কাজী অ্যাডাম’র বিরহের কবিতা — নির্বাচিত ৮টি কবিতা

কিছু মানুষ চলে যায় না — তারা শুধু একটি অ্যাকাউন্ট হয়ে, একটি সার্চ হিস্ট্রি হয়ে, একটি ভাঙা কম্পাস হয়ে থেকে যায়। কাজী অ্যাডামের এই ৮টি বিরহের কবিতা সেই থেকে-যাওয়া মানুষদের নিয়েই।

প্রাইভেট অ্যাকাউন্ট

তোমার জীবন এখন প্রাইভেট অ্যাকাউন্ট।
আমি শুধু নামটি দেখতে পাই,
ভেতরের কিছুই নয়।

একসময় যে মানুষটি
আমার কাছে ছিল ওপেন বুক,
আজ তার একটি হাসিও
পারমিশন ছাড়া দেখা যায় না।

প্রাইভেসি কখনো কখনো
ভালোবাসার শেষ নাম হয়ে ওঠে।

খসড়াধ্বনি: ঘনিষ্ঠতার পর অচেনা হয়ে যাওয়াই কি মানুষের সবচেয়ে কঠিন প্রাইভেসি সেটিং?

ভাঙা কম্পাস

আমার হাতে একটি কম্পাস ছিল।

উত্তর দেখানোর কথা ছিল তার,
সে প্রতিবার
তোমার বাড়ির দিকে ফিরত।

তুমি অন্য বুকে স্থানান্তরিত হওয়ার পর
কম্পাসটি আর কাজ করে না।

উত্তর আছে,
দক্ষিণ আছে,
পূর্ব-পশ্চিমও ঠিকঠাক—

শুধু আমার জন্য
কোনো দিক নেই।

শহর বদলেছে,
রাস্তা বদলেছে,
মানচিত্রে নতুন সেতু উঠেছে।

আমার ভেতরের ভূগোল
একটি নামের কাছে
আজও আটকে আছে।

কিছু বিচ্ছেদ
মানুষকে একা করে না,

শুধু তার দিকনির্দেশনাটুকু
নষ্ট করে দেয়।

খসড়াধ্বনি: প্রিয় মানুষ হারালে আমরা কি একজন মানুষ হারাই, নাকি পৃথিবীর দিকে যাওয়ার পথটিও?

ভাঙা কম্পাস — কাজী অ্যাডামের বিরহের কবিতা
উত্তর আছে, দক্ষিণ আছে — শুধু আমার জন্য কোনো দিক নেই” — কাজী অ্যাডামের কবিতা থেকে।

সার্চ হিস্ট্রির শেষ মানুষ

তোমার নামটি মুছে দিয়েছি সার্চ হিস্ট্রি থেকে,
কিন্তু ব্রাউজার জানে—কতবার ফিরে গিয়েছিলাম সেখানে।

নতুন প্রশ্ন লিখি, পুরোনো উত্তরই উঠে আসে।

স্ক্রিন বলে, “নো রিসেন্ট সার্চেস।”
আমার মস্তিষ্ক বলে, “সবই রিসেন্ট।”

কিছু মানুষকে খোঁজা বন্ধ হয়,
শুধু তাদের অনুপস্থিতির সার্চ রেজাল্ট
প্রতিদিন আরও স্পষ্ট হয়।

খসড়াধ্বনি: মানুষকে ভুলে যাওয়া কঠিন, নাকি নিজের অনুসন্ধানকে থামানো?

ফায়ারওয়ালের ওপারে তুমি

তোমার চারপাশে ফায়ারওয়াল তুলে দিয়েছো,
আমার প্রতিটি বার্তা—অ্যাক্সেস ডিনায়েড।

আমি বারবার দরজায় রিকোয়েস্ট পাঠাই,
সিস্টেম কোনো উত্তর দেয় না।
অথচ হৃদয়ের সার্ভারে
তোমার পুরোনো আইপি এখনও সক্রিয়।

কিছু সম্পর্কের সবচেয়ে নির্মম পাসওয়ার্ড—
“তুমি আর প্রবেশ করতে পারবে না।”

খসড়াধ্বনি: দূরত্ব কি নিরাপত্তা, নাকি ভালোবাসার সবচেয়ে নিখুঁত কারাগার?

হৃদয়ের সফটওয়্যার আপডেট

অনেকদিন পর
নিজেকে আপডেট করতে বসেছিলাম।

পুরোনো অভিমানগুলো সরালাম,
কিছু মানুষের নাম মুছে দিলাম,
কয়েকটি স্মৃতিকে বললাম—
এখন তোমাদের আর প্রয়োজন নেই।

সিস্টেম জানাল,
আপডেট সম্পূর্ণ হতে
পুরোনো সংস্করণ বন্ধ করতে হবে।

আমি চোখ বন্ধ করলাম।

কিন্তু দেখলাম,
তোমার সঙ্গে কাটানো দিনগুলো
এখনও আমার ভেতরের মূল সংস্করণ।

তাই যতবার নিজেকে নতুন করি,
ততবারই পুরোনো আমি
কোনো না কোনো জায়গা থেকে
আবার ফিরে আসে।

তবে কি মানুষ বদলায় না?
নাকি শুধু নিজের ক্ষতগুলোর
নতুন ইন্টারফেস বানায়?

খসড়াধ্বনি: আমরা কি সত্যিই বদলাই, নাকি একই দুঃখকে নতুন নামে বাঁচতে শিখি?

মুছে ফেলা ইউজার

একদিন নিজের প্রোফাইল খুলে দেখি—
বায়োতে লেখা, “আনঅ্যাভেইলেবল।”
ছবিগুলো আছে, পোস্টগুলো আছে,
শুধু মানুষটি নেই।

জীবনও কি এমন একটি সোশ্যাল প্ল্যাটফর্ম,
যেখানে অ্যাকাউন্ট থাকে, ইউজার হারিয়ে যায়?

নিজেকে খুঁজতে গিয়ে
নিজেরই পুরোনো ভার্সনের কাছে
পারমিশন চাইতে হলো।

খসড়াধ্বনি: আমরা কি বেঁচে থাকি, নাকি নিজের পুরোনো সংস্করণগুলোর অবশিষ্টাংশ হয়ে যাই?

“জীবনও কি এমন একটি সোশ্যাল প্ল্যাটফর্ম, যেখানে অ্যাকাউন্ট থাকে, ইউজার হারিয়ে যায়?” — কাজী অ্যাডামের কবিতা থেকে।

আমাদের সবচেয়ে ব্যক্তিগত দুঃখ

আমাকে দুঃখের কথা জিজ্ঞেস করলে
আমি একটি মেয়ের নাম বলি।
অভাবের কথা জিজ্ঞেস করলে
আমি আবারও সেই নামটিই বলি—
যেন একজন মানুষ হারানোই
পৃথিবীর শেষ অর্থনৈতিক সংকট।

আমাদের ঘরে চাল কমে আসে,
আব্বার পকেটে মাসের শেষ সপ্তাহটা দীর্ঘ হয়,
আম্মার ওষুধের তালিকা প্রতি বছর বাড়ে—
আমরা সেসবের নাম দিই সংসার।

কিন্তু কেউ যখন জিজ্ঞেস করে,
“কী হয়েছে তোমার?”
আমরা বুকের ওপর হাত রেখে বলি—
“সে আমাকে আর ভালোবাসে না।”

কী আশ্চর্য—
আমরা নিজের শ্রমের দাম নিয়ে দর-কষাকষি করি না,
নিজের অধিকারের জন্য দাঁড়াই না,
ভবিষ্যৎকে নিরাপদ করার আগে
একটি মানুষের স্মৃতিকে নিরাপদ রাখি।

আমরা প্রেমের ব্যর্থতাকে
ব্যক্তিগত বিপর্যয় বলে জানি;
কিন্তু যে জীবন প্রতিদিন
আমাদের কাছ থেকে একটু একটু করে কেড়ে নেওয়া হয়,
তার কোনো নাম রাখিনি।

তাই আমাদের কবিতায় বিরহ থাকে,
অথচ বেকারত্বের কোনো উপমা নেই;
প্রেমিকার নীরবতা আমাদের ঘুম কেড়ে নেয়,
কিন্তু নিজের নীরবতার কারণ খুঁজতে
আমরা খুব কমই রাত জাগি।

হয়তো মানুষ এমনই—
যে ক্ষত থেকে রক্ত বের হয়
তার চেয়ে যে ক্ষত থেকে স্মৃতি বের হয়
তাকেই বেশি গভীর মনে করে।

আর এই কারণেই
আমাদের সবচেয়ে ব্যক্তিগত দুঃখও
কখনও কখনও ব্যক্তিগত নয়—
একটি পুরো প্রজন্মের
ভুল জায়গায় কাঁদার অভ্যাস।

খসড়াধ্বনি: আমরা কি সত্যিই প্রেম হারানোর জন্য কাঁদি, নাকি জীবনের বড় ক্ষতগুলোকে চিনতেই শিখিনি?— আর, আমাদের সবচেয়ে ব্যক্তিগত দুঃখ আসলে কতটা ব্যক্তিগত?

অপূর্ণ আপডেট

জীবন আমাকে বারবার আপডেট চাইছে,
কিন্তু কিছু ক্ষত এখনও ফেলে আসা ভার্সনে আটকে।

নতুন মানুষ আসে, নতুন ইন্টারফেস তৈরি হয়,
ভেতরের বাগ একই থেকে যায়।

সিস্টেম বলে—“রিস্টার্ট রিকোয়ার্ড।”
আমি রিস্টার্ট করি,
কিন্তু একই দুঃখ
নতুন ওয়ালপেপারে পরে ফিরে আসে,

আরও চমৎকার ফিচার নিয়ে।

খসড়াধ্বনি: মানুষ কি সত্যিই বদলায়, নাকি শুধু নিজের দুঃখের ইন্টারফেস বদলায়?

ব্যক্তিগত জাদুঘর

আমার ঘরে কোনো জাদুঘর নেই।

তবু একটি তাকের ওপর
তোমার দেওয়া একটি মিষ্টি রঙা শার্ট,
একটি শুকনো ফুল,
ভাঁজ করা চার জোড়া মোজা
এবং একটি শেষ বৃহস্পতিবার
নিঃশব্দে প্রদর্শিত।

দর্শনার্থী নেই।

টিকিটের প্রয়োজন নেই।

শুধু আমি
প্রতিদিন নিজের অতীতের
এই ছোট্ট প্রদর্শনীতে
প্রবেশ করি।

কোনো বস্তু স্পর্শ করি না।

স্পর্শ করলে
ইতিহাস ভেঙে পড়ে।

মানুষ চলে যাওয়ার পর
তার জিনিসগুলো
আর জিনিস থাকে না।

তারা হয়ে ওঠে
একটি অনুপস্থিত মানুষের
ছোট ছোট সমাধিফলক।

খসড়াধ্বনি: স্মৃতি কি মানুষকে ধরে রাখে, নাকি তার রেখে যাওয়া বস্তুগুলো আমাদের বন্দি করে?

মানুষ চলে যাওয়ার পর তার জিনিসগুলো আর জিনিস থাকে না” — কাজী অ্যাডামের কবিতা থেকে। Photo by https://kaboompics.com/
কাজী অ্যাডামের আরও কবিতা:
নির্বাচিত কবিতাআধুনিক কবিতাগুচ্ছ

শেষ কথা

কাজী অ্যাডামের এই কবিতাগুচ্ছ প্রমাণ করে—বিচ্ছেদ মানে শুধু একজন মানুষের চলে যাওয়া নয়, বরং নিজের ভেতরের এক টুকরো দিকনির্দেশনা, এক টুকরো ভাষা হারিয়ে ফেলা। প্রাইভেট অ্যাকাউন্ট, ভাঙা কম্পাস কিংবা ব্যক্তিগত জাদুঘর—প্রতিটি রূপকই আমাদের মনে করিয়ে দেয়, স্মৃতি কখনো সম্পূর্ণ মুছে যায় না, শুধু রূপ বদলায়। কাজী অ্যাডামের কলমে বিরহ এভাবেই হয়ে ওঠে সময়ের এক গভীর দলিল।__Amar Bangla post

Leave a ReplyCancel reply

Discover more from Amar Bangla Post

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading