ভিক্ষুকের বেশে প্রাসাদের ফটকে দাঁড়িয়ে আছেন এক আগন্তুক, আর ভেতরে চলছে নাচ-গানের জমকালো আসর। এটি মালাকুল মউতের গল্প, যিনি কারও অনুমতি ছাড়াই আসেন। আজরাইলের গল্প আমাদের শেখায়, মৃত্যু যেকোনো মুহূর্তে দরজায় কড়া নাড়তে পারে।
মালাকুল মউতের দুটি হৃদয়স্পর্শী ঘটনা (আজরাইলের গল্প)
উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদীস হযরত মাওলানা যাকারিয়া (রহ.) ‘মউত কি ইয়াদ’ নামক গ্রন্থে একটি চমৎকার ঘটনা বর্ণনা করেছেন। আমার মনে হয় সর্ব শ্রেণীর মানুষের শিক্ষা গ্রহণের জন্য এই একটি ঘটনাই যথেষ্ট। (হৃদয় গলে সিরিজের পাঠক ভাই-বোনদের জন্য এবার এ ঘটনাটিসহ আরও কয়েকটি প্রয়োজনীয় কথা লিখে দিলাম। আশা করি এ থেকে সকলেই উপকৃত হব ।)
ধনকুবেরের প্রাসাদে ভিক্ষুকবেশী মৃত্যুদূত (মালাকুল মউতের গল্প ১)
অঢেল সম্পদের মালিক এক ধনাঢ্য ব্যক্তি। টাকা-পয়সা, ধন-ঐশ্বর্য কোনো কিছুর অভাব নেই। আরাম আয়েশের এমন কোন বস্তু নেই যা তার সংগ্রহে ছিল না। বিশাল বিত্তশালী হওয়ার কারণে যখন যা মনে চাইত তাই করত সে। দুর্বল লোকেরা তার ভয়ে থর থর করে কাঁপত।
লোকটির চাকর নওকরের যেমন অভাব নেই, তেমনি অভাব নেই বন্ধু-বান্ধবেরও। অবৈধ পয়সা দিয়ে ইতোমধ্যেই সে বেশ কয়েকটি আলীশান প্রাসাদ নির্মাণ করেছে। প্রাসাদের ভিতর বাইরের কারুকার্য সকলকেই মুগ্ধ করে। সর্বশেষ নির্মিত প্রাসাদটি ছিল সবচেয়ে বড় ও অত্যধিক বিলাস বহুল। সম্মুখে রয়েছে জানা অজানা রং বেরংয়ের ফুলের বাগান। এ প্রাসাদটির নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ করে একদিন সে বন্ধু- বান্ধব ও আত্মীয় স্বজনদের দাওয়াত করল। তৈরি করল নানা রকমের মুখ রোচক খাবার। আর সবশেষে রাখল সুন্দরী কণ্ঠশিল্পীদের নাচ-গানসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আর বিভিন্ন পর্বে দেশী-বিদেশী মদ্য পানের আয়োজন তো আছেই।
নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হল। বিলাসী ধনকুবের স্বর্ণ নির্মিত সিংহাসনে উপবিষ্ট। মনে তার অসীম আত্মতৃপ্তি। অহংকার সীমাহীন। উঁচু সিংহাসনে বসে সবকিছু দেখাশুনা করছে। এক সময় খাওয়া দাওয়ার পালা শেষ হল।
সিংহাসনে বসে আরাম প্রিয় লোকটি একবার এদিকে আরেকবার ওদিকে তাকায়। তার চোখের ইশারায় চাকর নওকররা নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছে। কেউ তাকে বাতাস করছে। কেউ মেহমানদের খেদমত করছে, আবার কেউ বা তার হাত পা দাবিয়ে দিচ্ছে। এক কথায়, তার ইঙ্গিত আর অঙ্গুলি হেলনে উঠা বসা করছে শত শত আদম সন্তান।
এ চমকপ্রদ দৃশ্য দেখে বিলাসী লোকটির হৃদয় আনন্দে আপ্লুত হয়। তার সমস্ত অন্তর জুড়ে বইতে থাকে খুশির বন্যা। গর্বে ফুলে উঠে বুকের পাটা। ভাবে সে, এ জীবনে যত সম্পদ উপার্জন করেছি দীর্ঘকাল যাবত আমার কোন ভাবনারই প্রয়োজন হবে না। ওহ, আমার মতো সম্পদশালী ক’জন আছে!
বিলাস প্রিয় অত্যাচারী লোকটি যখন চরম উদ্ধত ভাব নিয়ে এসব কথা চিন্তা করছিল ঠিক তখনই প্রাসাদের প্রধান ফটকে বিকট এক আওয়াজ হল। এ আওয়াজ উপস্থিত সকলেই শুনতে পেল । কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শেষ করে গৃহকর্তা সহ সবাই এতক্ষণে সুন্দরী ললনাদের সুমধুর কন্ঠের গান আর নৃত্যের মধ্যে এতটাই বিভোর হয়ে পড়েছিল যে, কোথায় কি আওয়াজ হল সেদিকে ভ্রুক্ষেপ করার মত মানসিকতা তাদের ছিল না। শুধু প্রহরীদের একজন এগিয়ে গিয়ে দেখল, ছিন্ন বস্ত্র পরিহিত একজন জীর্ণ শীর্ণ ভিক্ষুক ফটকের সামনে দাঁড়িয়ে আছে।
প্রহরী ভিক্ষুককে আচ্ছামত তিরস্কার করে বলল, এতবড় আওয়াজ কেন করলে? তুমি কি জান না যে, আজ এ বাড়িতে বিশেষ অনুষ্ঠান আছে? বহু দূর দূরান্ত থেকে মেহমান এসেছে? ডিস্টার্ব করার অন্য কোন সময় পেলে না বুঝি? যাও! এখুনি এখান থেকে সরে যাও। নইলে অপমান করে তাড়িয়ে দিতে বাধ্য হব।
প্রহরীর কথায় ভিক্ষুক মোটেও বিরক্ত হল না। সে বিনয়ের সাথে বলল-: তোমার গৃহকর্তাকে আমার নিকট পাঠিয়ে দাও। তার সাথে আমার কিছু জরুরি কথা আছে।
ভিক্ষুকের কথা শুনে চাকর অবাক না হয়ে পারল না। বিস্ময় বিস্ফারিত চোখে কিছুক্ষণ সে ভিক্ষুকের দিকে তাকিয়ে রইল। তারপর বিদ্রূপের হাসি হেসে বলল-
: তুমি কি চেন আমার গৃহকর্তা কে, কি তার পরিচয়? যার হাতের ইশারায় হাজারো লোক উঠা-বসা করে, আর তোমার মতো ভিক্ষুক কিনা এসেছো তাঁর সাথে সাক্ষাত করতে! হাসি পায় তোমার আচরণে।
এবার শান্ত ভিক্ষুক আরো শান্ত হল। সে প্রহরীর তিরস্কার গায়ে না মেখে আগের মতোই নিরুত্তাপ কন্ঠে বলল-
: তোমাকে যা বলি তা শোন । আমি তোমার মনিবের সাথে দুটি কথা বলতে চাই- এ সংবাদটুকু তুমি তার কাছে পৌঁছে দাও ।
প্রহরী কথা না বাড়িয়ে মনিবের নিকট সংবাদ পৌঁছে দিল। বলল, আপনার সাথে এক ভিক্ষুক সাক্ষাৎ করতে চায়।
এ আনন্দঘন পরিবেশে যে কোন লোকের সাক্ষাৎই বিরক্তকর। তার উপর আবার ভিক্ষুক। সংবাদ শুনে মনিবের রাগ চরমে ওঠে। কঠিন হয়ে ওঠে গোটা মুখমন্ডল ৷ দৃষ্টিতে ঝরে পড়ে অগ্নিস্ফুলিঙ্গ । তিনি ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে বলেন, একজন তুচ্ছ ভিক্ষুকের এত বড় স্পর্ধা! মুখের উপর দু’একটি ঘা লাগিয়ে এই ধৃষ্টতার মজা দেখিয়ে দিলে না কেন? বুঝিয়ে দিলে না কেন আমার সাথে সাক্ষাতের স্বাদ কত তিক্ত?
এমন সময় ভিক্ষুক আবার ফটকে প্রচন্ড শব্দে আঘাত করল। আঘাতের তীব্রতা এতই বেশী ছিল যে, গোটা আলিশান প্রাসাদ কেঁপে উঠল। প্রহরী পুনরায় দৌড়ে এসে ফটকে উপস্থিত হল। ভিক্ষুক তাকে বলল, তোমার কর্তাকে গিয়ে বল, আমার নাম মালাকুল মউত । আমি তার প্রাণ সংহারের জন্য এসেছি।
চাকর চমকে উঠল। সে তড়িঘড়ি করে মনিবকে বলল, আলীজা ! লোকটির বাহ্যিক বেশ ভিক্ষুকের মতো হলেও সে মূলতঃ ভিক্ষুক নয়। সে নাকি মালাকুল মউত- আজরাইল (আ.) । আপনার জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভিয়ে দেয়ার জন্যেই সে এসেছে।
মালাকুল মউতের নাম শুনার সাথে সাথে ভয়ার্ত কন্ঠে আর্তনাদ করে উঠলেন মনিব। থরথর করে কেঁপে উঠে তার হৃদপিন্ড। বিবর্ণ হয়ে উঠে মুখ মন্ডল। যার আলিশান প্রাসাদে এখনো পুরোদমে নাচগানের আসর চলছে, যিনি ছিলেন আজকের আসরের মধ্যমনি, যার চোখের ইশারায় শত শত লোক কঠিন থেকে কঠিনতর কর্ম সম্পাদন করে- সেই মনিবেরই আজ বিদায়, চির বিদায়। এ যে কল্পনারও অতীত!
মালাকুল মউতের সামনে যেতে গৃহকর্তার সাহস হল না। তিনি এক চাকরকে বললেন, তুমি গিয়ে তাকে বল, আজ যেন তার পরিবর্তে অন্য কারও প্রাণ সংহার করা হয়।
ইত্যবসরে ভিক্ষুকবেশী মৃত্যুদূত নিজেই প্রবেশ করে মালিককে বলল, ভিক্ষুক মনে করে আমাকে তুমি বেশ অবজ্ঞা করেছিলে, তাই না? যা হোক, তোমার মৃত্যুর সময় একেবারেই নিকটবর্তী। সুতরাং করণীয় কিছু থাকলে এখনই সেরে ফেল। আমি কিন্তু তোমার জান না নিয়ে আজ ফিরছি না।

গৃহকর্তা এবার অতীত জীবনে ফিরে গেল।
সে দেখল তার গোটা জীবন অন্যায় অপকর্মে পরিপূর্ণ। এমন কোন দুষ্কর্ম নেই যা সে করেনি। কোন দিন সে এক ওয়াক্ত নামাজ পড়ে নি। একটি রোযা রাখে নি। হজ্জ করার সামর্থ থাকা সত্ত্বেও হজ্ব করে নি। আর যাকাত দিবে তো দূরের কথা, এর প্রয়োজনীয়তাও সে অনুভব করে নি। তার লোভ লিপ্সা অনেক মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অনেকে নিয়েছে চির বিদায়। কত সুন্দরী নারী ইজ্জত হারিয়েছে তার হাতে, তারও কোন হিসেব নেই। কত গরিব অসহায় মানুষ তার নির্মম অত্যাচারে নিষ্পেষিত হয়েছে তারও কোন ইয়ত্তা নেই। আজকের এই বিদায়ের মুহূর্তে সবই তার মনে পড়ছে।
এসব কথা কিছুক্ষণ চিন্তা করে গৃহকর্তা চরম আক্ষেপ করতে লাগল। এক পর্যায়ে সিন্দুক থেকে যাবতীয় দিনার দিরহাম ও হীরামুক্তা বের করে মাটিতে রেখে আফসোসের স্বরে বলল, হে দুনিয়ার সম্পদ! তোমার উপর আল্লাহর লানত হোক। তুমিই আমাকে আল্লাহর ইবাদত থেকে বিরত রেখেছ। তোমার কারণেই আজকে আমি খালি হাতে কবরে যাচ্ছি। তোমার জন্যই আল্লাহকে ডাকার সুযোগ পাই নি আমি।
এ সময় আল্লাহ তাআলা সম্পদের বাকশক্তি খুলে দিলেন। সম্পদ বলতে লাগল, হে আল্লাহর বান্দা! আমাকে কেন অযথা অভিশাপ দিচ্ছ? অথচ আমার কারণেই তুমি বড় বড় রাজা-বাদশাদের সাক্ষাৎ লাভ করতে। আমার কারণেই তুমি সুন্দরী নারী দেহ ভোগ করতে। আমার উসিলাতেই তুমি রাজার হালে চলাফেরা করতে। আমাকে পেয়ে তুমি ডুবে গিয়েছিলে অপকর্মের মহাসমুদ্রে। কিন্তু এতে আমার বিন্দুমাত্রও দোষ নেই। কেননা, তুমি ইচ্ছা করলে আমাকে ভাল কাজেও ব্যয় করতে পারতে। হে আল্লাহর দুশমন! তুমি কি দেখ নি, তোমার এলাকার বহু লোক আমার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছে। তারা আমাকে তোমার মতো অন্যায় পথে খরচ করে নি। খরচ করেছে ভাল পথে। তারা আমার দ্বারা অসহায় লোকদের দুঃখ দুর্দশা লাঘব করেছে ৷ মসজিদ মাদরাসা প্রতিষ্ঠা করেছে। এতিম বিধবাদের সাহায্য করেছে। জনকল্যাণমূলক কাজ করেছে। কেউ পানির জন্য কূপ খনন করেছে। কেউ চলাচলের জন্য রাস্তা তৈরী করে দিয়েছে। মোট কথা তারা আমাকে অন্যায় ও অবৈধ পথে খরচ না করে সৎপথে ব্যয় করেছে। ফলে শুধু জনগণের নিকটই নয়, মহান আল্লাহর দরবারেও তারা মহা সম্মানের অধিকারী হয়েছে৷ আর তুমি! তুমি তো আমাকে যেনা-ব্যভিচার মদ- জুয়া, অট্টালিকা নির্মাণ ও নারী দেহ ভোগের পিছনে খরচ করেছ তখন আমার বাধা দেয়ার কোন শক্তি ছিল না। মনে রেখ, তুমি যদি আমাকে আল্লাহ ও রাসূলের নির্দেশিত পথে ব্যয় করতে, তবে কস্মিন কালেও তোমার অবস্থা এমন হতো না। সুতরাং আবারো বলছি, আমাকে দোষ দিও না। তোমার এ অন্যায় ইচ্ছার জন্য তুমিই দায়ী।
সম্পদ তার বক্তব্য শেষ করল। হযরত আযরাঈল (আ.) বিলাসী ধনকুবেরকে আর ভাবার সুযোগ দিলেন না। সঙ্গে সঙ্গে তার জান কবজ করে নিয়ে গেলেন।
আরও পড়ুন: সম্পদ নয় জ্ঞানই উত্তম (শিক্ষণীয় গল্প)
বনি ইসরাঈলের এক অত্যাচারী ও মালাকুল মউত (মালাকুল মউতের গল্প ২)
হযরত ইয়াজিদ রুকাশী (রহ.) বলেন, বনি ইসরাঈলের এক অত্যাচারী নিজের ঘরে স্ত্রীর সাথে আমোদ প্রমোদে লিপ্ত ছিল। এমন সময় ঘরে এক অপরিচিত লোক প্রবেশ করল এতে অত্যাচারী লোকটি ক্রুদ্ধ স্বরে বলল, কে তুমি? কার অনুমতি নিয়ে এখানে প্রবেশ করেছ? তোমার তো দেখছি অনেক সাহস।

উত্তরে সে বলল, এই ঘরের যিনি প্রকৃত মালিক তিনিই আমাকে এখানে আসার অনুমতি দিয়েছেন।
: কি বললে তুমি?
: হ্যাঁ, আমি যা বলেছি, ঠিকই বলেছি। এই ঘরের প্রকৃত মালিকই আমাকে এখানে পাঠিয়েছেন।
: বুঝে শুনে কথা বলো। এই ঘরের মালিক তো আমি।
: তুমি মালিক বটে, তবে প্রকৃত মালিক তুমি নও। প্রকৃত মালিক তো মহান আল্লাহ। আর শোনো, শুধু তুমি নও, অহংকারী দাম্ভিক রাজা বাদশাহের দরবারে যেতেও আমার কোন অনুমতির প্রয়োজন হয় না । আমি হলাম ঐ ব্যক্তি, পৃথিবীর কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাই যার গতিরোধ করতে পারে না।
আগন্তুকের কথাবার্তা শুনে গৃহকর্তা ভয় পেয়ে গেল। সে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে অসহায় ভাবে বলল, তবে কি তুমি মালাকুল মাউত?
: হ্যাঁ, আমি মৃত্যুদূত মালাকুল মউত । তুমি আমাকে ঠিকই চিনতে পেরেছ। আমার হাত থেকে দোর্দন্ত প্রতাপশালী কোন সম্রাট- মহারাজও বাঁচতে পারে না। তুমিও বাঁচতে পারবে না।
: আমার উপর একটু দয়া কর। একটু সময় দাও আমাকে । যেন আমার বিষয় সম্পত্তির উপর একটি অসিয়ত নামা লিখে দিতে পারি। লোকটি করুণ কন্ঠে কথাটি বলল।
: তোমাকে আর সুযোগ দেয়া হবে না। তোমার সময় সুযোগ সব শেষ হয়ে গেছে।
একথা শুনে গৃহকর্তার মুখ একেবারেই ফ্যাকাশে হয়ে গেল। সে ভীত সন্ত্রস্ত কন্ঠে বলল, আমাকে তাহলে কোথায় নিয়ে যাবে তুমি? উত্তরে মালাকুল মউত বলল, তোমার নেক আমল তোমাকে যেদিকে নিয়ে যায় সেদিকেই তোমাকে নিয়ে যাওয়া হবে এবং আখেরাতের বসবাসের জন্য তুমি যে ঘর নির্মাণ করেছ তাতেই তোমাকে রাখা হবে।
লোকটি এবার আরো বিচলিত হয়ে বলল, আমি জীবনে কোনো নেক আমল করি নি এবং আখেরাতের জন্যও কোন ঘর নির্মাণ করি নি।
ফিরিশতা বললেন, তবে তো তোমাকে ঐদিকে নিয়ে যাওয়া হবে যা এ আয়াতে বলা হয়েছে-
অতঃপর ফিরিশতা বিন্দুমাত্র বিলম্ব না করে তার জান কবজ করে নিয়ে চলে গেলেন৷
মৃত্যু যন্ত্রণা: নেককার ও গোনাহগারের মৃত্যুর পার্থক্য
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা! মৃত্যু মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার এক অলঙ্ঘনীয় বিধান। কেউ এ থেকে বাঁচতে পারবে না। বাঁচার কোন উপায়ও নেই। সুতরাং বুদ্ধিমান ঐ ব্যক্তি যিনি সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন।
পাঠকবৃন্দ! এ পৃথিবীতে দু’ধরনের লোক আছে। তন্মধ্যে এক ধরণের লোক হল নেককার, পরহেযগার ও আল্লাহ ওয়ালা। আর আরেক ধরণের লোক হল বদকার, গোনাহগার ও আল্লাহর নাফরমান বান্দা। পারলৌকিক জীবনে এ দু’শ্রেণীর লোকের অবস্থা যেমন ভিন্ন হবে, তেমনি দুনিয়া থেকে বিদায় গ্রহণের সময়ও তাদের অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। নেককার লোকদের মৃত্যু যতটা আছান ও সহজে হবে, বদকার, নাফরমান ও কাফের মুশরেকদের মৃত্যু ঠিক ততটা কঠিন ও ভয়াবহ হবে। সুতরাং মৃত্যুর বিভীষিকাময় পরিস্থিতি থেকে বেঁচে সহজ ও সুন্দর মৃত্যু চাইলে নেককার ও আল্লাহ ওয়ালা হওয়ার কোন বিকল্প নেই।
মৃত্যুদূতের দুই রূপ
একদিন হযরত ইব্রাহিম (আ.) মালাকুল মউত হযরত আযরাইল (আ.) কে বলেছিলেন- ভাই! আপনি যে রূপ ধারণ করে গোনাহগার ও অপরাধীদের জান কবয করেন, সে রূপটি আমাকে একটু দেখাবেন কি?
আযরাঈল (আ.) বললেন, হযরত! এ এক ভয়ংকর অবস্থা। এ অবস্থা দেখার শক্তি আপনার নেই। আপনি কিছুতেই তা বরদাশত করতে পারবেন না।
হযরত ইব্রাহীম (আ.) বললেন- না, আমি পারব। আপনি মেহেরবানি করে আমাকে দেখিয়ে দিন।
হযরত আযরাঈল (আ.) বললেন, ঠিক আছে। আপনি তাহলে অন্য দিকে মুখ ফিরান। হযরত ইব্রাহীম (আ.) তাই করলেন। অতঃপর হযরত আযরাঈল (আ.) আপন রূপ পরিবর্তন করে বললেন, এবার তাকিয়ে দেখুন। হযরত ইব্রাহীম (আ.) মুখ ফিরিয়ে দেখলেন, দানবরূপী কালো কুৎসিত এক ব্যক্তি বিশাল আকৃতি নিয়ে দন্ডায়মান। চুলগুলো অনেক লম্বা। পোষাক থেকে বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে। হযরত ইবরাহীম (আ.) আযরাঈল (আ.) এর এই ভয়াবহ রূপ দর্শনে বেহুঁশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। দীর্ঘক্ষণ পর তার হুঁশ ফিরে এল। এবার তিনি দেখলেন, হযরত আযরাঈল (আ.) তাঁর আসল আকৃতিতে ফিরে গেছেন।
হুঁশ ফিরে আসার পর হযরত আযরাঈল (আ.) হযরত ইব্রাহীম (আ.)কে সম্বোধন করে বললেন, হুজুর! কেমন দেখলেন আমাকে?
হযরত ইব্রাহীম (আ.) বললেন, যদি গোনাহগার লোকদের জন্য আর অন্য কোন শাস্তি ও মুসিবতের ব্যবস্থা না হত, তবে আপনার এই ভয়ংকর আকৃতিই তার শাস্তির জন্য যথেষ্ট হত।
অতঃপর হযরত ইব্রাহীম (আ.) হযরত আযরাঈল (আ.) কে বললেন, এবার আপনি অনুগ্রহ করে আপনার ঐ রূপটিও প্রদর্শন করুন যে রূপে আপনি নেককার মুমিনদের জান কবয করে থাকেন।
হযরত ইবরাহীম (আ.) এর আবেদনে হযরত আযরাঈল (আ.) রূপ পরিবর্তন করলেন। এবার তাকে দেখা গেল একজন সুন্দর-সুদর্শন বলিষ্ঠ যুবকের ন্যায়। তার পোশাক খুবই মূল্যবান ও উন্নতমানের। দেহ থেকে ছড়িয়ে পড়া সুগন্ধি চতুর্দিক বিমোহিত করে তুলেছে। চেহারায় বেশ আভিজাত্যের ছাপ। উজ্জ্বল দীপ্ত মুখমন্ডল। মনে হল, এমন সুন্দর সুপুরুষ ও শান্তি প্রিয় মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।
হযরত আযরাঈল (আ.) এর দ্বিতীয় রূপ দেখে হযরত ইব্রাহীম (আ.) বললেন, আল্লাহর প্রিয় ও নেককার বান্দারা যদি আপনার এই সুদর্শন আকৃতি ও শুভ্র জোসনার মতো নির্মল মুখখানা দর্শন ছাড়া অন্য কোন আনন্দদায়ক জিনিস নাও পায়, তবে এটাই তাদের মনের তৃপ্তি ও আনন্দ লাভের জন্য যথেষ্ট হবে।
মৃত্যুর কষ্ট
এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জান, মৃত্যুর কষ্ট হাজার স্থানে তরবারির আঘাত অপেক্ষাও বেশী মারাত্মক।
হযরত শাদ্দাদ ইবনে আউস (রহ.) বলেন, মউত দুনিয়া ও আখিরাতের সকল কষ্ট অপেক্ষা অধিক মারাত্মক। করাত দিয়ে চিরার চেয়েও ভয়াবহ। কেচি দিয়ে কর্তন করা অপেক্ষা বেশী কষ্টদায়ক এবং উত্তপ্ত পাত্রে বসিয়ে নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দেয়ার কষ্টের চেয়েও অনেক কষ্টকর।
জালেম অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণার বর্ণনা দিতে গিয়ে মহান রাব্বুল আলামীন সূরা আনআমের ৯৩ নং আয়াতে বলেন—
অন্য আয়াতে আল্লাহ পাক বলেন—
কাফিরের মৃত্যু
হাদীস শরীফে আছে, যখন কোন কাফিরের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আকাশ হতে কালো কুশ্রী ও কদাকার চেহারার কিছু সংখ্যক ফিরিশতা তার নিকট আসে। তাদের সাথে থাকে ছালার চট। ভয়ংকর আকৃতির এ ফিরিশতাগুলো মুমূর্ষু ব্যক্তির শেষ সীমা পর্যন্ত স্থানে স্থানে বসে যায়। অতঃপর মৃত্যুদূত হযরত আযরাঈল (আ.) লোকটির মাথার কাছে বসে বড়ই তাচ্ছিল্যের সাথে বলতে থাকেন- ওরে পাপাচার দুরাত্মা! আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয়।
আযরাঈল (আ.) এর কন্ঠ চিরে বেরিয়ে আসা এই জলদ গম্ভীর আদেশ শুনে ভয়ে লোকটির আত্মা দেহের অভ্যন্তরে ছুটাছুটি করতে থাকে। (কিন্তু কোথাও গিয়ে সে বাঁচতে পারে না) শেষ পর্যন্ত মালাকুল মউত তার দেহ থেকে আত্মাটিকে এমন কষ্ট দিয়ে বের করে আনেন যেমন কাঁটাযুক্ত শলাকায় জড়ানো ভেজা পশমী সূতাকে জোরে টেনে পৃথক করা হয়। অতঃপর সঙ্গে আসা ফিরিশতারা রূহটিকে চটের মধ্যে পেঁচিয়ে নেয়। সে চট থেকে এরূপ মারাত্মক দুর্গন্ধ ছড়াতে থাকে যেরূপ পচা গলা লাশ থেকে বেরিয়ে থাকে। অতঃপর আত্মাটিকে আসমানের দিকে নিয়ে যাওয়ার সময় ফেরেশতাদের যে কোন দলের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে তারা জিজ্ঞেস করেন, কোন বদকারের এই অপবিত্র আত্মা? তখন উত্তরে বলা হয়, এটা অমুকের পুত্র অমুকের আত্মা।
এরপর ফিরিশতারা তাকে নিয়ে প্রথম আকাশে পৌঁছে যায় । সেখানে গিয়ে আসমানের দরজা খুলতে বলা হয়। কিন্তু তার জন্য দরজা খোলা হয় না।
এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন—
তারপর আল্লাহ তাআলা বলেন এর নাম সিজ্জীনে রক্ষিত দফতরে লিখে নাও যা ভূগর্ভে অবস্থিত। তখন তার রূহকে সেখান থেকেই ভূগর্ভে নিক্ষেপ করা হয়।
হযরত ইবরাহীম তাইমী (রহ.) বলেন, দুটি জিনিস আমার থেকে দুনিয়ার স্বাদ কেড়ে নিয়েছে। তম্মধ্যে একটি হল মৃত্যু আর অপরটি হল আল্লাহর সামনে দন্ডায়মান হওয়ার ভাবনা।
নাফরমান তথা আল্লাহর অবাধ্য বান্দাদের মৃত্যু
হাদীস শরীফে আছে যখন কোন ফাসেক-পাপাচারী ও নাফরমানের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা হযরত আযরাঈল (আ.) কে বলেন, আমার অমুক দুশমনের নিকট যাও। তার জান নিয়ে আস। আমি তাকে সব ধরণের সুযোগ দান করেছি, চতুর্দিক থেকে নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছি, কিন্তু এসব নিয়ামতের কথা সে বেমালুম ভুলে গিয়ে আমার নাফরমানিতে আকন্ঠ নিমজ্জিত রয়েছে। সে আমার কথামত চলে নি। আমার রাসূলের তরিকা মত জীবন যাপন করে নি। তার মনে যা চেয়েছে তাই সে করেছে। আমার আদেশ নিষেধের কোন পরওয়াই সে করে নি। অতএব আজকে তাকে ধরে নিয়ে এসো। আমি তাকে শাস্তি দেব।
আল্লাহ পাকের নির্দেশ পেয়ে হযরত আযরাঈল (আ.) অত্যন্ত কুশ্ৰী কদাকার অবস্থায় তার সামনে উপস্থিত হন। তখন তার চোখ থাকে ১২টি। হাতে থাকে জাহান্নামের আগুনের তৈরী লোহার মোটা ডান্ডা। সাথে থাকে পাঁচশত (আযাবের) ফিরিশতা। এসব ফিরিশতাদের প্রত্যেকের কাছে থাকে তামার টুকরো ও আগুনের ন্যায় উত্তপ্ত চাবুক। আযরাঈল (আ.) এসে প্রথমেই সেই মুমূর্ষু নাফরমান বান্দাকে ডান্ডা দ্বারা পিটাতে থাকেন। এতে ডান্ডার গায়ে লাগানো কাঁটাগুলো তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় বিদ্ধ হয়। এ সময় সঙ্গে আসা অন্যান্য ফিরিশতারাও বসে থাকে না। তারাও হাতের চাবুক দ্বারা দেহের বিভিন্ন অংশে প্রচন্ড জোড়ে আঘাত করতে থাকে। ফলে এক সময় সে বেহুঁশ হয়ে পড়ে। হযরত আযরাঈল (আ.) তার রূহকে পায়ের আঙ্গুল থেকে বের করে পায়ের গোড়ালীতে আটকে রেখে আবার পিটাতে শুরু করেন। অতঃপর উহাকে গোড়ালী থেকে বের করে প্রথমে হাঁটুতে ও পরে দেহের বিভিন্ন অংশে আটকে রাখে। এ সময় অন্যান্য ফিরিশতারা তামা ও জাহান্নামের কিছু অগ্নিস্ফুলিঙ্গ থুতনীর নিচে রেখে দেয়। এবার মালাকুল মউত তাকে সম্বোধন করে বলে, হে অভিশপ্ত আত্মা! বেরিয়ে এসো এবং ঐ জাহান্নামের দিকে চল যার সম্পর্কে মহান রাব্বুল আলামিন বলেছেন,
এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন—
দেহ থেকে পৃথক হওয়ার পর আত্মা দেহকে সম্বোধন করে বলে আল্লাহ তাআলা তোমাকে নিকৃষ্ট বদলা দান করুন। কারণ তুমি অতি দ্রুত আল্লাহর নাফরমানির কাজে অগ্রসর হতে আর বাধ্যতার কাজে চরম অবহেলা করতে। ফলে তুমি নিজে যেমন ধ্বংস হলে তেমনি আমাকেও ধ্বংস করে ছাড়লে।
রুহের কথা শেষ হওয়ার পর দেহও রূহকে লক্ষ্য করে অনুরূপ কথাবার্তা বলে থাকে। শুধু তাই নয় জমিনের যেসব স্থানে ঐ ব্যক্তি অন্যায় অপরাধ ও খোদার নাফরমানি করেছে, সেসব স্থানও তাকে লানত দিতে থাকে। আর এদিকে শয়তানের চেলা চামুন্ডারা দৌড়ে গিয়ে ইবলিসকে সুসংবাদ শুনায় যে, আজ অমুককে জাহান্নামে পৌঁছে দিয়ে এসেছি । (আল্লাহ পাক সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন।)
মুমিনের মৃত্যু
হযরত বারা ইবনে আজিব (রা.) থেকে বর্ণিত এক হাদীসের শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে বলেন-
হে আমার সাহাবীরা! কোন মুমিন বান্দার মৃত্যুর সময় নিকটবর্তী হলে আকাশ থেকে একদল ফিরিশতা অবতরণ করেন। তাদের চেহারা সূর্যের ন্যায় উজ্জ্বল। তারা জান্নাতি কাফন ও বেহেশতি সুগন্ধি নিয়ে আগমন করে। মুমূর্ষু ব্যক্তি যতদূর দেখতে পায় ততদুর পযর্ন্ত তারা সুশৃংখলভাবে বসে পড়ে। তারপর হযরত আযরাঈল (আ.) আসেন এবং তার শিয়রের নিকট বসে পড়েন। তিনি বলেন, হে পবিত্র আত্মা! আল্লাহ তাআলার ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো।[৫]
এ নির্দেশ প্রাপ্ত হয়ে মুমূর্ষু ব্যক্তির আত্মা আসানির সাথে বেরিয়ে আসে যেমন মশক (অর্থাৎ চামড়ার তৈরী পানির পাত্র) থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে। হযরত আযরাইল (আ.) তখন আত্মাটিকে তার হাতে নিয়ে নেন। তারপর বহুদূর পর্যন্ত বসে থাকা অপেক্ষমান ফিরিশতারা তার হস্ত থেকে রূহটি নিয়ে জান্নাতী কাফনের মধ্যে জড়িয়ে সুগন্ধি লাগিয়ে আকাশের দিকে ছুটে চলে যায়।
ফিরিশতারা যাওয়ার সময় অন্যান্য ফিরিশতার দল তাদেরকে জিজ্ঞেস করে, এটা কোন পবিত্র আত্মা! প্রতি উত্তরে ফিরিশতারা মৃত ব্যক্তির নাম ও তার পিতার নাম উল্লেখ করে। এভাবে চলতে চলতে প্রথম আসমানে পৌছার পর দরজায় করাঘাত করার সাথে সাথে দায়িত্বশীল ফিরিশতারা আসমানের দরজা খুলে দেয়। এমনিভাবে সাত আসমান অতিক্রম করা হয়। প্রতিটি আসমানের ফিরিশতা তাকে পরবর্তী আসমান পর্যন্ত পৌঁছে দেয়। সপ্তম আসমানে পৌঁছার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এ বান্দার নাম ইল্লিয়ীন অর্থাৎ আরশের নিচে রক্ষিত দফতরে লিপিবদ্ধ করে তাকে জমিনে ফিরিয়ে দাও। কারণ মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, তাতেই তাদেরকে ফিরিয়ে দেব এবং পুনরায় সেখান থেকেই আমি তাদেরকে বের করব । মহান আল্লাহর নির্দেশে তার আত্মাকে তার দেহে আবার ফিরিয়ে দেয়া হয়।
অন্য এক হাদীসে আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোন বান্দার প্রতি খুশি হন তখন তিনি মৃত্যুর ফিরিশতা হযরত আযরাইল (আ.) কে বলেন, হে মালাকুল মাউত! তুমি আমার অমুক বান্দার রূহ কবয করে নিয়ে এসো। আমি তাকে আরাম দিব। সুখে শান্তিতে রাখব। তার পরীক্ষা হয়েছে। পরীক্ষায় সে পাশ করেছে। আমার সকল আদেশ নিষেধ পালন করেছে।
এ নির্দেশের পর মালাকুল মাউত সে বান্দার নিকট হাজির হন। তার সাথে থাকে পাঁচশত (রহমতের) ফিরিশতা। যারা এই মৃত্যুপথযাত্রী আল্লাহর অনুগত বান্দাকে এমন নতুন নতুন সুখবর শুনান যা ইতোপূর্বে অন্য কেউ শুনেনি। তাদের নিকট সুগন্ধযুক্ত রাইহানের ডাল ও জাফরানের ফুল থাকে। এ সময় তারা দুই কাতারে লাইন ধরে শৃংখলার সাথে দাঁড়িয়ে থাকেন। হযরত তামীম দারী (রা.) থেকে বর্ণিত অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, (আল্লাহর কোন প্রিয় বান্দার যখন দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় হয় তখন) তিনি মালাকুল মউতকে বলেন, তুমি আমার অমুক বন্ধুর নিকট যাও। তার রূহ নিয়ে এসো। আনন্দ বেদনা, সুখ-দুঃখ সকল অবস্থায় আমি তার পরীক্ষা নিয়েছি। আমি যেমন চেয়েছি তেমনি সে কৃতকার্য হয়েছে। যাও, তাকে নিয়ে এসো, যেন সে দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে আরাম আয়েশ লাভ করতে পারে।
তখন মালাকুল মউত পাঁচশত ফিরিশতার একটি দল নিয়ে তার নিকট আগমন করেন। যাদের কাছে একটি করে জান্নাতি কাফন থাকে। তাছাড়া প্রত্যেকের হাতে থাকে রাইহান ফুলের তোড়া। প্রতিটি ফুলের তোড়া বিশ রকম বিশিষ্ট হয়। আবার প্রতিটি রং এ থাকে ভিন্ন ধরনের নতুন নতুন খুশবু। এ সময় মালাকুল মউতের হাতে রক্ষিত একটি সাদা রেশমি রুমাল থেকে মিশকের ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ে। মালাকুল মউত রুমালটি নিয়ে লোকটির মাথার কাছে বসেন। আর অন্যান্য ফিরিশতারা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা মুমূর্ষু ব্যক্তির প্রতিটি অঙ্গে হাত বুলিয়ে দেন এবং মিশক বিশিষ্ট রুমালটি তার থুত্নীর নিচে রাখেন। এ সময় জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তার সম্মুখে তুলে ধরা হয় এবং এর নতুন নতুন নেয়ামতরাজীর কথা বলে তার মন এমনভাবে ভুলানো হয় যেমন শিশুদের কান্নার সময় পরিবারের লোকেরা বিভিন্ন জিনিস দিয়ে তার মন ভুলিয়ে থাকে । ফলে আল্লাহর এ প্রিয় বান্দার আত্মা আনন্দে আত্মহারা হয়ে বাইরে বের হয়ে আসার জন্য এমন চঞ্চল হয়ে উঠে যেমন চঞ্চল হয়ে উঠে পিঞ্জিরার ভিতর থেকে পাখি বের হওয়ার জন্য।
এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন—
মোটকথা আল্লাহর প্রিয় বান্দাদের মৃত্যুর সময় ফিরিশতারা তাদের সাথে এমন ভদ্র আচরণ ও নম্র কথা বলেন যেরূপ মা তার শিশুর সাথে বলে থাকে। ফলশ্রুতিতে সে আত্মা দেহ থেকে এত সহজে বেরিয়ে যায় যেমন আটা থেকে চুল বেরিয়ে আসে।
যখন রূহ দেহ থেকে আলাদা হয় তখন সব ফিরিশতা তাকে সালাম দেয় এবং জান্নাতের সুসংবাদ শুনায়। এমতাবস্থায় রুহ দেহকে লক্ষ্য করে বলে, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিন। তুমি আল্লাহর হুকুম বাস্তবায়িত করতে, তার ইবাদত আনুগত্যে দ্রুত এগিয়ে যেতে। আর তার অবাধ্যতায় ছিলে অলস ও ধীরগতিসম্পন্ন। অতএব আজকের দিনটি তোমার জন্য মোবারক। তুমি নিজে যা থেকে মুক্তি পেলে আমাকেও তা থেকে মুক্তি দিলে।

অনুরূপভাবে দেহও রূহকে সম্বোধন করে এ জাতীয় কথা বলে। জমিনের যেসব অংশে এ ব্যক্তি অধিকাংশ সময় ইবাদত করতেন, সেগুলো তার বিচ্ছেদে ক্রন্দন করে। শুধু তাই নয়, তার মৃত্যুতে আকাশের ঐসব দরজাও কাঁদতে থাকে যেগুলো দিয়ে তার আমল আকাশে উত্থিত হতো এবং তার রিযিক অবতীর্ণ হতো।
মৃত্যুর প্রস্তুতি: পাঠকের প্রতি আহ্বান
সুপ্রিয় পাঠক! জন্মিলে মরিতে হয় এটি একটি চিরন্তন সত্য কথা। মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রতিটি প্রাণীকেই। আমার আফসোস লাগে ঐসব লোকের জন্য যারা মৃত্যুকে নিশ্চিত জেনেও এর জন্য প্রস্তুতি গ্রহণ করে না। দুনিয়া একটি ধোকার ঘর এতে বিন্দুমাত্রও সন্দেহ নেই। কিন্তু এতদসত্ত্বেও বহু মানুষ মৃত্যুর কথা, কবরের কথা, আখেরাতের কথা ভুলে গিয়ে পার্থিব সাজ সরঞ্জাম ও রং তামাশায় বিভোর রয়েছে। রাত দিন ধন সম্পদ সঞ্চয় ও টাকা পয়সা উপার্জনের ফিকিরে মশগুল। মৃত্যুর কথা, মৃত্যুর বিভীষিকাময় পরিস্থিতির কথা ভুলেও স্মরণ করছে না। অথচ তার খবরও নেই যে, তার নাম জীবিতদের তালিকা থেকে কেটে মৃতদের তালিকায় লিখা হয়ে গেছে। এমনকি তার কাফনের কাপড়ও দোকানে এসে গেছে।
প্রিয় পাঠক! এটা কত বড় বিস্ময়ের ব্যাপার যে, যে কোন মুহূর্তে মৃত্যু আসতে পারে একথা নিশ্চিত করে জানা সত্ত্বেও মানুষ দুনিয়ার সুখ সম্ভোগ নিয়ে ব্যস্ত আছে। কোন ব্যক্তি যদি জানে যে, তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, পুলিশের লোকেরা তকে হন্যে হয়ে খুঁজছে, তবে কি সে আরামের সাথে নিদ্রা যেতে পারবে? পারবে কি সে খুশি আনন্দ আর ভোগ বিলাসে ডুবে থাকতে? না না, কখনোই তা পারবে না। বরং সে তো নিজেকে বাঁচানোর জন্য আহার নিদ্রা ত্যাগ করে যাবতীয় চেষ্টা তদবির চালিয়ে যাবে।
অনুরূপ ভাবে আমরা যখন জানি যে, মৃত্যুর ফিরিশতা হযরত আযরাঈল (আ.) আমাদের অপেক্ষায় অপেক্ষমান, তদুপরি মৃত্যুর শাস্তিও অত্যন্ত ভয়ংকর তা সত্ত্বেও মৃত্যুর ব্যাপারে একেবারে উদাসীন থাকা, এর জন্য তৈরী গ্রহণ না করা চরম বোকামি ও ধৃষ্টতা নয় কি? তাই আসুন, কেবল পার্থিব জীবনকে সুন্দর ও সুখময় করে গড়ে তোলার ধান্ধায় না থেকে, ভোগ বিলাস ও দুনিয়ার চাকচিক্যের পিছনে না পড়ে আজ থেকেই আমরা প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করি এবং এর জন্য যথাযথ প্রস্তুতিও গ্রহণ করি।
আজ এবং এ মুহূর্ত থেকে ইরাদা করি, আমি আমার চব্বিশ ঘন্টা সময়কে শুধু দুনিয়ার পিছনে ব্যয় করব না। বরং আখেরাতের জন্যও ব্যয় করব। সব সময় মাথার মধ্যে মৃত্যুর চিন্তা, পরকালের চিন্তা রাখব, তবেই পরকালের পাথেয় সংগ্রহ করা সহজ হবে। হে করুণাময় আল্লাহ! তুমি তোমার অপরিসীম মেহেরবানীতে আমাদের সকলকে পরিপূর্ণ ঈমান ও তোমার পছন্দসই আমল নিয়ে মৃত্যুবরণ করার তাওফিক দাও। আমিন। সূত্র: মউদ কি ইয়াদ
এই ঘটনা থেকে শিক্ষা
প্রিয় পাঠক-পাঠিকা, মালাকুল মউতের গল্প থেকে আমরা তিনটি শিক্ষা গ্রহণ করতে পারি:
- ধন-সম্পদ ও ক্ষমতা মৃত্যু ঠেকাতে পারে না। প্রথম গল্পের ধনকুবের এবং দ্বিতীয় গল্পের অত্যাচারী, কেউ মৃত্যুদূতকে ফিরিয়ে দিতে পারেনি।
- সম্পদ দোষী নয়, ব্যবহারই আসল। গল্পে সম্পদ নিজেই বলেছে, ভালো পথে ব্যয় করলে সে মসজিদ-মাদরাসা, কূপ ও রাস্তা নির্মাণের মাধ্যম হতে পারত।
- মৃত্যুর পরে আমলের সুযোগ নেই। গল্পের দুজনই অসিয়ত লেখার বা আমল করার সময় চেয়েছিল, কিন্তু সুযোগ পায়নি। তাই প্রস্তুতি এখনই।
উৎস
একটি আহ্বান!
প্রিয় পাঠক-পাঠিকা, মালাকুল মউতের গল্প আপনার অন্তরে মৃত্যুর স্মরণ জাগিয়ে থাকলে এটি পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আজরাইলের গল্প একজনের জীবনেও পরিবর্তন আনলে সেটাই আমাদের প্রাপ্তি। বইয়ের আরও গল্প পড়তে উপরের তালিকা থেকে বেছে নিন।