি হয়েছিলেন। ঘটনাটি বুঝতে হলে আগে জানতে হবে, সেই যুদ্ধ কেন হচ্ছিল।

বদরের পরাজয় ও কুরাইশদের প্রতিশোধের প্রস্তুতি

আবূ সুফিয়ান বিন হারব ব্যবসায়ী কাফেলা নিয়ে শাম থেকে মক্কায় ফিরছিল। মুসলমানরা তাদের ওপর হামলা করার উদ্দেশ্যে বের হলেন। আবূ সুফিয়ান কাফেলা নিয়ে পালিয়ে বাঁচলো। কুরাইশ গোত্র এ সংবাদ পেয়ে অস্ত্রসজ্জিত বিরাট এক বাহিনী নিয়ে বেরিয়ে পড়ল। বদর প্রান্তরে মুসলমান ও কুরাইশদের মাঝে যুদ্ধ হলো। মুসলমানগণ জয় লাভ করলেন। কুরাইশ কাফেরদের ৭০ জন মারা পড়ল আর ৭০ জন বন্দী হলো। যারা প্রাণে বেঁচে গিয়েছিল তারা ক্ষত-বিক্ষত ও ক্ষুধার্ত অবস্থায় কোনো রকমে পালিয়ে ফিরে গেল। এদিকে আবূ সুফিয়ানও তার কাফেলা নিয়ে মক্কায় পৌঁছলো।

যুদ্ধবিদ্ধস্ত ও পরাজিত কুরাইশ বাহিনী তখন ক্ষত-বিক্ষত । মক্কাবাসীদের অবস্থা তখন খুব করুণ। আব্দুল্লাহ ইবনে আবী রাবিয়া, ইকরামা বিন আবৃ জাহেল এবং সফওয়ান বিন উমাইয়াসহ কুরাইশের যারা বদর প্রান্তরে আত্মীয়-স্বজন হারিয়েছে তারা সবাই আবূ সুফিয়ানের কাছে গেল। এরপর তারা আবূ সুফিয়ানসহ সেই ব্যবসায়ী কাফেলায় যাদের পণ্য-দ্রব্য ছিল তাদের সকলের সাথে কথা বললো। তারা বললো, হে কুরাইশ সম্প্রদায়, মোহাম্মদ আমাদের সর্বনাশ করেছে আর তোমাদের প্রিয় নেতাদেরকে হত্যা করেছে। তাই যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য তোমরা এ কাফেলার সব মাল দিয়ে দাও। আমরা প্রতিশোধ নিবো। তারপর তারা যা করেছিল তার বর্ণনা আল্লাহ তাআলা কুরআন মজীদে এভাবে দিয়েছেন-

إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ فَسَيُنْفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ ۗ وَالَّذِينَ كَفَرُوا إِلَىٰ جَهَنَّمَ يُحْشَرُونَ
অর্থ : “নিশ্চয় যারা কুফরি করেছে তারা আল্লাহর পথে বাঁধা দানের জন্য নিজেদের ধন দৌলত খরচ করেছে। এটা তাদের জন্য দুঃখের কারণ হবে। তারপর তারা পরাজিত হবে। আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে।” সূরা আল-আনফাল — আয়াত ৩৬ [২]

এরপর তারা প্রতিশোধ নেয়ার জন্য পূর্ণ উদ্যমে প্রস্তুতি নিতে লাগলো। এদের সাথে মিত্র দুই গোত্র বনি কেনানা এবং বনি তেহামাও যোগ দিল। তারা সবাই স্ত্রীদের সাথে নিয়ে নিলো, যাতে যুদ্ধক্ষেত্র থেকে পুরুষদের পালানোর কোনো পথ না থাকে। আবূ সুফিয়ান তার স্ত্রী হিন্দা বিনতে ওতবাকে সাথে নিলো। ইকরামা বিন আবূ জাহেল তার স্ত্রী উম্মে হাকিম বিনতে হারেসকে নিয়ে বের হলো। হারেস ইবনে হিশাম তার স্ত্রী ফাতেমা বিনতে ওলিদ বিন মুগিরাকে সাথে নিলো।

উহুদের পথে পরামর্শ ও প্রস্তুতি

কুরাইশরা রওয়ানা হলো। তারা মদিনার নিকটস্থ একটি উপত্যকার পাশে তাবু গাড়ল। রাসূলুল্লাহ (সাঃ) তাদের খবর শুনে সাহাবিদের সাথে পরামর্শ করলেন। তিনি প্রস্তাব দিয়ে বললেন, ‘আমার ভাবনা হলো, আমরা মদিনাতেই অবস্থান করবো। তারা মদিনায় প্রবেশ করলে তাদেরকে আক্রমণ করব। তোমরা কী বলো?’ তখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নি বা করতে পারে নি এমন কিছু সাহাবি (রা:) বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খেয়াল হলো, আমরা মদিনার বাইরে গিয়ে উহুদ প্রান্তরে তাদের মোকাবিলা করব। বদর যুদ্ধে অংশ গ্রহণকারীরা যে মর্যাদা লাভ করেছিল তারাও সে মর্যাদা লাভের আশা করছিল। এ জন্য তারা এর ওপর জোর দিচ্ছিল। তাদের পীড়াপীড়িতে অবশেষে রাসূলুল্লাহ (সাঃ) ঘরে গিয়ে শিরোস্ত্রান পরে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে বের হলেন। তারা রাসূলুল্লাহ (সাঃ)-কে এ অবস্থায় দেখে লজ্জিত হলো। তারা বুঝতে পারল তাদের পীড়াপীড়ির কারণে রাসূলুল্লাহ (সাঃ) মদিনার বাইরে বের হয়ে যুদ্ধ করতে এক রকম বাধ্য হয়েছেন। তাই তারা বললো, ‘ইয়া রাসূলুল্লাহ! আপনি চাইলে মদিনায় অবস্থানের ফয়সালাও দিতে পারেন। আমরা তা মেনে নিতে প্রস্তুত। আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।’ রাসূলুল্লাহ (সাঃ) বললেন, ‘যুদ্ধের প্রস্তুতি নিয়ে শিরোস্ত্রান পরার পর আল্লাহ তাআলা তাঁর নবী ও শত্রুদের মাঝে কোনো ফয়সালা করার আগে তা খুলে ফেলা কোনো নবীর পক্ষে সমীচীন নয়।[৩]

আবূ সুফিয়ানসহ মুশরিকরা উহুদ পাহাড়ের পাদদেশে এলে বদরের যুদ্ধে অনুপস্থিত সাহাবিগণ শত্রুর মুখোমুখি হবেন ভেবে খুশি হলেন। তারা বললেন, আল্লাহ আমাদের আশা পূর্ণ করেছেন। নবী করিম (সাঃ) তখন সাহাবিদেরকে বললেন, এমন সংক্ষিপ্ত কোনো রাস্তা দিয়ে আমাদেরকে কে উহুদ প্রান্তরে নিয়ে যেতে পারবে? যেখান দিয়ে গেলে শত্রুরা আমাদের ব্যাপারে টের পাবে না। তখন বনু হারেসা ইবনুল হারেস গোত্রের আবূ খায়সামা নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বললো, আমি পারব ইয়া রাসূলুল্লাহ! তখন তারা বনু হারেসার বিভিন্ন বাগান ও ক্ষেতের মধ্য দিয়ে যাত্রা করলেন।

মারবা বিন কায়জির ঘটনা: রাসূল (সাঃ) ফিরেও তাকালেন না

মারবা বিন কায়জী নামক একজন অন্ধ মুনাফিক ছিল। মুসলিম বাহিনী যখন তার বাগান অতিক্রম করছিলেন তখন সে রাসূলুল্লাহ (সাঃ) ও তাঁর সাথিদের আগমন আঁচ করতে পেরেই তাদের দিকে ঢিল ছুঁড়তে লাগলো। এরপর সে বললো, আপনি যদি আল্লাহর রাসূল হন তাহলে আপনার জন্য কোনোভাবেই আমার বাগানে প্রবেশের অনুমতি নেই। তারপর সেই নরাধম বড় একটি মাটির ঢিল হাতে নিয়ে বললো, আমি যদি নিশ্চিতভাবে জানতাম, এই মাটির ঢেলা মুহাম্মদকে লাগাতে পারবো, তাহলে অবশ্যই এটা তার মুখে মারতাম।

সাহাবিরা এটা শুনে তাকে শায়েস্তা করার জন্য তার ওপর আক্রমণ করতে উদ্যত হলেন। রাসূল (সাঃ) বললেন, তোমরা তাকে মারধর করো না ৷ তার চোখ যেমন অন্ধ হৃদয়ও তেমনি অন্ধ। রাসূলুল্লাহ (সাঃ) হেঁটে চলে গেলেন। সেই মুনাফিকের দিকে ফিরেও তাকালেন না। কারণ তিনি ছিলেন গাম্ভীর্যপূর্ণ, অভিজ্ঞ ও বুদ্ধিমান। নির্বোধদের কথায় তিনি কিভাবে কান দেবেন । তুচ্ছ জিনিসের কারণে তিনি কখনো রাগান্বিত হতেন না। যদি ঘেউ ঘেউকারী সব কুকুরকেই পাথর ছুঁড়ে মারতে যান- তাহলে একসময় এক তোলা পাথরও একটি স্বর্ণের বার দিয়ে কিনতে হবে। কুকুর তো ঘেউ ঘেউ করবেই। কাফেলাকেও তার পথে তো চলতে হবে।[৪]

আরও পড়ুন: মন্দের বিপরীতে উত্তম ব্যবহার করুন | সুখী জীবনের ৩৬তম সূত্র

উপসংহার: বাতাস পাহাড়কে নাড়াতে পারে না

হিমালয়ের তুষারাবৃত চূড়া: ঝড়-বাতাসেও অটল, পাহাড়ের মতো দৃঢ় হোন
যুগ যুগ ধরে ঝড়-বাতাস বয়ে গেছে, পাহাড় নড়েনি। আপনিও হোন তেমনই অবিচল। দুঃখ যদি হিমালয়ের মতো বিশাল হয়, তবে মনটাও হোক হিমালয়ের মতো অটল। এই ভাবনাটি মনে করিয়ে দেয় শিল্পী খালিদের গান “যদি হিমালয় হয়ে দুঃখ আসে”-কে। ছবি: হিমালয়। উৎস: Canva

গ্রামের সভায় লেখক নীরব ছিলেন, উহুদের পথে নবীজি (সাঃ) ফিরে তাকাননি। দুটি ঘটনার শিক্ষা এক: রাগের মুহূর্তে আপনার শান্ত থাকাটাই আপনার শক্তি। যে মানুষ প্রতিটি ঘেউ ঘেউয়ের জবাব দেয়, সে নিজের পথই হারায়।

পুনশ্চ: বাতাস কখনো পাহাড়কে নাড়াতে পারে না। বাতাস তো বালি নিয়ে খেলা করে। বালিকে যেখানে খুশি সেখানে উড়িয়ে নিয়ে যেতে পারে। পাহাড়কে কিছুই করতে পারে না।

প্রিয় পাঠক পাঠিকা, আপনার কাছের কেউ কি অল্প কথায় রেগে যায়? এই লেখাটি তার সাথে শেয়ার করুন। হয়তো একটি লাইনই তার জীবন বদলে দিতে পারে।

আপনি কি কখনো রাগের মুহূর্তে চুপ থেকে পরিস্থিতি সামলেছেন? নিচে কমেন্টে শেয়ার করুন।

এরপর পড়ুন: গালমন্দ করে কী লাভ? (coming soon)

আপনি পড়ছেন: জীবনকে উপভোগ করুন (Enjoy your life in bangla) বই থেকে।

সম্পাদনা ও সংযোজন: সৈয়দ রুবেল উদ্দিন — আমার বাংলা পোস্ট.কম

অতএব, জীবনকে উপভোগ করার ৪৯তম সূত্র হলো — পাহাড়ের মতো দৃঢ় হোন ।

তথ্যসূত্র ও টীকা

১. সহিহ মুসলিম, হাদিস ১৪২৬। আয়িশা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ তাঁর স্ত্রীদের যে মোহর প্রদান করেছিলেন, তার পরিমাণ ছিল ৫০০ দিরহাম। আলোচ্য বক্তব্যে এই বর্ণনাটিকেই ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। ↑

২. আল-কুরআন: সূরা আল-আনফাল, আয়াত ৩৬। এ আয়াতে আল্লাহর পথে বাধা দেওয়ার উদ্দেশ্যে অবিশ্বাসীদের সম্পদ ব্যয় এবং তার পরিণতির কথা বলা হয়েছে। আয়াতটি পড়ুন | আয়াতের ব্যাখ্যা (তাফসির) দেখুন। ↑

৩. উহুদ যুদ্ধের প্রস্তুতি: উহুদ যুদ্ধের আগে রাসূলুল্লাহ (সাঃ) সাহাবিদের সঙ্গে পরামর্শ করেন। মদিনায় অবস্থান করে যুদ্ধ করা অথবা বাইরে গিয়ে শত্রুর মোকাবিলা করা—এ বিষয়ে মতবিনিময়ের পর তিনি যুদ্ধের প্রস্তুতি নেন। বর্ম পরার পর তা খুলে না ফেলার বক্তব্যটিও সীরাত ও হাদিসের ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়। উহুদ যুদ্ধের ঐতিহাসিক বর্ণনা দেখুন। ↑

৪. আবু খায়সামা ও মারবা ইবনে কায়জির ঘটনা: উহুদ অভিযানের সময় আবু খায়সামা (রা.) মুসলিম বাহিনীকে এমন একটি পথ দিয়ে নিয়ে যান, যাতে শত্রুরা সহজে তাদের উপস্থিতি টের না পায়। পথে মারবা ইবনে কায়জি নামের এক অন্ধ ব্যক্তির সঙ্গে সংঘটিত ঘটনার বিবরণও সীরাতের গ্রন্থে পাওয়া যায়। এটি সীরাতের ঐতিহাসিক বর্ণনা; সহিহ বুখারি বা সহিহ মুসলিমের হাদিস হিসেবে উপস্থাপন করা উচিত নয়। উহুদ অভিযানের বর্ণনা পড়ুন | ইবনে কাসিরের বর্ণনা দেখুন। ↑

Leave a Comment