শাসনের বেড়ি নয়, ভালোবাসার ছোঁয়াই গড়বে আদর্শ সন্তান

আমাদের সমাজে বাবা-মায়ের অন্যতম বড় দায়িত্ব হলো সন্তানকে সঠিক পথে লালন পালন করা। প্রত্যেক অভিভাবকই চান, তাঁর সন্তান যেন ভালো মানুষ হয়, ইসলামি নীতি-নৈতিকতায় বেড়ে ওঠে এবং জীবনে সফল হয়। কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেক সময় এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ভুল পদ্ধতি বেছে নিই। সন্তানকে মানুষ করার নামে অতিরিক্ত শাসন, বলপ্রয়োগ কিংবা ইসলামকে জোর করে চাপিয়ে দেওয়ার প্রবণতা অনেক অভিভাবকদের মধ্যে দেখা যায়। আর এ ধরনের বাড়াবাড়ি সন্তানদের মনে বিরূপ প্রভাব ফেলে।

শাসনের বেড়ি

কয়েকদিন আগে সংবাদে এসেছে—অতিরিক্ত শাসনের কারণে এক সন্তান নিজের বাবাকে হত্যা করেছে। এ ধরনের ভয়াবহ ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, শাসন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এর ফল কতটা মারাত্মক হতে পারে। প্রশ্ন হলো—আমরা কি সন্তানকে ইসলামী মনমানসিকতায় গড়ে তুলছি, নাকি কেবল নিয়ম চাপিয়ে দিয়ে তার জীবনকে কঠিন করে তুলছি?

শাসনের প্রয়োজন, কিন্তু সীমার মধ্যে

শিশুকে শাসন করা জরুরি—এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু শাসন মানে যেন ভীতি প্রদর্শন নয়। বরং শাসন হবে ভালোবাসার আবরণে মোড়ানো এক ধরনের দিকনির্দেশনা। সন্তানকে যদি বারবার ভয় দেখিয়ে, বকাঝকা করে কিংবা কঠোর ভাষায় কিছু শেখানো হয়, তবে সে শিক্ষার চেয়ে বেশি শিখবে ভয় পেতে। ভয় থেকেই জন্ম নেবে বিদ্রোহ।

📖 হাদিসের আলো

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমরা তোমাদের সন্তানদের সম্মান করো এবং তাদেরকে ভালো শিক্ষা দাও।”
— সুনানে ইবনে মাজাহ


এই হাদিসটি আমাদের শেখায় যে সন্তানদের প্রতি সম্মান ও সুশিক্ষা দেওয়া শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি একটি ইবাদত। ভালোবাসা ও আদর্শ শিক্ষাই গড়ে তোলে ভবিষ্যতের আলোকিত মানুষ।

অতএব সন্তানকে সম্মান দিয়ে, স্নেহ দিয়ে শেখানোই হলো ইসলামের শিক্ষা। বকাঝকা বা কঠোর আচরণ হয়তো সাময়িকভাবে কার্যকর মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা সন্তানকে ভেতরে ভেতরে ভেঙে দেয়, আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং তাকে পরিবারের প্রতি দূরে ঠেলে দেয়।

দ্বীন শিক্ষার হাতেখড়ি হোক ছোট থেকে

আমরা সবাই চাই আমাদের সন্তান যেন দ্বীনদার হয়। আর তাই সন্তানের হৃদয়ে ইসলামের বীজ রোপণ করতে হলে ছোটবেলা থেকেই তার সঙ্গে ইসলামি মূল্যবোধ পরিচয় করাতে হবে। তবে মনে রাখতে হবে—শুধু আদেশ-নিষেধ দিয়ে ইসলাম শেখানো যাবে না। শিশুরা শেখে দেখে, শুনে, অনুভব করে। যদি আমরা শুধু নিয়ম চাপিয়ে দিই, তবে তারা ধর্মকে বোঝার আগেই বিরক্ত হয়ে পড়বে।

নামাজ পড়ার কথা বলার পাশাপাশি বাবা-মায়ের নিজেদের নামাজে দাঁড়ানোই সন্তানের জন্য বড় শিক্ষা। কুরআন শেখানোর সময় তাকে পাশে বসিয়ে আদর করে পড়ালে সে কুরআনকে ভালোবাসতে শিখবে। আবার ইসলামি ইতিহাস কিংবা রাসূলুল্লাহ ﷺ এর জীবনকথা গল্প আকারে বললে শিশু তা আগ্রহ নিয়ে শুনবে। একইসাথে পরিবারের সকল সদস্য সত্যবাদিতা, পরমতসহিষ্ণুতা সততা ইত্যাদির চর্চা করে, তাহলে শিশুর কাছে ইসলাম কখনোই কঠিন নিয়ম মনে হবে না। বরং তার কাছে মনে হবে ইসলাম হচ্ছে দয়া, ভালোবাসা ও সৌন্দর্যের এক সুন্দর দুনিয়া—আর এই ধারণা তৈরি করাই হচ্ছে অভিভাবকদের মূল দায়িত্ব।

পরিবেশের প্রভাব সবচেয়ে বড়

সন্তানকে যতই আমরা শাসন করি না কেন, তার চারপাশের পরিবেশ যদি সঠিক না হয়, তবে সে সহজেই ভুল পথে চলে যেতে পারে। খারাপ বন্ধুর প্রভাব, ইন্টারনেটে অশ্লীলতা, কিংবা চারপাশে ইসলামবিরোধী কার্যকলাপ—এসব জিনিস সন্তানের মানসিকতা গঠনে গভীর প্রভাব ফেলে।
তাই অভিভাবকের দায়িত্ব হলো সন্তানের বন্ধু-বান্ধবদের খোঁজ রাখা, তার স্কুল-কলেজে কেমন পরিবেশ বিরাজ করছে তা নজরে রাখা, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে সঠিক সীমা নির্ধারণ করা। তবে সীমা নির্ধারণ মানে কেবল নিষেধাজ্ঞা নয়। তার বিকল্পও তৈরি করতে হবে। খেলাধুলা, বইপড়া, কিংবা ইসলামী সংগঠনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার মাধ্যমে তাকে ইতিবাচক পরিবেশে রাখা সম্ভব।

পশ্চিমা সংস্কৃতির প্রভাব ও বাস্তবতা

বর্তমান সময়ে বাংলাদেশের তরুণ সমাজ পশ্চিমা সংস্কৃতির প্রভাবে ভীষণভাবে আক্রান্ত। সিনেমা, গান, ফেসবুক, ইউটিউব বা টিকটকের মতো প্ল্যাটফর্মে প্রতিদিন তারা অসংখ্য কনটেন্টের মুখোমুখি হচ্ছে। এসব কনটেন্ট তাদের চিন্তাভাবনাকে বদলে দিচ্ছে এবং অজান্তেই ইসলামি মূল্যবোধ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

এ অবস্থায় শুধু সন্তানকে বললেই হবে না—“তুমি নামাজ পড়ো, তুমি ভালো মানুষ হও।” বাস্তবতা হলো, চারপাশের পরিবেশ যদি ইসলাম-বিরোধী হয়, তবে সে টিকতে পারবে না। তাই অভিভাবকদের করণীয় হলো বিকল্প তৈরি করা। সন্তানকে ইসলামি বই পড়ায় উৎসাহ দেওয়া, ভালো আলেম ও বক্তাদের ভিডিও দেখতে দেওয়া, কোনো ইতিবাচক সংগঠনের সঙ্গে যুক্ত করা কিংবা পরিবারে ইসলামি অনুষ্ঠান আয়োজন করা—এসব উপায়ে পরিবেশকে ইতিবাচক করা যায়। যখন সন্তান দেখবে চারপাশের পরিবেশেও ইসলামকে মূল্যায়ন করা হচ্ছে, তখন সে ইসলামকে ভালোবেসে গ্রহণ করবে।

বাবাকে হত্যা করার যে ঘটনাটি ঘটেছে, সেই কিশোরটিও ওয়েস্টার্ন মুভি দেখে সম্পূর্ণ হত্যার পরিকল্পনা করে। তাই জোর করে নামাজ পড়িয়ে কোন লাভ হবে না, যতক্ষণ সে নিজে নামাজকে গ্রহণ না করে। একইসাথে ঘরে পশ্চিমা কালচার চর্চা করে সন্তানকে ইসলামিক বনাবেন, এটাও চরম বোকামি।

চাপ নয়, কৌশলই কার্যকর

সন্তানকে ইসলামী নীতিতে গড়ে তোলার জন্য অনেকে অতিরিক্ত কড়াকড়ি করেন। কিন্তু ইসলাম কখনো জোরজবরদস্তি সমর্থন করে না। আল্লাহতায়ালা কোরআনে স্পষ্ট বলেছেন:

🕋 কুরআনের বাণী

﴿ لَا إِكْرَاهَ فِي الدِّينِ ﴾
সূরা আল-বাকারা: ২৫৬


“ধর্মের ব্যাপারে কোনো জোরজবরদস্তি নেই।”

এই আয়াতটি ইসলামের শান্তিপূর্ণ আহ্বান ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি শ্রদ্ধার প্রতীক। এটি আমাদের শেখায় যে ঈমানের পথ হতে হবে জ্ঞান, উপলব্ধি ও ভালোবাসার ভিত্তিতে, না যে কোনো জবরদস্তিতে।

তাহলে সন্তানকে কীভাবে ইসলামী মনমানসিকতায় গড়ে তুলব? উত্তর সহজ—ভালোবাসা দিয়ে, যুক্তি দিয়ে, আর নিজেদের উদাহরণ দিয়ে। সন্তানকে যখন আমরা বোঝাব যে নামাজ তাকে শান্তি দেয়, কুরআন তাকে পথ দেখায়, আর ইসলামের নিয়ম তাকে সুরক্ষিত রাখে—তখন সে তা হৃদয় থেকে গ্রহণ করবে। যদি বাবা-মা নিজেরাই ইসলামি আদর্শ মেনে চলেন, তবে সন্তানকে আলাদা করে চাপ দেওয়ার প্রয়োজন হবে না। তারা বাবা-মাকে দেখে, শুনে, অনুকরণ করেই ইসলাম গ্রহণ করবে। তবে এক্ষেত্রে কখনোই জোরাজোরি গ্রহনযোগ্য নয়।

অভিভাবকই প্রথম আদর্শ!

সন্তান যেভাবে কথা শুনে শেখে, তার চেয়ে অনেক বেশি শেখে দেখে। বাবা যদি নামাজ না পড়েন অথচ সন্তানকে নামাজে দাঁড় করাতে চান, তবে সন্তান তা গুরুত্ব দেবে না। মা যদি নিজে পর্দা না করেন অথচ মেয়েকে হিজাব পড়তে বলেন, তবে মেয়ে মনে বিরক্তি পোষণ করবে। একইসাথে আমরা সন্তানকে সত্য বলানোর জন্য চাপাচাপি করব, অথচ নিজেরা অহরহ মিথ্যা কথা বলব – তাহলে তা সন্তানের মনে বিরূপ প্রভাব ফেলবে। বাবা-মা যদি সৎ ও নীতিবান না হোন, তাহলে সন্তান কখনোই ন্যায় নীতির ধারে কাছেও যাবে না।

তাই অভিভাবকের প্রথম দায়িত্ব হলো নিজের জীবনকে ইসলামি আদর্শে গড়ে তোলা। যখন সন্তান দেখবে তার বাবা-মা সত্যিই ইসলামের প্রতি আন্তরিক, তখন স্বাভাবিকভাবেই সে ইসলামে অনুপ্রাণিত হবে।

অতিরিক্ত শাসনের ভয়াবহ পরিণতি

অতিরিক্ত শাসন কখনো ভালো ফল আনে না। আমরা প্রায়ই খবর পাই, শাসনের কারণে সন্তান ঘর ছেড়ে চলে গেছে, আত্মহত্যা করেছে, কিংবা বাবা-মার প্রতি বিদ্বেষ পোষণ করেছে। এমনকি হত্যার মতো ভয়াবহ ঘটনাও ঘটছে।
এর কারণ হলো—অভিভাবকরা অনেক সময় সন্তানকে মানুষ করার নামে তাকে মানুষ হিসেবে বিবেচনাই করেন না। তারা মনে করেন সন্তান শুধু আদেশ-নিষেধ মানার জন্য তৈরি। অথচ সন্তানেরও অনুভূতি আছে, মানসিক জগৎ আছে, যা যত্নের দাবি রাখে। যখন এই যত্নের জায়গায় ভয়, চাপ আর কঠোরতা জায়গা নেয়, তখনই সম্পর্ক ভেঙে যায়।

সঠিক ইসলামী মনমানসিকতা কেমন?

ইসলামী মনমানসিকতা মানে শুধু নামাজ-রোজায় সীমাবদ্ধ নয়। বরং যাবতীয় ইবাদতের পাশাপাশি আল্লাহভীরু হওয়া, সৎ-অসৎ পার্থক্য বুঝতে পারা, অন্যায় থেকে দূরে থাকা, ভালো কাজের প্রতি আগ্রহী হওয়া এবং মানুষের প্রতি দয়া-সহানুভূতি ও ভালোবাসা প্রদর্শন করা ইত্যাদি হলো প্রকৃত মুসলিমের চরিত্র।

যদি সন্তান এই মানসিকতায় বেড়ে ওঠে, তবে সে কেবল ভালো মুসলিমই হবে না, বরং ভালো মানুষও হবে। আর সমাজের জন্য প্রকৃত প্রয়োজনই হলো ভালো মানুষ তৈরি করা।

কঠোরতা নয়, ভালোবাসা দিন

আজকের যুগে সন্তানদের ইসলামি নৈতিকতায় গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু ভুল পথে শাসন করা, কঠোরতা বা জোরজবরদস্তি করা কখনো কোনো সমাধান নয়। বরং এতে সন্তান বিদ্রোহী হয়ে ওঠে, অভিভাবকের প্রতি আস্থা হারায় এবং সমাজে ভয়ঙ্কর সমস্যার জন্ম দেয়।
তাই আমাদের করণীয় হলো সন্তানকে ভালোবাসা দিয়ে শেখানো, ছোট থেকে ইসলামের সৌন্দর্য পরিচয় করানো, পরিবেশকে ইসলামি সংস্কৃতিতে সমৃদ্ধ করা এবং নিজেরাই আদর্শ হয়ে ওঠা। মনে রাখতে হবে—শাসন নয়, কৌশলই হলো সন্তানের হৃদয়ে ইসলামের বীজ বপনের শ্রেষ্ঠ উপায়।

👤 সাখাওয়াতুল আলম চৌধুরী

লেখক ও সমাজ গবেষক। সমাজ, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ নিয়ে লেখালেখিতে আগ্রহী। চিন্তার গভীরতা ও বিশ্লেষণধর্মী লেখায় পাঠকের মন ছুঁয়ে যান।

🎈 For You: শিশুদের জন্য নির্বাচিত লেখা

শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের মানসিক বিকাশ, মূল্যবোধ, এবং ভালোবাসা নিয়ে এই লেখাগুলো আপনাকে ভাবতে ও গড়তে সাহায্য করবে।

Leave a Comment

Discover more from Amar Bangla Post

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading