আপনার জীবন দক্ষতা বাড়াতে আমার বাংলা পোস্ট-এর ৫১তম সূত্রটি পড়ুন।
মনের মতো বিষয় পেলেন না, মনের মতো চাকরিও না। এখন কী করবেন, আফসোস? সফরে খাবার ফুরিয়ে গেলে নবীজি (সাঃ) সবার কাছে যা ছিল চাদরে জড়ো করালেন, আর সবাই তাই খেয়ে এগিয়ে গেলেন। এই মোটিভেশনাল ঘটনা ও অনুপ্রেরণামূলক গল্প আপনাকে শেখাবে, যা হচ্ছে তা মেনে নিন আর যতক্ষণ আছেন, উপভোগ করুন।
আফসোস করলে চা মিষ্টি হয় না
জীবনে সব সময় ভালো লাগার জিনিসই ঘটে না। যা পাওয়ার কথা ছিল আর যা পেলাম, এ দুইয়ের ফারাকে আমরা অনেকেই আটকে যাই। এই ফারাকের সামনে দাঁড়িয়ে লেখক একবার একজন যুবককে যা বলেছিলেন, সেখান থেকেই শুরু করি।
চিনি ছাড়া চায়ের কাপ
যদি কোনো কিছুতে আপনাকে বাধ্য করা হয় বা প্রতিকূল কোনো অবস্থায় পতিত হন, তাহলে যতক্ষণ তাতে আটকে রয়েছেন সেটাকে উপভোগ করতে থাকুন। এমনটিই বলেছিলাম একজন যুবককে। ওর ডায়াবেটিস হয়েছিল। সে চিনি ছাড়া চা খায় আর আফসোস করতে থাকে। আমি তাকে বললাম, চা খাওয়ার সময় আফসোস করতে থাকলে চা কি মিষ্টি হয়ে যায়? সে বললো, না। বললাম, যতক্ষণ এ অবস্থাতে আছো, এটাকেই উপভোগ করতে থাক।

অর্থাৎ পৃথিবীতে সব সময় আমাদের ভালো লাগার জিনিসগুলোই ঘটবে না। আর এই যে, চাওয়া-পাওয়ার মাঝে বিস্তর ব্যবধান থাকে। এমনটি আমাদের জীবনে অনেক ঘটে।
আরও পড়ুন: কিছু সমস্যার কোনো সমাধান নেই — সুখী জীবনের ৪৬তম সূত্র
চাওয়া-পাওয়ার ব্যবধান: চারটি উদাহরণ
আমরা যা চাই আর জীবন যা দেয়, এই দুইয়ের মাঝে প্রায়ই একটি দূরত্ব থেকে যায়। কষ্টটা মূলত সেই দূরত্ব নিয়েই। গাড়ি, পড়াশোনা, চাকরি আর সম্পর্ক, এই চার জায়গায় সেটি সবচেয়ে বেশি চোখে পড়ে। নিচের চারটি উদাহরণেই প্রশ্ন একটাই: মনের মতো হলো না, এখন কী করবেন?
গাড়ি: আপনার গাড়িটা পুরোনো হয়ে গেছে। এসি কাজ করে না। সিট কভারগুলো ফেটে গেছে। এই মুহূর্তে এগুলো ঠিক করার সামর্থ্য আপনার নেই। তো এখন আপনি কী করবেন? যতক্ষণ এই অবস্থার মধ্যে আছেন, এ অবস্থাটিই উপভোগ করতে থাকুন।
বিশ্ববিদ্যালয়: মনে করুন, আপনি একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন। উত্তীর্ণ হলেন কিন্তু সুযোগ পেলেন এমন একটি বিষয় নিয়ে পড়ার যাতে আপনার আগ্রহ নেই। তাই অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়েই সেখানে রইলেন। মনকে কোনোভাবে মানাতে পারছেন না। কী করবেন এখন আপনি? যেহেতু আপনাকে থাকতেই হচ্ছে, সময়টিকে উপভোগ্য করে তুলুন।
চাকরি: এক জায়গায় চাকরির দরখাস্ত দিলেন, কিন্তু চাকরি হলো না। হলো অন্য জায়গায়। চাকরি শুরু করলেন সেখানেই (মনের বিরুদ্ধে) এবং সেখানেই আপনাকে থাকতে হচ্ছে। কী সমাধান এর? এ চাকরিটাকেই উপভোগ করতে থাকুন।
বিয়ের প্রস্তাব: আপনার পছন্দের কাউকে বিবাহের প্রস্তাব দিলেন; রাজি হলো না। তার বিয়ে হলো অন্য কারও সঙ্গে। মনটা আপনার খুব খারাপ। কী করবেন? মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু অন্য কারও সিদ্ধান্ত বদলানোর জন্য নিজের জীবন থামিয়ে রাখবেন না। বাস্তবতাকে মেনে নিয়ে নিজের যত্ন নিন এবং জীবনের অন্য সম্ভাবনাগুলোর দিকে এগিয়ে যান।

বহু মানুষ এমন আছে যাদের ধারণা, এ অবস্থাসমূহের সমাধান হচ্ছে দীর্ঘ সময় ধরে বিলাপ ও আফসোস করতে থাকা। তারা চেনা-অচেনা যার তার কাছে অভিযোগ করে বেড়ায়! আর এমন করলেই তো আর যা হারিয়ে গেছে তাও ফেরত আসবে না আর যা তার কপালে লেখা নেই তাও তার হাতে এসে পড়বে না।
তাহলে বলুন তো, প্রকৃত সমাধানটা কী ? আপনি যা চাচ্ছেন তার কোনোটাই হচ্ছে না। তাহলে যা ঘটছে সেটাকেই মেনে নিন ।
জ্ঞানী মানুষ নিজেকে খাপ খাইয়ে নেন
মেনে নেওয়ার আসল শক্তি বোঝা যায় এমন মানুষ দেখলে, যিনি অবস্থাকে বদলাতে না পারলেও নিজেকে তার সঙ্গে মানিয়ে নিয়েছেন। লেখকের এক বন্ধুর অভিজ্ঞতায় দুই ধরনের মানুষের গল্প পাশাপাশি এসেছে।
জেনারেটরের শব্দেও যিনি ঘুমাতে পারেন
আমার এক বন্ধু একবার একটি মসজিদ নির্মাণের কাজে হাত দিলো। নির্মাণ খরচে ঘাটতি হওয়ায় কাজটি শেষ করার জন্য কিছু সাহায্যের আশায় শহরের একজন ব্যবসায়ীর কাছে গেল। তিনি তাদেরকে দরজা খুলে বসতে দিলেন। নিজেও তাদের সাথে বসে কিছুক্ষণ কথা বললেন। সাধ্য অনুযায়ী সাহায্যও করলেন।
এরপর পকেট থেকে একটি ওষুধ বের করে খেতে লাগলেন। আগন্তুকদের একজন বললেন- জনাব শরীর কি খারাপ? বললেন, না এগুলো ঘুমের ওষুধ। দশ বছর যাবৎ এটা না খেলে আমার ঘুম আসে না। লোকজন তার জন্য দোয়া করে চলে এলেন ৷
ফেরার পথে দেখলেন, শহরের প্রধান প্রবেশপথে রাস্তার কাজ চলছিল। প্রকল্পটিতে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বড় ভ্রাম্যমান জেনারেটর চলছিল। জেনারেটরের অসহ্য শব্দে পুরো এলাকাটা গমগম করছিল। এটা আশ্চর্যের ব্যাপার না। আশ্চর্যের ব্যাপার হলো জেনারেটর মেশিনের ঠিক পাশেই একজন গরিব শ্রমিক কয়েকটি পেপারের টুকরো বিছিয়ে আরামে ঘুমাচ্ছিল।
হ্যাঁ, জীবনকে এভাবেই উপভোগ করুন। দুশ্চিন্তা করার মতো সময় নেই। হাতে সম্বল যেটুকু আছে সেটুকুই কাজে লাগাতে চেষ্টা করুন।
জ্ঞানী তো সেই, যে ভালো অবস্থা ফিরে আসা পর্যন্ত যেকোনো অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। তা যেমনই হোক না কেন।
আরও পড়ুন: দুশ্চিন্তা করে নিজেকে নিঃশেষ করবেন না — সুখী জীবনের ৪৭তম সূত্র
রাসূল (সাঃ)-এর দৃষ্টান্ত: যা আছে তাই নিয়ে সুখী
নিজের কাছে যা আছে, তা-ই জড়ো করে কাজ চালিয়ে নেওয়ার সবচেয়ে সুন্দর নমুনা আমাদের নবীজি (সাঃ)। এক সফরের এই ঘটনাটি আমাদের শেখায়, সংকটেও কীভাবে সবাই মিলে পরিস্থিতি সামলানো যায়।
চাদরে খাবার জড়ো করার ঘটনা
রাসূলুল্লাহ (সা.) সাহাবায়ে কিরামকে সঙ্গে নিয়ে তাবুক অভিযানে বের হলেন। পথে তাঁদের খাদ্যসংকট দেখা দিল। একপর্যায়ে খাবার এতটাই কমে গেল যে, সাহাবিরা উট জবাই করার কথা ভাবতে লাগলেন। তখন উমর (রা.) পরামর্শ দিলেন, সবার কাছে যা খাবার অবশিষ্ট আছে, তা একত্র করে নবীজির কাছে দোয়া চাওয়া হোক।
রাসূলুল্লাহ (সা.) সাহাবিদের যার কাছে যা খাবার অবশিষ্ট আছে, তা নিয়ে আসতে বললেন। এরপর তিনি একটি চামড়ার পাটি বিছিয়ে দিলেন। সবাই খাবার আনতে লাগলেন। কেউ একমুঠো শস্য, কেউ কয়েকটি খেজুর, আবার কেউ সামান্য রুটি নিয়ে এলেন। অল্প অল্প করে সব খাবার পাটির ওপর জমা হলো। নবীজি (সা.) তাতে বরকতের দোয়া করলেন। এরপর সাহাবিদের নিজেদের পাত্র নিয়ে এসে খাবার ভরে নিতে বললেন। সবাই খাবার নিলেন, পেট ভরে তৃপ্তি সহকারে খেলেন। আশ্চর্যের বিষয়, এতজন মানুষ খাওয়ার পরও খাবার অবশিষ্ট রয়ে গেল।[১]

অথচ শুরুতে প্রত্যেকের কাছেই ছিল সামান্য খাবার। কেউ একমুঠো, কেউ কয়েকটি খেজুর, আবার কেউ সামান্য রুটি নিয়ে এসেছিলেন। সবার সেই অল্প অল্প খাবার একত্র হয়েই সবার জন্য যথেষ্ট হয়ে গেল। নিজের কাছে যা আছে, তা নিয়েই সুখী হওয়া যায়। সব সময় বেশি কিছু পাওয়ার অপেক্ষায় না থেকে যা আছে, তা কাজে লাগিয়ে আনন্দ খুঁজে নিতে শিখুন।
আরও পড়ুন: গালমন্দ করে কী লাভ? — সুখী জীবনের ৫০তম সূত্র
উপসংহার: মেনে নিন, তবে ক্ষতির জায়গায় নয়
কিছু জিনিস আমরা বদলাতে পারি না, যেমন আজকের গরম, পুরোনো গাড়ি, অন্য কারও সিদ্ধান্ত। সেগুলো মেনে নিলে মনটা হালকা হয়, আর হালকা মনেই সামনে এগোনো সহজ। তবে একটি কথা পরিষ্কার থাকুক। যেখানে নিজের বা অন্য কারও ক্ষতি হচ্ছে, সেখানে “মেনে নিন” মানে চুপ করে সহ্য করা নয়। সেখানে সাহায্য নিন, প্রয়োজনে পথ বদলান। মেনে নেওয়া মানে হার মানা নয়, মানে যা আমার হাতে নেই তা নিয়ে শক্তি খরচ না করা।
কবির বাণী: মানুষ যা চায়, তার পুরোটাই সে পায় না । বাতাস সে দিকেই প্রবাহিত হয়, যা জাহাজের কাম্য নয় ।[২]
এরপর পড়ুন: (coming soon)
আপনি পড়ছেন: জীবনকে উপভোগ করুন (Enjoy your life in bangla) বই থেকে।
সম্পাদনা ও সংযোজন: সৈয়দ রুবেল উদ্দিন — আমার বাংলা পোস্ট.কম
অতএব, জীবনকে উপভোগ করার ৫১তম সূত্র হলো — যা হচ্ছে তা মেনে নিন।
আপনার কাছের কেউ কি যা হারিয়েছে তা নিয়ে আফসোসেই দিন কাটাচ্ছে? এই লেখাটি তার সাথে শেয়ার করুন। হয়তো একটি লাইনই তার মনটা হালকা করে দেবে।
আপনি কি কখনো মনের বিরুদ্ধে কোনো অবস্থায় পড়ে সেটাকেই উপভোগ করতে শিখেছেন? নিচে কমেন্টে শেয়ার করুন।
ফুটনোট ও আউটগোয়িং লিংক
[১] সহিহ মুসলিম, হাদিস ২৭a ও ২৭b। তাবুক অভিযানে খাবারের সংকট দেখা দিলে উমর (রা.)-এর পরামর্শে সাহাবিরা নিজেদের অবশিষ্ট খাবার একত্র করেন। নবীজি (সা.) তাতে বরকতের দোয়া করেন। হাদিস ২৭a | হাদিস ২৭b ↑
[২] আবু তায়্যিব আল-মুতানাব্বি, কবিতার পঙ্ক্তি: “ما كل ما يتمنى المرء يدركه، تجري الرياح بما لا تشتهي السفن”। কবিতাটির পরিচয় ও ব্যাখ্যা। ↑