শিশুদের মন যেন এক খোলা খাতা’র মতো—যেখানে প্রতিটি গল্প একটি নতুন রেখা আঁকে, একটি নতুন বোধ জাগায়। এই পর্বে আমরা তুলে এনেছি এমন দশটি ছোটদের শিক্ষামূলক গল্প, যা শুধু আনন্দ দেয় না, বরং তাদের হৃদয়ে বুনে দেয় আদব, সততা, ধৈর্য, আত্মশুদ্ধি ও আল্লাহভীতি। প্রতিটি গল্পে আছে জীবনের বাস্তবতা, চরিত্র গঠনের উপাদান, এবং এমন বার্তা যা শিশুরা বড় হয়ে মনে রাখবে। এ পর্ব যেন একটি নরম আলো—যা শিশুদের অন্তরে নৈতিকতার দীপ্তি ছড়িয়ে দেয়। শিশুদের নৈতিক শিক্ষার গল্পের ৬ষ্ঠ পর্বে রয়েছে ৫১-৬০ নম্বর গল্প যা নিচে উল্লেখ করা হলো…

৫১. 🌟 রূপ না থাকলে গুণ থাক! (চরিত্রের শিক্ষা)
আফলাতুন হাকীম একদা দেখলেন, একটি কুশ্রী বালক একজন সুশ্রী বালককে গালমন্দ করছে। তিনি তাকে এমন ব্যবহার প্রদর্শন করতে নিষেধ করলেন। কুশ্রী বালকটি বলল, কেন? আদব ও ক্ষমাশীলতা কি কিছু লোকের জন্যই খাস?
তিনি বললেন, অবশ্যই না। আসলে প্রত্যেক মানুষের উচিত, তার নিজের চেহারা আয়নায় দেখা।
অতঃপর তা সুন্দর দেখলে ঐ সৌন্দর্যে কোন নোংরামির আবিলতা (কলুষিতা) মিশ্রিত না করা। আর কুশ্রী দেখলে তার উচিত, কর্মের মাধ্যমে সুশ্রী করা।
📖 সারাংশ: আফলাতুন হাকীম দেখলেন, এক কুশ্রী বালক সুশ্রী বালককে গাল দিচ্ছে। তিনি নিষেধ করলে বালক বলে, “আদব কি শুধু সুন্দরদের জন্য?” হাকীম বলেন, “না, বরং কুশ্রী হলে কর্ম দিয়ে নিজেকে সুন্দর করো।”
🌟 শিক্ষণীয় বার্তা: বাহ্যিক রূপ নয়, চরিত্র ও কর্মই মানুষের প্রকৃত সৌন্দর্য। গুণ দিয়ে রূপের অভাব পূরণ করা যায়।
❓ প্রশ্নোত্তর:
- কুশ্রী বালক কী বলেছিল হাকীমকে?
- হাকীম কী উত্তর দিয়েছিলেন?
- এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি রূপ ও গুণ সম্পর্কে?
গুণ দিয়ে রূপের অভাব পূরণ হয়,
আচরণই মানুষের আসল পরিচয়।
কিওয়ার্ড: রূপ ও গুণের গল্প, চরিত্রের শিক্ষা, ছোটদের শিক্ষামূলক গল্প
৫২. 🔄 উত্থান-পতন (দয়ার শিক্ষা)
এক দম্পতি মাংস দিয়ে খানা খাচ্ছিল। এমন সময় দরজায় এক ভিক্ষুক এল। স্বামীর হুকুমে স্ত্রী উঠে গিয়ে ভিক্ষুককে তাড়িয়ে এল। কিছু দিন পর মনোমালিন্য হয়ে এই স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটল। অতঃপর ঐ মহিলার পুনর্বিবাহ হল। একদিন সে তার স্বামীর সঙ্গে মাংস নিয়ে খানা খেতে বসেছে, এমন সময় দরজায় ভিখারীর আকুল আবেদন এল, কে আছ মাগো! এক মুঠো খেতে পাওয়া যাবে?
স্বামী হুকুম করল, এই মাংসসহ খানা ভিক্ষুককে দিয়ে এসো। স্ত্রী তা দিয়ে এসে স্বামীর সামনে কান্না আর রোধ করতে পারল না।
স্বামী বলল, কী ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমরা তো আল্লাহর দেওয়া রুযী থেকে আল্লাহরই পথে ব্যয় করলাম।
স্ত্রী বলল, তা তো ঠিক। কিন্তু ভিক্ষুকটা কে জানো? আমার প্রথমকার স্বামী! ঐ একদিন এক ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিতে বলেছিল। কিন্তু আজ সে নিজেই ভিখারী!
স্বামী বলল, ওহো! তাই বুঝি? আর তোমাদের ঐ বিতাড়িত ভিক্ষুক কে ছিল তা জানো? তোমার বর্তমান স্বামী, আমিই! আল্লাহ যাকে যখন ইচ্ছা ধনী-গরীব করে থাকেন।
📖 সারাংশ: এক দম্পতি একদিন ভিক্ষুককে তাড়িয়ে দেয়। পরে তাদের বিচ্ছেদ হয়। স্ত্রী পুনর্বিবাহ করে, নতুন স্বামী ভিক্ষুককে খাবার দিতে বলে। স্ত্রী দেখে, ভিক্ষুক তার আগের স্বামী! আর বর্তমান স্বামী সেই তাড়ানো ভিক্ষুক! আল্লাহ যাকে ইচ্ছা ধনী বা গরিব করেন।
🌟 শিক্ষণীয় বার্তা: জীবন পরিবর্তনশীল। অহংকার নয়, সহানুভূতি ও দয়া হোক আমাদের আচরণ।
❓ প্রশ্নোত্তর:
- স্ত্রী কেন কান্না করছিল?
- ভিক্ষুক কে ছিল?
- বর্তমান স্বামী আসলে কে ছিল?
উত্থান-পতন আল্লাহর হাতে,
মানবতা হোক প্রতিটি আচরণে।
কিওয়ার্ড: উত্থান-পতনের গল্প, দয়ার শিক্ষা, শিশুতোষ নৈতিক গল্প
৫৩. 🧠 বুদ্ধি থাকলে উপায় হয় (সমস্যা সমাধান)
একদিন একটি কাকের খুব পিপাসা লাগল। সে পানির খোঁজে বের হয়ে কোথাও পানি পেল না।
অবশেষে দেখল একটি কলসির ভিতরে পানি আছে। কিন্তু কলসির মুখ সরু হওয়ার কারণে সে নিজের দেহ গলিয়ে পানির নাগাল পেল না। পিপাসার তাড়নায় সে ছটফট করছিল। ঐ পানি সে কীভাবে পেতে পারে তাই চিন্তা করতে লাগল। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি খেলল । অনতিদূরে কিছু পাথর পড়ে ছিল। পাথরের ছোট ছোট টুকরা সে নিজের ঠোঁটে করে বয়ে এনে কলসির মধ্যে ফেলতে লাগল। আর তার ফলে কলসির পানি উপরে উঠে এল এবং সে তা পান করে প্রাণ বাঁচালো। কথায় বলে, বুদ্ধি থাকলে উপায় হয়।
🌟 শিক্ষণীয় বার্তা: সমস্যার সমাধান চিন্তা ও বুদ্ধির মাধ্যমে সম্ভব। ধৈর্য ও কৌশল থাকলে কঠিন পরিস্থিতিও জয় করা যায়।
❓ প্রশ্নোত্তর:
- কাকটি কী কারণে ছটফট করছিল?
- সে কীভাবে পানি পান করার উপায় বের করল?
- এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি?
বুদ্ধি থাকলে উপায় হয়,
চিন্তা-ধৈর্যেই সফলতা সয়।
কিওয়ার্ড: বুদ্ধির গল্প, সমস্যা সমাধান, ছোটদের শিক্ষামূলক গল্প
৫৪. 🪨 পাথর ক্ষয় (হতাশা কাটানো)
এক ছেলে মাদ্রাসায় পড়ত। যা পড়ত, তা মুখস্থ করতে পারত না। মুখস্থ করত আর ভুলে যেত। এতে সে মনে মনে খুব বিরক্ত হত। আফসোস করত আর দুঃখিত হত।
একদিন সে আক্ষেপে মাদ্রাসা ছেড়ে পালিয়ে গেল। কিন্তু লেখাপড়া না করলে জীবন যে বৃথা। কোথায় যাবে, কী করবে সে?
মনের দুঃখে সে বাড়ি ফিরছিল। পথে পিপাসা লাগলে একটি কুয়ায় পানি খেতে গেল। সে কুয়াতলায় একটি পাথর দেখতে পেল। দেখল, পাথরটি ক্ষয় হয়ে খাল হয়ে গেছে। কারণ বিবেচনা করে জানতে পারল, মাটির কলসির ঘসা লেগে পাথরটি ক্ষয় হয়ে গেছে।
তার উদ্বিগ্ন মনে চিন্তা এল, মাটির কলসির ঘর্ষণে পাথর ক্ষয় হয়ে যায়, তার মানে দুর্বল হয়েও বারবার চেষ্টার ফলে কঠিনকে সহজ করা যায়। তাহলে আমার ব্রেন কেন ক্ষয় (তীক্ষ্ণ) হবে না?
সুতরাং সে মাদ্রাসায় ফিরে গেল এবং মেহনত সহকারে পড়াশোনা করতে লাগল। একদিন সে বড় আলেম হয়ে প্রসিদ্ধি লাভ করল।
জ্ঞানীর পরিশ্রমের কথা স্মরণ রাখতে হবে এবং তোমাকেও তার মত পরিশ্রম করতে হবে।
📖 সারাংশ: এক ছেলে মাদ্রাসায় পড়ত, কিন্তু মুখস্থ করতে পারত না। হতাশ হয়ে একদিন পালিয়ে যায়। পথে একটি কুয়ায় পানি খেতে গিয়ে দেখে, মাটির কলসির ঘর্ষণে পাথর ক্ষয় হয়ে গেছে। সে ভাবল, বারবার চেষ্টায় পাথর ক্ষয় হয়, তাহলে আমার মস্তিষ্ক কেন তীক্ষ্ণ হবে না? সে ফিরে যায়, পরিশ্রম করে, এবং একদিন বড় আলেম হয়ে ওঠে।
🌟 শিক্ষণীয় বার্তা: বারবার চেষ্টা করলে কঠিন জিনিসও সহজ হয়। হতাশ না হয়ে অধ্যবসায় ও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়।
❓ প্রশ্নোত্তর:
- ছেলেটি কেন মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছিল?
- সে কী দেখে নতুন অনুপ্রেরণা পেল?
- এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি অধ্যবসায় সম্পর্কে?
বারবার চেষ্টায় পাথর ক্ষয় হয়,
মানুষও সফল হয় অধ্যবসায়ে।
কিওয়ার্ড: অধ্যবসায়ের গল্প, হতাশা কাটানো, শিশুদের অনুপ্রেরণামূলক গল্প
৫৫. 👨⚕️ বড় হয়ে কী হব? (ছোটদের ভবিষ্যৎ ভাবনা)
খোকন মায়ের কোলে বসে ছোট মুখে বড় বড় প্রশ্ন করছিল। বড় হলে আমি কী হব? কী করব?
তবে যা হব, ভালো হব। তার পরিমন্ডলে নানা মানুষের নানা কর্ম দেখে তার শিশু-মনেও শুরু হয়েছিল ভবিষ্যতের পরিকল্পনা।
খোকন: মা! আমি বড় হলে ডাক্তার হব, মানুষের সেবা করব এবং বিনা পয়সায় গরীবদের চিকিৎসা করব।
মা: আমার মনে হয়, তা তুমি পারবে না বাবা! কারণ, বড় হয়ে তোমার মনেও অর্থের লোভ আসবে। আর তখন মানুষের সেবার কথা ভুলে যাবে। গরীবদের অসহায়তার কথা বিস্মৃত হবে। অধিক অর্থোপার্জনের জন্য ওষুধে ভেজাল দেবে।
খোকন: তাহলে আমি মাস্টার হব এবং ভালো মানুষ তৈরী করার জন্য ছেলে পড়াব।
মা: তাও হয়তো তুমি পারবে না সোনা! কারণ, মাস্টার হওয়ার পর তুমি তোমার দায়িত্বের কথা ভুলে যাবে। মানুষ গড়ার কথা বিস্মৃত হয়ে নিজের বিলাসী জীবন গড়ায় ব্যস্ত হয়ে পড়বে।
খোকন: তাহলে আমি বড় ব্যবসায়ী হব। অনেক লাভ করে গরীবদেরকে অর্থদান করব।
মা: তাতেও তুমি অর্থলোলুপ অসাধু মানুষ হয়ে উঠবে। মানুষকে ঠকিয়ে, মিথ্যা বলে, পণ্যদ্রব্যে ভেজাল দিয়ে, অবৈধ জিনিসের ব্যবসা করে কেবল অর্থ-চিন্তায় ব্যাকুল থাকবে। আর দুঃখী-দরিদ্রদের কথা ভুলেই যাবে।
খোকন : তাহলে আমি সরকারী অফিসার হব এবং দেশ ও দশের সেবা করব।
মা : খুব ভাল কথা। কিন্তু আমার ধারণা, তাও তুমি পারবে না বাবা! কারণ, তখন তুমি দেশ ও দশের সেবা ভুলে নিজের দশা দোরস্ত করতে অর্থের দাসত্ব করবে। লোকের কাছে ঘুষ খাবে। কর্তব্যে ফাঁকি দেবে। নানা অজুহাতে অফিস কামাই করবে। আর আত্মসেবা করবে।
খোকন: তাহলে আমি পুলিশ হব। অন্যায়-অবিচার, অপরাধ ও দুর্নীতি দমন করব।
মা : তুমি পারবে বলে মনে হয় না। কারণ, পুলিশের ইউনিফর্ম গায়ে পরলে এবং কোমরে পিস্তল ঝুলালেই তোমার মাঝে অহংকার আসবে অনেক সময় অন্ধভাবে নির্দোষের প্রতি অত্যাচার চালাবে, ঘুষ খেয়ে অপরাধীকে বেকসুর খালাস করে দেবে।
খোকন : তাহলে আমি উকিল হয়ে ন্যায় বিচারে সহযোগিতা করব।
মা: তখন তুমি তা ভুলে যাবে। তোমার উকালতির পেশা কেবল টাকার নেশাতে পরিবর্তিত হবে। ন্যায়-অন্যায় না দেখে তুমি কেবল নিজের মক্কেলের মামলা জিতাতে চাইবে।
খোকন : তাহলে আমি বড় জননেতা হব। দেশ ও জাতির সেবা করব। দেশে-বিদেশে শান্তি প্রতিষ্ঠা করব।
মা: সে হওয়া তো আরো কঠিন বাবা! জননেতা হয়ে জনসেবা বাদ দিয়ে ধনসেবা করবে। নিজের পদ ও গদি টিকিয়ে রাখার জন্য কত শত জাল-জুচ্চোরি করবে, দুর্নীতি করবে, অত্যাচার করবে। অন্যায়ভাবে সাম দান-ভেদ-দণ্ডের রাজনীতি প্রয়োগ করবে। ক্ষমতার অহংকার তোমাকে অন্ধ করে ফেললে প্রতিদ্বন্দ্বীদের প্রতি অন্যায়াচরণ করবে।
খোকন: মা! তাহলে আমি হবটা কী? আমি কি কিছুই হতে পারব না?
মা: অবশ্যই পারবে। তবে অন্য কিছু হওয়ার আসে তোমাকে মুসলিম হতে হবে।
খোকন: কিন্তু আমরা তো মুসলিম!
মা : নামের মুসলিম নয় বাবা, কামের মুসলিম। মুসলিম যাকে বলে, সেই মুসলিম। বড় হয়ে যদি প্রকৃত মুসলিম হও, তাহলে তোমার সকল আশা পূর্ণ হবে। কারণ, মুসলিম হল প্রত্যেক ব্যক্তিত্বের আদর্শ।
খোকন : তাহলে আমি আগে তাই হব মা!
মা: হ্যাঁ বাবা! তাই হও। আল্লাহ তোমাকে তাওফীক দিন।
📖 সারাংশ: খোকন বড় হয়ে মানুষের সেবা করতে চায়—ডাক্তার, মাস্টার, ব্যবসায়ী, অফিসার, পুলিশ, উকিল, নেতা—সব কিছু হতে চায়। কিন্তু মা তাকে সতর্ক করে বলেন, বড় হলে লোভ, ক্ষমতা ও দুর্নীতি তাকে সৎ পথে থাকতে দেবে না। শেষে মা বলেন, “তুমি মুসলিম হও—নামের নয়, কর্মের মুসলিম।” খোকন সিদ্ধান্ত নেয়, সে আগে প্রকৃত মুসলিম হবে।
🌟 শিক্ষণীয় বার্তা: স্বপ্ন দেখতে ভালো, কিন্তু তা বাস্তবায়নের জন্য আদর্শ, সততা ও আত্মসংযম দরকার। মুসলিম মানে শুধু নাম নয়—আচরণ, নৈতিকতা ও সেবার মাধ্যমে প্রকৃত মুসলিম হওয়াই শ্রেষ্ঠ পরিচয়।
❓ প্রশ্নোত্তর:
- খোকন কী কী হতে চেয়েছিল?
- মা কেন বারবার বলছিলেন, “তুমি পারবে না”?
- শেষে মা খোকনকে কী পরামর্শ দিলেন?
- এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি মুসলিম পরিচয় সম্পর্কে?
নামের নয়, কামের মুসলিম হই,
আদর্শের পথে জীবন গড়ি।
কিওয়ার্ড: ভবিষ্যৎ ভাবনা, মুসলিম পরিচয়, শিশুদের নৈতিক শিক্ষা
৫৬. 🏆 সর্বাধিক সম্মানীয় কে? (উস্তাযের মর্যাদা।)
খলীফা হারুনুর রশীদের দুই পুত্র; আমীন এবং মামুন। দুজনই ইমাম কাসায়ী (রহ.) এর ছাত্র ছিল।
একবার তাদের উস্তায মজলিস থেকে উঠলেন। দেখেই দুই ভাই উস্তাদের জুতা সোজা করার জন্য উদ্যত হলো। দুজনের মধ্যে তর্ক হয়ে গেল, কে জুতা সোজা করবে বলে। শেষে দুজনে এই সিদ্ধান্তে একমত হলো যে, প্রত্যেকে একটি করে জুতা সোজা করে দেবে!
এই ঘটনা যখন হারুনুর রশীদের কানে গেল, তখন তিনি ইমাম কাসায়ী (রহ.) কে ডেকে পাঠালেন
উনি যখন এলেন, তখন খলীফা বললেন, মানুষের মধ্যে সর্বাধিক সম্মানীয় ব্যক্তি কে?
ইমাম কাসায়ী (রহ.) উত্তরে বললেন, আমার মতে আমীরুল মুমিনীন অপেক্ষা আর কে বেশী সম্মানীয় ব্যক্তি হতে পারে?
খলীফা বললেন, সম্মানীয় ব্যক্তি তো তিনিই, যিনি মজলিস থেকে উঠলে, খলীফার দুই পুত্র তাঁর জুতা সোজা করার জন্য পরষ্পরের মাঝে তর্ক করে, কে জুতা সোজা করে দেবে বলে।
ইমাম কাসায়ী (রহ.) ভেবেছিলেন, হয়তো খলীফা ঐ ঘটনায় অসন্তুষ্ট হয়েছেন। সেই জন্য তিনি নিজের দোষ-মুক্তির কথা বলেছিলেন।
কিন্তু খলীফা বললেন, শুনুন! আপনি যদি আমার পুত্রদ্বয়কে ঐ রকম আদব ও শ্রদ্ধা জ্ঞাপন করতে নিষেধ করতেন, তাহলে আমি আপনার প্রতি খুব বেশী অসন্তুষ্ট হতাম। আগামীতে এই শিক্ষা অব্যাহত রাখবেন, নইলে আপনি আমার অসন্তুষ্টি ও ক্ষোভের শিকার হবেন!
এমন অপ্রত্যাশিত শ্রদ্ধাবাক্যে ইমাম কাসায়ী (রহ.) মনে মনে আনন্দিত ও বিস্মিত হলেন। তিনি কিছু বলতে যাওয়ার আগেই খলীফা আরো বললেন,
“শুনুন! কোন ব্যক্তি বয়সে যতই বড় হোক, কিংবা বিদ্যা ও মর্যাদায় যতই বড় হোক, তিন জনের সম্মুখে তারা কেউ বড় হতে পারে না।’
এক: বিচারক, দুই: উস্তায! আর তিন: নিজের পিতা-মাতার সম্মুখে।
🌟 শিক্ষণীয় বার্তা: সত্যিকারের সম্মান আসে জ্ঞান, আদব ও চরিত্র থেকে। উস্তায, বিচারক ও পিতা-মাতার মর্যাদা সর্বোচ্চ।
❓ প্রশ্নোত্তর:
- আমীন ও মামুন কী নিয়ে তর্ক করছিল?
- খলীফা কেন ইমাম কাসায়ী (রহ.)-কে ডেকে পাঠালেন?
- খলীফা কোন তিনজনকে সর্বাধিক সম্মানীয় বললেন?
সম্মান আসে আদব ও জ্ঞানে,
উস্তায, বিচারক, পিতা-মাতার সম্মুখে মাথা নত হোক প্রাণে।
কিওয়ার্ড: উস্তাযের মর্যাদা, আদব শেখার গল্প, ইসলামিক শিশুতোষ গল্প
৫৭. 💰 সম্পদের মোহ (লোভের পরিণতি)
সম্পদের মোহ মানুষের জন্মগত স্বভাব। সম্পদের প্রতি মানুষের মোহ থাকা খুবই স্বাভাবিক। কেননা সুখ-স্বাচ্ছন্দ্যে জীবন যাপনের জন্য সম্পদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আবার সম্পদের অত্যধিক মোহ মানুষে জন্য চরম দুর্ভোগ ও অশান্তির কারণও বটে। সম্পদের মোহ মানুষকে ধ্বংশের চোরাগলিতে নিয়ে যায়। সম্পদ সংগ্রহে কখনো কখনো মানুষ অন্যায় পথে পা বাড়ায়। মানুষের সম্পদ প্রাপ্তির আকাংখার কোন সীমা-পরিসীমা নেই। সে যতই পায়, ততই চায়। ক্ষুধা নিবারণের পর অতি লোভনীয় খাবার গ্রহনেও মানুষের অনিচ্ছা প্রকাশ পেতে পারে। কিন্তু যদি কোন মানুষের সামনে অগণিত সম্পদ রেখে দিয়ে বলা হয়, এ থেকে তোমার প্রয়োজন মতো গ্রহণ কর। তাহলে দেখা যাবে, সে তখন তার বহন ক্ষমতার অতিরিক্ত সম্পদ আগলে নিয়ে বসে রয়েছে।
এক বাদশাহ অফুরন্ত সম্পদের মালিক। তিনি তার সে সম্পদ একটি ঘরে সংগোপনে সংরক্ষিত রেখেছেন। মাঝে মাঝে সে সম্পদ দেখার জন্য একাকি তিনি সেখানে যান। সম্পদ দেখে তার চোখ জুড়িয়ে যায়, মনও ভরে যায়। তিনি সব ঠিক ঠাক দেখে প্রশান্তি অনুভব করেন এবং মনে মনে বলেন, তিনি যদি একাধারে এ সম্পদ ব্যয় করেন তাহলে বিশ হাজার বছরেও ফুরাবে না। তিনি মনে মনে এও আশা করেন, এ সম্পদ তাকে বিশ হাজার বছর ধরে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে।
এক রাতে তিনি সম্পদ দেখে মনে প্রশান্তি লাভের উদ্দেশ্যে গোপন ঘরের তালা খুলে সেটি বাইরে রেখে দরজাটি ভিতর থেকে বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে পাইচারি করেছেন আনমনে। এমন সময় তার একমাত্র শাহযাদা কি প্রয়োজনে যেন সেখানে উপস্থিত হলো। সে তালাটিা বাইরে দেখে ভাবল, তার বাবা হয়তো তালাটি খুলে লাগাতে ভুলে গেছেন। তখন সে দরজায় তালা লাগিয়ে দিল। কিছুক্ষণ পর বাদশাহ বাইরে আসার জন্য দরজার কাছে এলেন। কিন্তু তিনি আর বের হতে পারলেন না। ঘরটি এমন গোপনীয় ও সুরক্ষিত যে, ভিতর থেকে শত ডাকাডাকি করলেও কোন শব্দ বাইরে বের হয় না। তিনি বুঝতে পারলেন, এ ঘরেই তার মৃত্যু অবশ্যম্ভাবী। সম্পদ মানুষকে বাঁচায়, কিন্তু সরাসরি বাঁচায় না। ঘরে সম্পদের ছড়াছড়ি অথচ একটু খাদ্য নেই। অনাহারে তাকে মরতে হল ।
এদিকে রাজ বাড়ীতে বাদশাহকে না পেয়ে স্ত্রী-পুত্র মনে করল, তিনি হয়ত কোথাও গিয়েছেন। তারা সম্ভাব্য স্থান সমূহে খোঁজাখুঁজি করল, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। রাজকার্য পরিচালনা করতে মন্ত্রীবর্গ শাহজাদাকে রাজ মুকুট পরিয়ে সসম্মানে সিংহাসনে বসালেন। রাজকার্য পরিচালনা করতে সম্পদের প্রয়োজন দেখা দিল। বাদশাহ নিখোঁজ হওয়ার পর বেশ কিছুদিন কেটে গিছে। ধন-ভাণ্ডারের তালা খোলার সাথে সাথে এক বীভৎস গন্ধে চারদিক ভরে গেল। দেখা গেল, বাদশাহ-ই স্বয়ং মরে পচে রয়েছেন। ধুলা ধূসরিত তার নিথর-নিস্তব্ধ-অসাড় দেহ।
শিক্ষা: অধিক সম্পদের নেশা মানুষকে বিবেক-বোধহীন পশুতে পরিণত করে। ফলে সে হালাল-হারাম বিবেচনা না করে শুধু দু’হাতে সম্পদ উপার্জন করতে থাকে। অথচ সে চিন্তা করে না যে, মৃত্যু বরণের সাথে সাথে সেই সম্পদ একটি মুহূর্তের জন্যও তার কোন কাজে আসবে না।
🌟 শিক্ষণীয় বার্তা: সম্পদের প্রয়োজন আছে, কিন্তু তার মোহ মানুষকে অন্ধ করে দেয়। মৃত্যু এসে গেলে সম্পদ কোনো কাজে আসে না। হালাল-হারামের বোধ না থাকলে সম্পদ মানুষকে পশুতে পরিণত করে।
❓ প্রশ্নোত্তর:
- বাদশাহ কেন গোপন ঘরে যেতেন?
- তিনি কীভাবে বন্দি হয়ে গেলেন?
- এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সম্পদের মোহ সম্পর্কে?
সম্পদ বাঁচায় না, মোহে মানুষ হারায়,
হালাল-হারামের বোধেই শান্তি ও পরিণাম।
কিওয়ার্ড: সম্পদের মোহ, লোভের পরিণতি, ছোটদের শিক্ষামূলক গল্প
৫৮. 🌸 দুঃখ ছাড়া কি সুখ লাভ হয়? (ত্যাগ ও কষ্ট)
কাজলা দীঘির পানিতে পদ্মফুল ফুটে থাকতে দেখে নাবীল তার বন্ধু অসীমকে বলল, “ঐ সুন্দর ফুলটি আমি পেতে চাই।”
নাবীল বলল, “নেমে পড় পানিতে। আর মনে রেখো, পদ্ম কাঁটা আছে।”
অসীম বলল, “থাক তাহলে দরকার নেই।”
নাবীল বলল, “কিছু পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়।”
“কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?”
কিওয়ার্ড: ত্যাগের শিক্ষা, পদ্মফুলের গল্প, শিশুদের নৈতিক গল্প
৫৯. 🐘 অন্ধের হাতি দেখা (অন্ধানুকরণ)
তিন জন অন্ধের ইচ্ছা হল হাতি দেখার। একদিন তারা কারো সাহায্যে হাতির কাছে গেল। একজনকে হাতির পা, দ্বিতীয়জনকে কান, তৃতীয়জনকে শুঁড় ধরিয়ে দিয়ে বলা হল, “এটাই হল হাতি।”
প্রথমজন ভাবল, হাতি থামের মতো!
দ্বিতীয়জন ভাবল, হাতি কুলোর মতো!
তৃতীয়জন ভাবল, হাতি পাইপের মতো!
বলা বাহুল্য, অন্ধের হাতি দেখার মতো বহু মানুষ অপরের অন্ধানুকরণ করে অমূলক বিশ্বাস ও ধারণা পোষণ করে থাকে।
🌟 শিক্ষণীয় বার্তা: সীমিত জ্ঞান দিয়ে সম্পূর্ণ সত্য বোঝা যায় না। না বুঝে অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক।
❓ প্রশ্নোত্তর:
- তিনজন অন্ধ কী দেখতে চেয়েছিল?
- তারা হাতিকে কীভাবে ভিন্নভাবে বুঝেছিল?
- এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি দৃষ্টিভঙ্গি ও অন্ধানুকরণ সম্পর্কে?
অল্প দেখে পুরো বোঝা যায় না,
সত্য জানতে চাই পূর্ণ দৃষ্টিপাত ও চিন্তা।
কিওয়ার্ড: অন্ধানুকরণ, দৃষ্টিভঙ্গির শিক্ষা, ছোটদের শিক্ষামূলক গল্প
৬০. 📚 ইমাম মাওয়ার্দী (রহঃ) এর গোপন আমল (গোপন আমলের শিক্ষা)
ইরাকের বিখ্যাত মুসলিম পণ্ডিত ইমাম মাওয়ার্দী (রহঃ) তাফসীর, ফিক্বহ, সমাজ ও রাষ্ট্রনীতিসহ বহু বিষয়ে মূল্যবান গ্রন্থ রচনা করেন। কিন্তু জীবদ্দশায় তিনি সেসব প্রকাশ করেননি। মৃত্যুর সময় তিনি তাঁর বিশ্বস্ত অনুচরকে বলেন, “যদি আমার মৃত্যুযন্ত্রণার সময় আমি হাত টেনে নেই, বুঝবে আমার কিছুই কবুল হয়নি—তখন আমার সব লেখনী দজলা নদীতে ফেলে দিও। আর যদি আমি হাত প্রসারিত করি, বুঝবে আল্লাহ কবুল করেছেন।”
মৃত্যুকালে তিনি হাত প্রসারিত করেন। ফলে তাঁর অছিয়ত মোতাবেক তাঁর সকল লেখনী প্রকাশিত হয় এবং মুসলিম জ্ঞানভাণ্ডারে অমূল্য অবদান রাখে।
🌟 শিক্ষণীয় বার্তা: মানুষের প্রতিটি কাজই নিয়তের উপর নির্ভরশীল। পরিশুদ্ধ নিয়ত থাকলে আল্লাহর কাছে তা কবুল হয়। আত্মপ্রচার নয়, ইখলাসই হোক মূল লক্ষ্য।
❓ প্রশ্নোত্তর:
- ইমাম মাওয়ার্দী (রহঃ) তাঁর লেখাগুলো কেন প্রকাশ করেননি?
- তিনি মৃত্যুর সময় তাঁর অনুচরকে কী নির্দেশ দেন?
- এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি ইখলাস ও আমল সম্পর্কে?
ইখলাসই আমলের প্রাণ,
আল্লাহর সন্তুষ্টিই সাফল্যের মান।
কিওয়ার্ড: ইখলাসের গল্প, গোপন আমল, ইসলামিক শিশুতোষ গল্প
📚 শিশুদের নৈতিক শিক্ষা গল্পের সিরিজের অন্যান্য পর্ব
প্রিয় পাঠক/পাঠিকা, এই দশটি ছোটদের শিক্ষামূলক গল্প যেন একটি নৈতিক যাত্রার দশটি ধাপ। প্রতিটি গল্পে আছে চিন্তার খোরাক, হৃদয়ের দোলা, এবং জীবনের গভীর শিক্ষা। আমরা চাই, এই গল্পগুলো শুধু পড়া না হোক—বরং শিশুদের সঙ্গে আলোচনা হোক, তাদের ভাবনায় জায়গা পাক, এবং তাদের আচরণে প্রতিফলিত হোক। আল্লাহ যেন আমাদের সন্তানদের সত্য, সুন্দর ও সৎ পথে পরিচালিত করেন—এই কামনায় গল্পগুলো আমার বাংলা পোস্ট.কমে তুলে ধরলাম। ইসলামের বার্তা হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে দিতে এটি শেয়ার করতে ভুলবেন না।
🧒 শিশুতোষ গল্পে আপনার অংশগ্রহণ জরুরি!
এই গল্পগুলো শুধু পড়ার জন্য নয়—শিশুদের সঙ্গে আলোচনা করার জন্য। আপনার সন্তান, শিক্ষার্থী বা ছোট ভাই-বোনের সঙ্গে গল্পগুলো নিয়ে কথা বলুন। তাদের ভাবনা শুনুন, প্রশ্ন করুন, এবং নৈতিক শিক্ষা গঠনে ভূমিকা রাখুন।
আপনার প্রিয় গল্পটি কোনটি? কোন গল্পটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? নিচে মন্তব্য করে জানাতে ভুলবেন না!