শিশুদের জন্য ইসলামিক নৈতিক শিক্ষা গল্প – পর্ব ৪

শিশুদের জন্য ইসলামিক নৈতিক শিক্ষা গল্পের চতুর্থ পর্বে রয়েছে ৩১–৪০ নম্বর হৃদয়ছোঁয়া গল্প। প্রতিটি গল্পে রয়েছে জীবনের গভীর বার্তা, সহজ ব্যাখ্যা, এবং শিশুদের জন্য উপযোগী প্রশ্নোত্তর। এই গল্পগুলো আপনার শিশুকে পড়ে শোনান, তারপর তাঁকে প্রশ্ন করুন—সে কী বুঝেছে, কীভাবে সে উত্তর দেয়। আপনার সন্তানের বুদ্ধিদীপ্ত উত্তর আমাদের জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আসুন, গল্পের আলোয় শিশুর হৃদয়ে ঈমান, নৈতিকতা ও চিন্তার গভীরতা গড়ে তুলি।

📚 সূচিপত্র: শিশুদের ইসলামিক নৈতিক গল্প – পর্ব ৪

  • ৩১. হিংসার জ্বালা
  • ৩২. পাত পড়ে, কলি হাসে
  • ৩৩. বিষয়-বিতৃষ্ণা
  • ৩৪. সব কাজে আন্তরিকতা
  • ৩৫. নেতিবাচক মন্তব্য
  • ৩৬. নেতিবাচক বুঝ
  • ৩৭. বিজ্ঞ কাঠুরে
  • ৩৮. বংশের গৌরব
  • ৩৯. ভগবান তরাও, হাত-পা তো নড়াও
  • ৪০. পর-ভরসা

৩১. 😡 হিংসার জ্বালা

এক ব্যক্তি প্রতিবেশীর একজনের ভাল ছেলেকে হিংসার জ্বালায় সহা করতে পারত না। সে শুনল, সে ছেলে পড়াশোনায় খুব ভাল। সুতরাং সে জ্বলে উঠে বলল, ও পাশ করতে পারবে না।

: কেউ বলল, ‘পাশ কী? খুব ভাল নম্বর ওর।

: হিংসুক বলল, ভাল নম্বর হলে কী হবে? ফার্স্ট হতে পারবে না।

: লোকটি বলল, ও তো পরীক্ষায় ফার্স্টও হয়েছে।

: হিংসুক বলল, ফার্স্ট হলে কী হবে? চাকরী পাবে না।

: লোকটি বলল, ‘চাকরীও পেয়েছে।’

: হিংসুক বলল, চাকরী পেলে কী হবে? বেতন পাবে না।

: লোকটি বলল, বেতনও পেয়েছে।

: হিংসুক বলল, বেতন পেলে কী হবে? বেতনে বরকত থাকবে না।

তার মানে, দেখতে নারী চলন বাঁকা, হিংসে কথা গরল-মাখা।

📖 সারাংশ: এক ব্যক্তি তার প্রতিবেশীর মেধাবী ছেলেকে সহ্য করতে পারত না। ছেলেটি ভালো রেজাল্ট, চাকরি, বেতন—সব অর্জন করলেও হিংসুক ব্যক্তি বারবার বলত, “তাতে কী?” তার মন কখনো শান্ত হয়নি।

🌟 শিক্ষণীয় বার্তা: হিংসা মানুষকে অন্ধ করে দেয়। অন্যের সাফল্যকে স্বীকার না করে, সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়। সত্য ও পরিশ্রমের জয় হয়, হিংসার নয়।

❓ প্রশ্নোত্তর:

  • হিংসুক ব্যক্তি ছেলেটির কোন কোন অর্জনকে অস্বীকার করেছিল?
  • এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি?

দেখতে নারী চলন বাঁকা,
হিংসে কথা গরল-মাখা।

💬 উত্তর লিখো

🍂 ৩২. পাত পড়ে, কলি হাসে

এক জাঁদরেল বউ তার বৃদ্ধা শাশুড়ীকে মালসায় খেতে দিত। ব্যাপারটা কলেজ-পড়ুয়া নাতীকে ভালো লাগতো না। একদিন মালসাটা বুড়ির হাত থেকে পড়ে ভেঙ্গে গেলে বউ তাকে খুব গালাগালি করতে লাগল। নাতী কলেজ থেকে বাড়ি এসে দেখল, ব্যাপার তুঙ্গে। সেও গালাগালি শুরু করল দাদীকে। বলল, বুড়িও শয়তান আছে। ও ওটা ভাঙ্গল কেন? গোটা রাখলে ঐটাতেই আমার স্ত্রী তার শাশুড়ীকে ভাত দিতো।

📖 সারাংশ: এক বউ তার বৃদ্ধ শাশুড়িকে মালসায় খেতে দিত। একদিন মালসা ভেঙে গেলে সে গালাগালি শুরু করে। কলেজপড়ুয়া নাতীও দাদীকে গালাগালি করে বলে, “গোটা রাখলে ঐটাতেই আমার স্ত্রী তার শাশুড়ীকে ভাত দিতো।”

🌟 শিক্ষণীয় বার্তা: আমরা যেমন আচরণ করি, ভবিষ্যতে তেমনই প্রতিফলন পাই। শিশুদের সামনে বয়স্কদের প্রতি সম্মান দেখানো জরুরি, কারণ তারাই ভবিষ্যতের আচরণ শিখে নেয়।

❓ প্রশ্নোত্তর:

  • নাতী কেন বলল, “গোটা রাখলে আমার স্ত্রীও…”?
  • এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি পারিবারিক আচরণ সম্পর্কে?

যেমন বপন, তেমন ফল,
সম্মান দিলে সম্মান মেলে।

💬 উত্তর লিখো

৩৩. 💰 বিষয়-বিতৃষ্ণা

সুলতান মাহমুদের ওস্তায আল্লাহর অলী ছিলেন। একবার তিনি তাঁর দারিদ্রের কথা স্মরণ করে কয়েকটি স্বর্ণমুদ্রা নিয়ে তাঁকে দেখা করতে গেলেন। হাদিয়া দেখে তিনি সুলতানকে বললেন, বাবা! তুমি যখন আমার ঘরে এসেছ, তখন আমার কিছু খাবার খেয়ে যাও; ঐ দেখ খাবার ঢাকা আছে খেয়ে নাও।

ঢাকনা খুলে বাদশা দেখলেন, দুটি শুকনো রুটি। তার কিছু খেতেই তাঁর গলায় আটকে গেল। ওস্তাদ মাটির কলসি থেকে পানি খেতে বললেন, আমার ঘরের খাবার যেমন তোমার গলায় আটকে যাচ্ছে, তেমনি তোমার ঘরের খাবার আমার গলাতেও আটকে যাবে বাবা! দয়া করে তুমি ওগুলো ফিরে নিয়ে যাও।

📖 সারাংশ: সুলতান মাহমুদ তাঁর দরিদ্র ওস্তাদকে স্বর্ণমুদ্রা উপহার দিতে যান। ওস্তাদ তাঁকে খাবার খেতে বলেন—দুটি শুকনো রুটি। বাদশার গলায় রুটি আটকে গেলে ওস্তাদ বলেন, “আমার ঘরের খাবার যেমন তোমার গলায় আটকে যাচ্ছে, তেমনি তোমার ঘরের খাবার আমার গলাতেও আটকে যাবে।”

🌟 শিক্ষণীয় বার্তা: দুনিয়ার সম্পদ সব মানুষের জন্য নয়। যারা আল্লাহর জন্য দুনিয়াবিমুখ, তাদের আত্মা দুনিয়ার মোহে বাঁধা পড়ে না। আত্মসম্মান ও আধ্যাত্মিকতা সম্পদের চেয়ে বড়।

❓ প্রশ্নোত্তর:

  • ওস্তাদ কেন স্বর্ণমুদ্রা গ্রহণ করতে রাজি হননি?
  • রুটি গলায় আটকে যাওয়ার ঘটনা কী বোঝায়?

যার হৃদয় আল্লাহর দিকে,
তার চোখে দুনিয়া ক্ষুদ্রতর।

💬 উত্তর লিখো

🛠️ ৩৪. সব কাজে আন্তরিকতা

আমেরিকার এক ছুতোর কাঠের ঘর বানানোর এক কোম্পানিতে চাকরি করত। কাজে বহু পুরাতন ও কারিগরিতে বড় সুদক্ষ ছিল সে। মাসিক বেতনে খুব সুন্দর কাজ করত। এক সময় সে কাজ থেকে অবসর চাইল মালিকের কাছে, বোনাসও চাইল। মালিক বলল, সবশেষে একটি ঘর বানিয়ে তোমাকে অবসর দেব। মন না চাইলেও ছুতোর তা বানাতে বাধ্য হল। সুতরাং সে ঘরটি তেমন সুন্দর হল না। মালিক বলল, এবার তুমি অবসর নিতে পার। আর এই ঘর তোমার বোনাস। ছুতোরের বড় আফসোস হল, আগে জানলে ঘরটাকে সে আরো সুন্দর বরং সবচেয়ে সুন্দর করে বানাতো।

বলা বাহুল্য, ইখলাস ও ইহসান সবার ক্ষেত্রে সমান থাকলে নিজেকে ঠকতে হয় না।

📖 সারাংশ: এক দক্ষ ছুতোর অবসর নেওয়ার আগে শেষবারের মতো একটি ঘর বানাতে বলা হয়। সে মনোযোগ না দিয়ে ঘরটি বানায়। পরে মালিক জানায়, এই ঘরই তার বোনাস! ছুতোর আফসোস করে—জানলে আরও সুন্দর করে বানাতো।

🌟 শিক্ষণীয় বার্তা: প্রতিটি কাজেই আন্তরিকতা ও পরিশ্রম থাকা উচিত। কখন কোন কাজ আমাদের জীবনের পুরস্কার হয়ে দাঁড়াবে, তা আমরা জানি না। ইখলাস ও ইহসানই সফলতার চাবিকাঠি।

❓ প্রশ্নোত্তর:

  • ছুতোর কেন আফসোস করেছিল?
  • এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি কাজের মানসিকতা সম্পর্কে?

কাজের মাঝে যদি থাকে মন,
পুরস্কার আসে অজানায় গোপনে।

💬 উত্তর লিখো

৩৫. 🐾 নেতিবাচক মন্তব্য

এক শিকারীর কুকুর পানির উপর হাঁটতে জানত। তাকে নিয়ে তার গর্বও ছিল। এক বন্ধুকে দেখাবার জন্য সে হাঁস শিকার করে তার সামনে কুকুর পাঠিয়ে পানি থেকে তা উদ্ধার করল। শিকারী এ কৃতিত্ব প্রদর্শন করে নিজ বন্ধুর কাছ থেকে প্রশংসার আশা করেছিল। কিন্তু বন্ধু ছিল ঈর্ষাপরায়ণ নেতিবাচক মনের। বন্ধু কিছুই বলল না।

পরিশেষে শিকারী নিজেই বলল, কুকুরটির মধ্যে কোন অসাধারণত্ব লক্ষ্য করেছ কি? বন্ধু উত্তরে বলল, হ্যাঁ, তোমার কুকুরটি সাঁতার জানে না!

📖 সারাংশ: এক শিকারীর কুকুর পানির উপর হাঁটতে পারত। সে বন্ধুকে দেখাতে চাইল কুকুরের কৃতিত্ব। কিন্তু ঈর্ষাপরায়ণ বন্ধু কিছুই বলল না। শেষে শিকারী নিজেই জিজ্ঞাসা করলে, বন্ধু বলল, “তোমার কুকুরটি সাঁতার জানে না!”

🌟 শিক্ষণীয় বার্তা: নেতিবাচক মনোভাব মানুষকে অন্ধ করে দেয়। অন্যের ভালো কাজকে স্বীকার করতে না পারলে নিজের মন ছোট হয়ে যায়। প্রশংসা করতে শেখা একটি বড় গুণ।

❓ প্রশ্নোত্তর:

  • বন্ধুটি কুকুরের অসাধারণত্ব কীভাবে অস্বীকার করল?
  • এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি প্রশংসা ও মনোভাব সম্পর্কে?

যার চোখে শুধু দোষের খোঁজ,
তার হৃদয় হয় প্রশংসাহীন রুক্ষ।

💬 উত্তর লিখো

৩৬. 🧠 নেতিবাচক বুঝ

মদ স্বাস্থ্যের পক্ষে বড় ক্ষতিকর জিনিস, সে কথা বুঝাবার জন্য এক ডাক্তার পরীক্ষার মাধ্যমে চাক্ষুষ প্রমাণ করছিলেন। দুটি কাঁচের পাত্রে একটিতে পানি ও অপরটিতে মদ রেখে একটি কেঁচো নিয়ে প্রথমে পানিতে ছেড়ে দিলেন। কেঁচোটি বেশ নড়ে চড়ে বেড়াতে লাগল । অতঃপর তা তুলে নিয়ে মদের পাত্রে রাখলে তা টুকরো টুকরো হয়ে মদের সাথে মিশে গেল। ডাক্তার উপস্থিত দর্শকদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা বলতে পারেন, এই পরীক্ষা দ্বারা কী প্রমাণ হল? পিছন থেকে একজন সুরাসক্ত ব্যক্তি বলে উঠল, মদ খেলে পেটে কেঁচো থাকে না।

📖 সারাংশ: এক ডাক্তার মদের ক্ষতি বোঝাতে কেঁচো দিয়ে পরীক্ষা করেন। পানি দিলে কেঁচো বেঁচে থাকে, মদে দিলে গলে যায়। দর্শকদের কাছে তিনি প্রশ্ন করেন, কী বোঝা গেল? এক সুরাসক্ত ব্যক্তি বলে, “মদ খেলে পেটে কেঁচো থাকে না!”

🌟 শিক্ষণীয় বার্তা: নেতিবাচক মনোভাব মানুষকে সত্য উপলব্ধি করতে বাধা দেয়। সঠিক শিক্ষা গ্রহণের জন্য খোলা মন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি।

❓ প্রশ্নোত্তর:

  • ডাক্তার কী বোঝাতে চেয়েছিলেন তাঁর পরীক্ষার মাধ্যমে?
  • সুরাসক্ত ব্যক্তি কীভাবে ভুল ব্যাখ্যা করল?

শিক্ষা যদি না হয় গ্রহণ,
জ্ঞানও হয় অপচয় তখন।

💬 উত্তর লিখো

৩৭. 🌲 বিজ্ঞ কাঠুরে

বকর বিন আব্দুল্লাহ মুযানী নিজ যামানার একজন ফকীহ এবং প্রথম শ্রেণীর তাবেঈ ছিলেন। তিনি এক সময় কোথাও যাওয়ার পথে তাঁর সামনে এক কাঠুরে আলহামদু লিল্লাহ, আসতাগফিরুল্লাহ বলতে বলতে পথ চলছিল। তিনি তাকে বললেন, তুমি কি এ ছাড়া অন্য কিছু জানো না? কাঠুরে বলল, অবশ্যই জানি। আমি কুরআনের হাফেয এবং জানিও অনেক কিছু (দু’আ-দরুদ)। কিন্তু মানুষ সর্বদা পাপ ও নিয়ামতে পরিলুপ্ত থাকে। তাই আমি পাপ থেকে সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর দেওয়া নিয়ামতের জন্য প্রশংসা করি। এ কথা শুনে মুযানী বললেন, বকর হল অজ্ঞ, আর কাঠুরে হল বিজ্ঞ।

📖 সারাংশ: বকর বিন আব্দুল্লাহ মুযানী এক কাঠুরেকে আলহামদু লিল্লাহ, আসতাগফিরুল্লাহ বলতে শুনে জিজ্ঞাসা করেন, “তুমি কি এ ছাড়া কিছু জানো না?” কাঠুরে বলেন, “আমি কুরআনের হাফেয, অনেক কিছু জানি। কিন্তু মানুষ সবসময় পাপ ও নিয়ামতে ডুবে থাকে, তাই আমি আল্লাহর প্রশংসা ও ক্ষমা চাই।” মুযানী বলেন, “বকর হল অজ্ঞ, আর কাঠুরে হল বিজ্ঞ।”

🌟 শিক্ষণীয় বার্তা: আল্লাহর স্মরণ ও কৃতজ্ঞতা জীবনের প্রতিটি মুহূর্তে জরুরি। জ্ঞান শুধু মুখস্থ নয়, হৃদয়ের উপলব্ধি ও আমলই প্রকৃত বিজ্ঞতা।

❓ প্রশ্নোত্তর:

  • কাঠুরে কেন বারবার আলহামদু লিল্লাহ ও আসতাগফিরুল্লাহ বলছিল?
  • মুযানী কী শিক্ষা পেলেন কাঠুরের আচরণ থেকে?

মুখে জ্ঞান নয়, অন্তরে আলো,
আল্লাহর স্মরণেই থাকে সত্যের পালো।

💬 উত্তর লিখো

৩৮. 🧬 বংশের গৌরব

যায়েদ বিন আলী হিশাম বিন আব্দুল মালেকের নিকট পৌঁছে বললেন, শুনলাম, আপনি মনে মনে খলীফা হওয়ার কথা কল্পনা করছেন। কিন্তু আপনি তার উপযুক্ত নন। কারণ, আপনি তো বাঁদীর ছেলে। হিশাম বললেন, কিন্তু আপনার কথা, আমি মনে মনে খেলাফতের আশা পোষণ করছি, অথচ গায়বের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না।

দ্বিতীয়ত: আমি বাদীর ছেলে। কিন্তু হযরত ইসমাঈল তো বাঁদীর ছেলে ছিলেন, যার বংশ থেকে মানব শ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মাদের জন্ম। আর ইসহাক স্বাধীনার পুত্র কিন্তু তাঁর বংশে এমন জাতির জন্ম হয়, যাদেরকে আল্লাহ বানর ও শুকরে পরিণত করে দেন।

📖 সারাংশ: যায়েদ বিন আলী হিশামকে বলেন, “আপনি খলীফা হওয়ার উপযুক্ত নন, কারণ আপনি বাঁদীর ছেলে।” হিশাম জবাব দেন, “হযরত ইসমাঈলও বাঁদীর ছেলে ছিলেন, কিন্তু তাঁর বংশে জন্ম নিয়েছেন মহানবী মুহাম্মদ (সা.) । পক্ষান্তরে ইসহাক ছিলেন স্বাধীন নারীর পুত্র, কিন্তু তাঁর বংশে এমন জাতি জন্মেছে যাদের আল্লাহ বানর ও শুকরে রূপান্তর করেছেন।”

🌟 শিক্ষণীয় বার্তা: মানুষের মর্যাদা তার বংশে নয়, বরং তার চরিত্র, ঈমান ও আল্লাহর রহমতে। বাহ্যিক পরিচয় নয়, অন্তরের পরিচয়ই আসল।

❓ প্রশ্নোত্তর:

  • হিশাম কী যুক্তি দিয়ে নিজের মর্যাদা ব্যাখ্যা করেছিলেন?
  • এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি বংশ ও আত্মমর্যাদা সম্পর্কে?

বংশ নয়, বরং আমল,
আল্লাহর কাছে সেটাই মূল।

💬 উত্তর লিখো

৩৯. 🚁 ভগবান তরাও, হাত-পা তো নড়াও

একবার বন্যা এলে এক লোক নিজ বাড়ি ছেড়ে কোন নিরাপদ জায়গায় আশ্রয় নিল না। অনেকের বলা সত্ত্বেও সে বলল, আমি ভগবানকে বিশ্বাস করি, তিনি আমাকে ধ্বংস করবেন না।

অবশেষে পানি তাকে ঘিরে ফেলল, হেলিকপ্টার পাঠানো হল। তবুও সে বলল, ভগবান আমাকে রক্ষা করবেন।

পরবর্তীতে বন্যা বৃদ্ধি পেলে নৌকা নিয়ে ত্রাণকর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করল। কিন্তু সে ঐ একই কথা বলল। পরিশেষে সে বন্যায় ভেসে গেল এবং প্রাণ হারাল। মরণের পর সে ভগবানকে বলল, তোমার কথা, ডাকলে তুমি সাড়া দাও, প্রার্থনা করলে মঞ্জুর কর। আমি তোমার কাছে কত প্রার্থনা করলাম, তাও আমাকে মরতে হল কেন?

ভগবান বললেন, তোমার কাছে হেলিকপ্টার ও নৌকা পাঠিয়েছিল কে?

📖 সারাংশ: এক ব্যক্তি বন্যার সময় নিরাপদ আশ্রয় নেয়নি। হেলিকপ্টার ও নৌকা পাঠানো হলেও সে বলল, “ভগবান আমাকে রক্ষা করবেন।” শেষে সে মারা যায়। মৃত্যুর পর সে প্রশ্ন করে, “আমি তো প্রার্থনা করেছিলাম!” ভগবান বলেন, “তোমার কাছে হেলিকপ্টার ও নৌকা পাঠিয়েছিল কে?”

🌟 শিক্ষণীয় বার্তা: আল্লাহর সাহায্য অনেক সময় আমাদের চারপাশেই থাকে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। শুধু প্রার্থনা নয়, নিজের দায়িত্বও পালন করতে হয়।

❓ প্রশ্নোত্তর:

  • লোকটি কেন আল্লাহর সাহায্য বুঝতে পারেনি?
  • এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি দায়িত্ব ও দোয়া সম্পর্কে?

দোয়ার সাথে চাই কাজের হাত,
আল্লাহ সাহায্য করেন চুপিসারে, নীরবে।

💬 উত্তর লিখো

৪০. 🤲 পর-ভরসা

একটি কিশোর বড় বিনম্র সহকারে মসজিদে নামায পড়ছিল। একজন ধনী মানুষ তা দেখে সে নামায শেষ করলে তাকে জিজ্ঞাসা করল, তুমি কার ছেলে?

: কিশোর বলল, আমার মা-বাপ কেউ নেই। আমি ইয়াতীম।

: ধনী বলল, তুমি কি আমার ছেলে হতে চাও?

: সে বলল, আমাকে খিদে লাগলে আপনি কি আমাকে খেতে দেবেন? ধনী বলল, হ্যাঁ।

: সে বলল, আমার কাপড়ের দরকার হলে আপনি কি আমাকে পরতে দেবেন?

: ধনী বলল, হ্যাঁ।

: সে বলল, আমি মারা গেলে আপনি কি আমাকে জীবিত করে দেবেন?

: ধনী বলল, তা তো মানুষের পক্ষে সম্ভব নয় বাবা!

:সে বলল, তাহলে আমাকে ছেড়ে দিন। আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনিই আমাকে খেতে-পরতে দেবেন এবং তিনিই আমাকে মেরে আবার জীবিত করবেন।

:ধনী লোকটি বলল, ঠিকই বলেছ বাবা! আল্লাহর উপর যে ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট হন।

📖 সারাংশ: এক ইয়াতীম কিশোর মসজিদে নামায পড়ছিল। ধনী ব্যক্তি তাকে দত্তক নিতে চাইলে কিশোর প্রশ্ন করে, “আপনি কি আমাকে খাওয়াবেন, পরাবেন, আর মারা গেলে জীবিত করবেন?” ধনী বলেন, “না।” কিশোর জবাব দেয়, “তাহলে আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনিই যথেষ্ট।” ধনী ব্যক্তি বলেন, “আল্লাহর উপর যে ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট হন।”

🌟 শিক্ষণীয় বার্তা: আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা ঈমানের মূল। মানুষ সীমিত, কিন্তু আল্লাহর করুণা ও শক্তি সীমাহীন। সত্যিকারের নিরাপত্তা আসে তাঁর উপর নির্ভর করেই।

❓ প্রশ্নোত্তর:

  • কিশোর কেন ধনী ব্যক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করল?
  • এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি আল্লাহর উপর ভরসা সম্পর্কে?

যার ভরসা আল্লাহর উপর,
তার পথ হয় আলোকময়, নির্ভরতার পূর্ণ।

💬 উত্তর লিখো

🤲 দোয়া

হে আল্লাহ! আমাদের সন্তানদের হৃদয়ে ঈমান, নৈতিকতা, এবং আপনার প্রতি ভালোবাসা গেঁথে দিন। তাদেরকে হিংসা, অহংকার, এবং নেতিবাচকতা থেকে রক্ষা করুন। প্রতিটি গল্প যেন তাদের জীবনে আলো হয়ে জ্বলে ওঠে—এই দোয়া করি আপনার দরবারে।

📖 শিশুদের ইসলামিক গল্পের সম্পূর্ণ সিরিজ

শিশুদের জন্য সাজানো ইসলামিক গল্পের সব পর্ব একসাথে পড়তে চাইলে নিচের বাটনে ক্লিক করুন।

📚 সব গল্প একসাথে পড়ুন

প্রিয় পাঠক পাঠিকা, আশা করি শিশুদের ইসলামিক নৈতিক গল্প গুলো পড়ে আপনার ভালো লেগেছে এবং হৃদয় ছুঁয়েছে। সবার হৃদয়ে ঈমানের আলো ছড়িয়ে দিতে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। 

Leave a Comment

Discover more from Amar Bangla Post

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading